০২:২০ পি.এম
পাবনা, ১৫ নভেম্বর ২০২৬ (বাসস) : পাবনা মানসিক হাসপাতালের দালাল চক্রের বিরুদ্ধে জেলা প্রশাসন ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) অভিযান পরিচালনা করেছে। আজ সকালে পাবনা মানসিক হাসপাতালের চত্বরে এই মোবাইল কোর্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অভিযানের ফলে দালাল চক্রের ৬ জন সদস্যকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা প্রশাসন ও এনএসআই সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশে এনএসআইয়ের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
অভিযানে ৫ জন দালালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. হাবিল মণ্ডল (৬৫), মো. বিপুল (৪২), জুয়েল হোসেন (৩২), সুজন আলী (৪২) এবং ওয়ারেস (৪০)। তাদের সকলের বাড়ি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকায়।
অন্যদিকে, চক্রের অপর সদস্য মো. হাফিজুর রহমান মাহফুজ (৪০) আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পাবনা সদর থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গোয়েন্দা সূত্র জানায়, পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য আসা অসহায় ও সাধারণ রোগীদের বিভিন্নভাবে জিম্মি করে অর্থ আদায় করছিল একটি দালাল চক্র।
এনএসআই, পাবনার একটি টিম বেশ কিছুদিন ধরে গোপন অনুসন্ধান চালিয়ে দালালদের অপতৎপরতা সম্পর্কে নিশ্চিত হয়।
আরও পড়ুন: রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ
পরে কর্তৃপক্ষের অনুমতিক্রমে জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত অভিযানে এনএসআই, পাবনা কার্যালয়ের ১ জন উপপরিচালক, ২ জন ফিল্ড অফিসারসহ মোট ১২ জন সদস্য এবং থানা পুলিশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন