০১:৪৩ পি.এম
মানিকগঞ্জের সিএনজি স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গত দুই দিন ধরে চালকরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না। জেলার অধিকাংশ স্টেশন বন্ধ থাকায়, চালু থাকা স্টেশনগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি অটোরিকশা ও বাসচালকরা।
সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত গুডলাক সিএনজি স্টেশনে গিয়ে দেখা যায়, গ্যাস নেওয়ার জন্য শত শত যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। সকাল থেকে সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও চালকরা গ্যাস পাওয়ার বিষয়ে অনিশ্চয়তায় রয়েছেন।
মানিকগঞ্জ জেলায় প্রায় ১৪টি সিএনজি স্টেশন রয়েছে, যার অধিকাংশই গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে। ফলে চালু থাকা অল্প কয়েকটি স্টেশনে গ্যাস নিতে বিপুলসংখ্যক যানবাহনের চালক একসঙ্গে ভিড় করছেন।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
সিএনজি অটোরিকশাচালক শামীম হোসেন বলেন, “সকাল ৯টায় এসে সিরিয়াল ধরেছি। আমার আগে অনেক গাড়ি রয়েছে। এভাবে চললে দুপুরের দিকে গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। তাও চাহিদামতো গ্যাস পাব কি না, জানি না। অনেক সময় ৪০০ থেকে ৫০০ টাকার বেশি গ্যাস দেওয়া হয় না।”
চালকদের অভিযোগ, গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। পাশাপাশি যাত্রী পরিবহনেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন