ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পণ্য রপ্তানি আয় কমলেও বেড়েছে সেবা খাতের আয়


পণ্য রপ্তানি আয় কমলেও বেড়েছে সেবা খাতের আয়

দেশের পণ্য রপ্তানি আয় কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা মিলিয়ে বাংলাদেশের মোট রপ্তানি আয় ৫ হাজার ৪৪ কোটি ২৯ লাখ ডলারে পৌঁছেছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে এই আয় ছিল ৫ হাজার ৪৭ কোটি ৫৫ লাখ ডলার। এক বছরের ব্যবধানে মোট রপ্তানি আয় ৩ কোটি ২৬ লাখ ডলার বা ০.১ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

খাত-সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন, ‘দেশের রপ্তানি আয়ের বড় অংশ তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল হওয়ায়, এ খাতে সামান্য নেতিবাচক প্রবৃদ্ধিও সামগ্রিক রপ্তানি আয়ে প্রভাব ফেলছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, উৎপাদন ব্যয়, জ্বালানি ও পরিবহন ব্যয় এবং ক্রেতাদের চাহিদার পরিবর্তন রপ্তানি খাতের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, পাট, কৃষিপণ্য, ওষুধ ও সেবা খাতের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। নতুন বাজার অনুসন্ধান ও পণ্যের বহুমুখীকরণ ছাড়া রপ্তানি আয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জন করা কঠিন হবে।’

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পণ্য রপ্তানি আয় কমলেও সেবা খাতের রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। তবে সেবা খাতের প্রবৃদ্ধি পণ্য রপ্তানির নেতিবাচক পরিস্থিতি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪ হাজার ৩২০ কোটি ডলার। আগের অর্থবছরে এ আয় ছিল ৪ হাজার ৩৫৫ কোটি ৯৩ লাখ ডলার। ফলে পণ্য রপ্তানি আয় ৩৫ কোটি ৯৩ লাখ ডলার বা ০.৮ শতাংশ কমেছে।

আরও পড়ুন: দেশ-বিদেশে ব্যাংক কার্ডের ব্যবহার বেড়েছে

অন্যদিকে, সেবা রপ্তানি থেকে আয় হয়েছে ৭২৪ কোটি ২৯ লাখ ডলার, যা আগের অর্থবছরের ৬৯১ কোটি ৬২ লাখ ডলারের তুলনায় ৩২ কোটি ৬৭ লাখ ডলার বেশি। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪.৭ শতাংশ।

প্রতিবেদনে দেখা যায়, মোট রপ্তানি আয়ের ৮৫.৬৪ শতাংশ এসেছে পণ্য খাত থেকে। সেবা খাতের অবদান ১৪.৩৬ শতাংশ। আগের অর্থবছরে পণ্য খাতের অবদান ছিল ৮৬.৩০ শতাংশ এবং সেবা খাতের অবদান ছিল ১৩.৭০ শতাংশ। অর্থাৎ, মোট রপ্তানি আয়ে সেবা খাতের অংশ কিছুটা বেড়েছে।

তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। পণ্য রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় খাত তৈরি পোশাক। ২০২৫-২৬ অর্থবছরে এ খাত থেকে আয় হয়েছে ৩ হাজার ৬৫৬ কোটি ৩৩ লাখ ডলার। আগের অর্থবছরে আয় হয়েছিল ৩ হাজার ৭২১ কোটি ৮০ লাখ ডলার। ফলে তৈরি পোশাক রপ্তানি আয় ১.৮ শতাংশ কমেছে।

দেশের মোট পণ্য রপ্তানি আয়ের ৮৪.৬ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। এর মধ্যে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ২ হাজার ৯ কোটি ৩০ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২ শতাংশ কম। অন্যদিকে, ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৬৪৭ কোটি ৩ লাখ ডলার। এ খাতেও আয় কমেছে ১.৫ শতাংশ।

আরও পড়ুন: স্বপ্নের এমডি সাব্বির হাসান নাসির পেলেন সেরা সিইও সম্মাননা

তবে তৈরি পোশাকের বাইরে বেশ কয়েকটি পণ্যের রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১২৬ কোটি ৫৮ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৫.৭ শতাংশ বেশি। পাট ও পাটজাত পণ্য রপ্তানি আয় হয়েছে ৮৭ কোটি ৭৯ লাখ ডলার, বেড়েছে ৩.৯ শতাংশ।

এ ছাড়া মাছ, চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩৯ কোটি ৪ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১০.২ শতাংশ। কৃষিজাত ও উদ্ভিজ্জ পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩৩ কোটি ৭৫ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৩৮.১ শতাংশ বেশি। ওষুধ রপ্তানি আয় ২২ কোটি ৭৪ লাখ ডলারে পৌঁছেছে, বেড়েছে ৫.৪ শতাংশ।

অন্যদিকে, হোম টেক্সটাইল রপ্তানি আয় কমে ৪৫ কোটি ১৫ লাখ ডলারে দাঁড়িয়েছে। এ খাতে কমেছে ০.৫ শতাংশ। হস্তশিল্প রপ্তানি আয়ও ১৩.৪ শতাংশ কমে ৩ কোটি ৪১ লাখ ডলারে নেমেছে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের শীর্ষ রপ্তানি বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৮০৫ কোটি ২৪ লাখ ডলার। আগের অর্থবছরে এ আয় ছিল ৭৮০ কোটি ৩২ লাখ ডলার। এক বছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি আয় বেড়েছে ৩.২ শতাংশ। মোট পণ্য রপ্তানিতে দেশটির অংশ ১৮.৬ শতাংশ।

আরও পড়ুন: ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান পেলেন সি-স্যুট অ্যাওয়ার্ড

দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। দেশটিতে রপ্তানি আয় হয়েছে ৪৫৫ কোটি ৭৩ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১০.১ শতাংশ কম। তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে রপ্তানি আয় হয়েছে ৪৩৮ কোটি ৩০ লাখ ডলার। দেশটিতে প্রবৃদ্ধি হয়েছে ২.১ শতাংশ।

এ ছাড়া স্পেনে রপ্তানি আয় হয়েছে ৩৪৮ কোটি ৩৫ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় বেড়েছে। ফ্রান্সে ২১৬ কোটি ৫ লাখ, নেদারল্যান্ডসে ২১৩ কোটি ৯০ লাখ, পোল্যান্ডে ১৮৪ কোটি ৪৯ লাখ এবং ভারতে ১৬৮ কোটি ৫৯ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

সেবা রপ্তানিতে পরিবহন ও ভ্রমণ খাতের অবদান বৃদ্ধি পেয়েছে। পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি থাকলেও সেবা খাতে আয় বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে সেবা রপ্তানি থেকে আয় হয়েছে ৭০৩ কোটি ৪২ লাখ ডলার। আগের অর্থবছরে এ আয় ছিল ৬৭৫ কোটি ৩৩ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪.২ শতাংশ।

সেবা রপ্তানির মধ্যে পরিবহন খাত থেকে সর্বোচ্চ ১৪৫ কোটি ৬৩ লাখ ডলার আয় হয়েছে। আগের বছরের তুলনায় এ খাতে আয় বেড়েছে ১.৪ শতাংশ। অন্যান্য ব্যবসায়িক সেবা থেকে আয় হয়েছে ১২২ কোটি ২৩ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১.৯ শতাংশ কম। টেলিযোগাযোগ, কম্পিউটার ও তথ্যসেবা থেকে আয় হয়েছে ৭৪ কোটি ৬৬ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১.২ শতাংশ। ভ্রমণ খাত থেকে আয় হয়েছে ৫৪ কোটি ৩৪ লাখ ডলার, বেড়েছে ১৯.৬ শতাংশ। নির্মাণসেবা থেকে আয় হয়েছে ৪২ কোটি ৪৮ লাখ ডলার, প্রবৃদ্ধি ২৭.৩ শতাংশ।

আরও পড়ুন: কাপড়ের তৈরি খেলনা ও তাঁবু রপ্তানিতে নগদ সহায়তার নির্দেশনা

এ ছাড়া অন্যদের মালিকানাধীন উপকরণ ব্যবহার করে উৎপাদনসেবা থেকে আয় হয়েছে ৮৪ কোটি ৮ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি ১৫.৯ শতাংশ। তবে আর্থিক সেবা থেকে আয় ১৩.৬ শতাংশ কমে ১৬ কোটি ৬৬ লাখ ডলারে দাঁড়িয়েছে। সেবা রপ্তানির বাজার হিসাবেও যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। দেশটি থেকে সেবা খাতে আয় এসেছে ১০৬ কোটি ৭৫ লাখ ডলার। এরপর রয়েছে হংকং, সিঙ্গাপুর ও চীন।

ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএফ) সাবেক নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরী ইনকিলাবকে বলেছেন, ‘‘দেশের রপ্তানি আয়ে সামগ্রিকভাবে নেতিবাচক প্রবৃদ্ধি না থাকলেও পণ্য রপ্তানিতে আয় কমে যাওয়া উদ্বেগের বিষয়। বিশেষ করে তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশের রপ্তানি খাতকে ঝুঁকির মধ্যে রাখছে। সেবা খাতে আয় বাড়লেও তা পণ্য রপ্তানির আয়ের ঘাটতি পুরোপুরি পূরণ করতে পারছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে চামড়া, পাট, কৃষি পণ্য, ওষুধ ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা রপ্তানিতে নীতিগত সহায়তা বাড়ানো প্রয়োজন।’’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেনা ছকের বাইরে মেহজাবীন, জিটিএ-৬ গেমের আদলে ভিন্ন সাজে হাজির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


চেনা ছকের বাইরে মেহজাবীন, জিটিএ-৬ গেমের আদলে ভিন্ন সাজে হাজির

সম্প্রতি লাল শাড়িতে রাঙা বধূর সাজে ভক্তদের নজর কেড়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেই সাজের রেশ কাটতে না কাটতেই এবার সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হয়েছেন তিনি। এই অভিনেত্রীকে এর আগে এমন ব্যতিক্রমী ফ্যাশনে খুব একটা দেখা যায়নি।

রোববার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মেহজাবীন। ছবিগুলোতে তাকে কালো রঙের স্লিভলেস বডিকন পোশাকের সঙ্গে কালো লেদারের জ্যাকেট পরতে দেখা যায়। পুরো সাজে আধুনিকতা ও সাহসী ফ্যাশনের ছাপ স্পষ্ট ছিল।

এছাড়া, খোলা চুলের ভেজা আবহ, কালো ক্যাট-আই সানগ্লাস এবং হালকা মেকআপে ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। সব মিলিয়ে তার নতুন লুকে ফুটে উঠেছে পশ্চিমা ফ্যাশনের ছোঁয়া।

নিজের এই সাজের অনুপ্রেরণার কথা জানাতে গিয়ে মেহজাবীন বলেছেন, জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ-৬’ থেকে ধারণা নিয়েই তিনি এমন লুক বেছে নিয়েছেন। শুধু তাই নয়, ছবিগুলোর সঙ্গে যুক্ত করেছেন ‘জিটিএ ৬’-এর গান ‘ফ্লাওয়ার ইন আ হারিকেন’। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জাস্টিস, টামে ইম্পালা, এসজেএ এবং কিং গিজার্ড অ্যান্ড দ্য লিজার্ড উইজার্ডের শিল্পীরা।

মেহজাবীনের নতুন সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ তার পোশাক নিয়ে প্রশংসা করেছেন, আবার কেউ মন্তব্যের মাধ্যমে কটাক্ষও করেছেন। একজন খোঁচা মেরে লিখেছেন, ‘দিন দিন ড্রেসের উন্নতি হচ্ছে’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘বিদেশিদের মতো হওয়ার চেষ্টা করছে’। কেউ কেউ তার সাজের সঙ্গে অভিনেত্রী হানিয়া আমিরের লুকের তুলনা টেনেছেন। তবে এসব সমালোচনায় মেহজাবীন কোনো প্রতিক্রিয়া দেখাননি।

এদিকে, বর্তমানে অভিনয়জীবনে বড় পর্দার কাজেই বেশি মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি স্বামী আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রোম্যান্টিক গল্পের এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে নৌ-মাইনের আঘাতে চতুর্থ ট্যাংকার ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


হরমুজ প্রণালীতে নৌ-মাইনের আঘাতে চতুর্থ ট্যাংকার ক্ষতিগ্রস্ত

হরমুজ প্রণালীতে ‘অননুমোদিত’ রুট ব্যবহার করার সময় নৌ-মাইনের আঘাতে চতুর্থ একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় (IRNA) প্রকাশিত আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ট্যাংকারটি ইরানের অনুমতি ছাড়া নির্ধারিত পথ পরিহার করে অননুমোদিত রুট দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় সেটি সমুদ্রে পুঁতে রাখা নৌ-মাইনের আঘাতে বিস্ফোরিত হয়। এর আগে একই জলপথে নৌ-মাইনের আঘাতে আরও তিনটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলেও জানানো হয়েছে।

কৌশলগত এই জলপথের ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জোরালো করতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজগুলোর ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটে একের পর এক এমন ঘটনায় বৈশ্বিক নৌ-বাণিজ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সূত্র: ইরনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বপ্নের এমডি সাব্বির হাসান নাসির পেলেন সেরা সিইও সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


স্বপ্নের এমডি সাব্বির হাসান নাসির পেলেন সেরা সিইও সম্মাননা

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির হাসান নাসির। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দেশের ব্যবসা ও করপোরেট নেতৃত্বে অসামান্য অবদানের জন্য এবং উৎকর্ষের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করেছে।

গত ২৩ নভেম্বর, রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাব্বির হাসান নাসিরের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দীর্ঘ কর্মজীবন, ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং দেশের আধুনিক খুচরা বিক্রয় খাতের বিকাশে তার ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা অর্জন করেন।

সাব্বির হাসান নাসিরের নেতৃত্বে এসিআই লজিস্টিকস লিমিটেডের খুচরা বিক্রয় প্রতিষ্ঠান স্বপ্ন দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম সম্প্রসারণ করেছে। একই সঙ্গে, ভোক্তা, স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও সরবরাহকারীদের মধ্যে সংযোগ তৈরিতে প্রতিষ্ঠানটি কাজ করছে।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় সাব্বির হাসান নাসির বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, বিচারকমণ্ডলী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ‘পুরস্কারে একজনের নাম লেখা থাকে, অথচ এর পেছনে থাকে হাজারো মানুষের শ্রম, ত্যাগ, বিশ্বাস ও ভালোবাসা।’

এ অর্জনের পেছনে স্বপ্ন পরিবারের সদস্য, শেয়ারহোল্ডার, সরবরাহকারী, ফ্র্যাঞ্চাইজি, ব্যবসায়িক অংশীদার এবং অসংখ্য ক্রেতার অবদানের কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

নিজের কর্মজীবনের শুরুর দিকের কথা স্মরণ করে সাব্বির হাসান নাসির জানান, ২০০৬ সালে অটবি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেওয়ার সময় তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সিইও। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তাকে নেতৃত্বের ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা ও মূল্যবোধের গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করতে শিখিয়েছে।

তিনি বলেন, স্বপ্নের লক্ষ্য শুধু বড় একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা নয়; বরং মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনেও ভূমিকা রাখা। এ লক্ষ্য অর্জনে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগ সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, কৃষকের জীবনমান উন্নয়ন এবং সমাজে উপেক্ষিত মানুষের সম্ভাবনা বিকাশের ওপর গুরুত্ব দেন তিনি।

নেতৃত্বের মূল্যবোধ প্রসঙ্গে সাব্বির হাসান নাসির বলেন, ‘সাফল্য যেন বিনয় কেড়ে না নেয়, ক্ষমতা যেন সহমর্মিতা কমিয়ে না দেয় এবং স্বীকৃতি যেন মানুষের সেবা করার আকাঙ্ক্ষাকে দুর্বল না করে।’ বিশেষ করে প্রতিকূল পরিস্থিতিতেও মূল্যবোধ ও নৈতিকতার চর্চা অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েটে দুই শিক্ষার্থীর পরিবারের হাতে ৪ লাখ টাকার বীমার চেক তুলে দিলেন ভিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


রুয়েটে দুই শিক্ষার্থীর পরিবারের হাতে ৪ লাখ টাকার বীমার চেক তুলে দিলেন ভিসি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষার্থীর মৃত্যুকালীন বীমার অর্থ (চেক) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক হস্তান্তর করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপাচার্যের দপ্তরে মৃত দুই শিক্ষার্থীর অভিভাবকবৃন্দের হাতে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকার চেক প্রদান করা হয়। প্রয়াত দুই শিক্ষার্থী হলেন, রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেরাব হোসেন এবং একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার।

চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, অর্থবিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. মুক্তার হোসেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি প্রজেক্ট হেড মো. নাহিদুল ইসলাম, এবং নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যবৃন্দ।

রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেরাব হোসেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চাঁদপুরের বিআরবি হসপিটালস লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। অন্যদিকে, একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার গত ২৩ সেপ্টেম্বর নগরীর কাজলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। উন্নত চিকিৎসা নিশ্চিতে উপাচার্যের নির্দেশে তাকে হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করে রুয়েট প্রশাসন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফিদ শাহরিয়ার ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

নিয়মিত শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবনবীমা সুবিধার আওতায় নিয়ে এসেছে রুয়েটের বর্তমান প্রশাসন। স্বাস্থ্যবিমার আওতায় থাকা রুয়েটের কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সর্বোচ্চ এক লাখ টাকা বিমাসুবিধা পাবেন। হাসপাতালে ভর্তি না হয়ে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা বিমাসুবিধা মিলবে। একজন শিক্ষার্থী বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বছরে এক লাখ টাকা পর্যন্ত বিমাসুবিধা পাবেন। এ ছাড়া, জীবনবিমার আওতায় থাকা রুয়েটের কোনো শিক্ষার্থী মারা গেলে তার পরিবার এককালীন সর্বোচ্চ দুই লাখ টাকা পাবে। প্রিমিয়াম জমা দেওয়া থেকে শুরু করে বিমা দাবি পর্যন্ত পুরো প্রক্রিয়া শিক্ষার্থীরা অনলাইনে সম্পন্ন করতে পারেন। রুয়েট প্রশাসন এই প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%