০৪:২১ পি.এম
ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগে পুলিশ বড়ভাই মো. সহিদকে (৬৬) আটক করেছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত ছোটভাই আব্দুল জলিল (৬৫) ওই এলাকার মনু মিয়ার ছেলে।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজেদের বাগান থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বড় ভাই মো. সহিদ ছোট ভাই আব্দুল জলিলের গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্ত সহিদকে আটক করে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছেন। অভিযুক্ত সহিদকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করা হবে।
আরও পড়ুন: রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন