০৫:৪৬ পি.এম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ির চাকার ওপর উল্টে পড়েছে একটি ধান ভর্তি ট্রাক। এ দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায়। নিহত কনস্টেবলের নাম মো. পারভেজ আহমেদ (৩৪), যিনি ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন এবং হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ার আলীর ছেলে। ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এটিএসআই জাকির হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টহল দল নিয়মিত টহলে বের হয়েছিল। এ সময় তাদের পুলিশের গাড়ির চাকায় হাওয়া কমে যায়, তাই তারা দ্বাড়িয়াকান্দির একটি টায়ার মেরামতের দোকানে গাড়িটি থামান। হাওয়া দেওয়ার সময় ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি ধান ভর্তি ট্রাক একটি সিএনজিচালিত রিকশাকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং পুলিশের গাড়ির ওপর উল্টে পড়ে।
আরও পড়ুন: নিয়ামতপুরে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে জরিমানা ডিএপি সার উদ্ধার
এ সময় অন্য পুলিশ সদস্যরা গাড়ি থেকে বের হতে পারলেও কনস্টেবল পারভেজ আহমেদ ট্রাকের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাড়ির চালক সাইফুল ইসলাম বলেন, হাওয়া দেওয়ার জন্য তারা সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন এবং হঠাৎ ট্রাকটি উল্টে পড়ে যায়।
ওসি সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে, কিন্তু চালক ও তার সহকারী পালিয়ে গেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, পারভেজ আহমেদ আনুমানিক সাড়ে ১৫ বছর আগে বাহিনীতে যোগদান করেছিলেন।
আরও পড়ুন: সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে জিয়ানগরে ৫ ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন