ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রিজিকের বরকত ও গুনাহ মাফের জন্য ইস্তিগফারের গুরুত্ব


রিজিকের বরকত ও গুনাহ মাফের জন্য ইস্তিগফারের গুরুত্ব

মুমিনের জীবনে ইস্তিগফার ও তওবার গুরুত্ব অপরিসীম। আল্লাহর কাছে পাপের ক্ষমা প্রার্থনা করাকে ইস্তিগফার বলা হয়। অন্যদিকে, পাপ থেকে ফিরে এসে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করাকে তাওবা বলা হয়। একজন মুমিনের জীবনে এই দুটি আমল শুধুমাত্র পাপ মোচনের মাধ্যম নয়; বরং আত্মার প্রশান্তি, রিজিকের বরকত এবং আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম উপায়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সঙ্গে রয়েছেন।’ (সুরা : বাকারা, আয়াত : ১৯৪)

ইস্তিগফার নেককারদের নিয়মিত আমল

অনেকের ধারণা, ইস্তিগফার কেবল পাপী ও অপরাধীদের জন্য। তবে বাস্তবতা হলো, নবী-রাসুল, সাহাবি ও নেককার বান্দারাও নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। কারণ ইস্তিগফার কেবল পাপ মোচনের মাধ্যম নয়; এটি আল্লাহর প্রতি বান্দার মুখাপেক্ষিতা, বিনয় ও আনুগত্যের প্রকাশ। পবিত্র কোরআনে হজরত ইবরাহিম (আ.)-এর একটি দোয়া উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ‘হে আমাদের প্রতিপালক! যেদিন হিসাব অনুষ্ঠিত হবে, সেদিন আমাকে, আমার পিতা-মাতাকে এবং মুমিনদের ক্ষমা করে দিয়ো।’ (সুরা : ইবরাহিম, আয়াত : ৪১)

আরও পড়ুন: দোয়া কবুল হচ্ছে না, কীভাবে অব্যাহত রাখবেন?

রাসুলুল্লাহ (সা.) নিজেও প্রতিদিন বহুবার ইস্তিগফার করতেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর শপথ! আমি প্রতিদিন সত্তরবারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর কাছে তওবা করি।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৩০৭)

যিনি নিষ্পাপ হয়েও নিয়মিত ইস্তিগফার করতেন, তাঁর উম্মতের পাপী ও গুনাহগার মানুষের জন্য ইস্তিগফারের প্রয়োজন কত বেশি, তা সহজেই অনুমেয়।

ইস্তিগফার রিজিকে বরকত লাভের অন্যতম মাধ্যম

ইস্তিগফারের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলত হলো, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনে রহমত, বরকত ও কল্যাণের দ্বার খুলে দেন। জীবিকার সংকট, পারিবারিক অশান্তি ও নানা ধরনের বিপদ-আপদে আক্রান্ত মানুষকে কোরআন ইস্তিগফারের প্রতি উৎসাহিত করেছে। হজরত নুহ (আ.) তাঁর জাতিকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আমি বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টিধারা বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন ও নদী-নালা প্রবাহিত করবেন।’ (সুরা : নুহ, আয়াত : ১০-১২)

আরও পড়ুন: হজ-ওমরাহে গিয়ে গহনা কেনা ও পরা যাবে কিনা?

এই আয়াতগুলোতে ইস্তিগফারের মাধ্যমে বৃষ্টি, সম্পদ, সন্তান-সন্ততি ও জান্নাতের নিয়ামত লাভের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ইস্তিগফার বান্দার জন্য আল্লাহর রহমত ও কল্যাণ লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

ইস্তিগফার বিপদ ও শাস্তি থেকে নিরাপত্তার মাধ্যম

মানুষের পাপ ও অন্যায় অনেক সময় জীবনে বিপর্যয় ডেকে আনে। অন্যদিকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা বান্দাকে তাঁর রহমতের ছায়ায় নিয়ে আসে। ইস্তিগফার আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার এবং তাঁর ক্ষমা লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ‘আর আল্লাহ এমন নন যে, আপনি তাদের মধ্যে থাকা অবস্থায় তিনি তাদের শাস্তি দেবেন; আর তারা ক্ষমা প্রার্থনা করতে থাকলে আল্লাহ তাদের শাস্তি দেবেন না।’ (সুরা : আনফাল, আয়াত : ৩৩)

ইস্তিগফার নেকি বৃদ্ধি এবং পাপ মোচনেরও মাধ্যম

আরও পড়ুন: দান করলেই কি সওয়াব পাওয়া যায়? জানুন দানের গুরুত্ব ও সতর্কতা

ইস্তিগফার বান্দার আমলনামায় নেকি বৃদ্ধি এবং পাপ মোচনেরও মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ তৈরি করে দেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির ব্যবস্থা করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন, যা সে কল্পনাও করতে পারে না।’ (আবু দাউদ, হাদিস : ১৫১৮)

তাওবার দরজা সব সময় খোলা

মানুষ যত বড় পাপই করুক, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। জীবনে যত অন্যায়ই সংঘটিত হোক, আন্তরিকভাবে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ রয়েছে। শয়তান মানুষকে পাপের পর হতাশ করে দিতে চায়, যেন সে মনে করে তার আর ক্ষমা পাওয়ার কোনো উপায় নেই। অথচ আল্লাহ তাআলা নিজেই তাঁর বান্দাদের নিরাশ না হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘বলুন, হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু।’ (সুরা : জুমার, আয়াত : ৫৩)

আল্লাহ তাঁর অবাধ্য বান্দাদেরও নিজের বান্দা বলে সম্বোধন করেছেন এবং তাঁর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। তবে এ ক্ষমা লাভের জন্য আন্তরিক তাওবা করতে হবে, পাপ পরিত্যাগ করতে হবে এবং আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, ‘আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু পাবে।’ (সুরা : নিসা, আয়াত : ১১০)

আরও পড়ুন: পটুয়াখালীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রাস উৎসব

আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি ইস্তিগফার ও আন্তরিক তাওবা করার তাওফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লামেঙ্গো চ্যাম্পিয়ন, ব্রাজিলিয়ান লিগে টানা তৃতীয় শিরোপা জিতলো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


ফ্লামেঙ্গো চ্যাম্পিয়ন, ব্রাজিলিয়ান লিগে টানা তৃতীয় শিরোপা জিতলো

ব্রাজিলের ফুটবলে রিও ডি জেনিরোর ক্লাবগুলোর আধিপত্য যেন অব্যাহত রয়েছে। দেশটির ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর ব্রাজিলিয়ান লিগের শিরোপা টানা তৃতীয় বছরের জন্য রিও ডি জেনিরোতে ফিরে এসেছে।

২০২৪ সালে বোতাফোগোর পর ২০২৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্লামেঙ্গো। এবার ২০২৬ মৌসুমেও শিরোপা ধরে রেখে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ঐতিহ্যবাহী ক্লাবটি।

কাল রাতে পালমেইরাসের মাঠ নুব্যাংক পার্কে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা নিশ্চিত করে ফ্লামেঙ্গো। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের মধ্যে লড়াই ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

বল দখলের লড়াইয়ে পালমেইরাসের ভিতর রকি (বাঁয়ে) ও ফ্লামেঙ্গোর আলেক্স সান্দ্রো। ছবি: রয়টার্স

১২ মিনিটে জন আরিয়াসের গোলে এগিয়ে গিয়েছিল পালমেইরাস। তবে ৭৬ মিনিটে সমতা আনেন ফ্লামেঙ্গোর স্যামুয়েল লিনো। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ফ্লামেঙ্গো, যা তাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য যথেষ্ট ছিল।

এই শিরোপার মাধ্যমে ব্রাজিলিয়ান ফুটবলে নিজেদের শক্তিশালী অবস্থান আরেকবার প্রমাণ করেছে ফ্লামেঙ্গো। বিপুল সমর্থকগোষ্ঠী, সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের জন্য পরিচিত ক্লাবটি সাম্প্রতিক বছরগুলোতেও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে।

অন্যদিকে, ২০২৪ সালে বোতাফোগোর শিরোপা জয় এবং পরবর্তী দুই মৌসুমে ফ্লামেঙ্গোর সাফল্য রিও ডি জেনেইরোর ফুটবল ঐতিহ্যকে নতুন করে সামনে এনেছে। ফলে ব্রাজিলিয়ান লিগের টানা তিন মৌসুমের শিরোপা উৎসব একই শহরে চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ডেঙ্গুতে ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইলের মৃত্যু, মোট মৃতের সংখ্যা দুই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


চট্টগ্রামে ডেঙ্গুতে ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইলের মৃত্যু, মোট মৃতের সংখ্যা দুই

চট্টগ্রামের বোয়ালখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোহাম্মদ ইসমাইল (৪২) নামের একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর আন্দরকিল্লা এলাকায় পানের দোকান পরিচালনা করতেন। এ ঘটনায় উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট দুজনের মৃত্যু হলো।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।

মৃত ইসমাইল চরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওলি আহমদ টিকের বাড়ির মৃত আজম আলীর পুত্র। তিনি এক ছেলে ও এক মেয়ের পিতা ছিলেন।

পরিবারের সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন ইসমাইল। চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসা নিয়ে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন।

ইসমাইলের ভাইয়ের ছেলে মোহাম্মদ রবিউল হোসেন সুমন বলেন, ১৫ দিন আগে তার চাচার ডেঙ্গু শনাক্ত হয়েছিল। চিকিৎসার ফলে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। শনিবার হঠাৎ পেটব্যথা শুরু হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার সকাল সাড়ে ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুর হোসেন সওদাগরের বাড়ির আহমদ নবীর ছেলে কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসহায় বিধবা বৃদ্ধার পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


অসহায় বিধবা বৃদ্ধার পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

জীবনের শেষ প্রান্তে এসে নানা সংকট ও অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছেন অসহায় বৃদ্ধা মোছা: মাবিয়া বেগম। তার স্বামী প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চলাফেরা ও উপার্জনে অক্ষম হয়ে পড়েছেন। ফলে অভাব-অনটনের মধ্যে তাদের দিন কাটছে। এই কঠিন সময়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখা।

শনিবার (২১ নভেম্বর) শেরপুর সদরের পুর্বশেরী গ্রামের ওই বৃদ্ধা নারীর হাতে সংগঠনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়। প্রতিকূল পরিস্থিতিতে থাকা পরিবারটির কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যে এবং তাদের পাশে থাকার প্রত্যয় থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক ও আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে পরিবারটি। স্বামী প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় স্বাভাবিক চলাফেরা ও উপার্জন করতে পারেন না। এই পরিস্থিতিতে সংসারের প্রয়োজন মেটানো তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। বয়সের ভার ও পারিবারিক সংকটের এই সময়ে সামান্য সহায়তাও তাদের কাছে অনেক বড় পাওয়া।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখার উপদেষ্টা ও সাংবাদিক হাকিম বাবুল, সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম অন্তর, প্রচার সম্পাদক জিহাদ রানা, আপ্যায়নবিষয়ক সম্পাদক রাকিব আহমেদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় সংগঠনের উপদেষ্টা সাংবাদিক হাকিম বাবুল বলেন, ‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের বিপদের সময়ে তার পাশে দাঁড়াতে পারাই প্রকৃত মানবিকতা। প্রত্যেকের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা।’

বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখার সভাপতি মিনহাজ উদ্দিন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মানবিক কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।’

মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই মানবিকতার প্রকৃত পরিচয়। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ অসহায় পরিবারটির সংকট পুরোপুরি দূর করতে না পারলেও তাদের মনে কিছুটা স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা শুভ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা শুভ গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইন সংক্রান্ত মামলায় আওয়ামী যুবলীগের এক সদস্য, সামিউল আলিম ওরফে শুভ (২৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে, উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের দেওগাঁ গ্রামের হোরারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া সামিউল আলিম শুভ ওই গ্রামের মৃত নুরু মিয়ার পুত্র।

পুলিশের সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সামিউল আলিম শুভ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবাবগঞ্জ উপজেলা শাখার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল, যার ভিত্তিতে নবাবগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নবাবগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সামিউল আলিম ওরফে শুভকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%