০৬:১০ পি.এম
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : তথ্য কমিশন বাংলাদেশ, তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগের শুনানি প্রায় দু’বছর পর শুরু করেছে।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, আজ সোমবার পাঁচটি অভিযোগের শুনানির মধ্যে তিনটি নিষ্পত্তি করা হয়েছে, এবং বাকি দু’টির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
শুনানি গ্রহণ করেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান, তথ্য কমিশনার মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেন।
আরও পড়ুন: বারিধারায় সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
কমিশনের সূত্রে জানা যায়, কমিশন দীর্ঘদিন কার্যকর না থাকায় গত দু’বছরে মোট ৯১৭টি অভিযোগ জমা হয়েছে। ১৭ অক্টোবর সরকার তথ্য কমিশন পুনর্গঠন করেছে।
নবগঠিত কমিশন দায়িত্ব গ্রহণের পর জমে থাকা অভিযোগ নিষ্পত্তিতে অগ্রাধিকার দিয়ে ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে অভিযোগ নিষ্পত্তির কার্যক্রমে গতি আনতে কমিশন কাজ করছে।
আজকের শুনানিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ-সংক্রান্ত তথ্য, প্রতিষ্ঠানের জমি ও আয়-ব্যয়ের হিসাব, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ, নিয়োগপত্র বাতিলের কারণ, নিয়োগ পরীক্ষার উত্তরপত্র এবং সরকারি সম্পত্তি বন্দোবস্ত-সংক্রান্ত তথ্য না পাওয়ার বিষয়ে দায়ের করা অভিযোগগুলো পর্যালোচনা করা হয়।
আরও পড়ুন: আইসিজের রায়কে ইতিবাচক বললেন জামায়াত আমির, রোহিঙ্গাদের দুই বছরের মধ্যে প্রত্যাবর্তনের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন