ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গিলের দাবি, সালাইভা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে


গিলের দাবি, সালাইভা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মোহাম্মদ সিরাজকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না—এ কথা স্বীকার করেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তবে তিনি দাবি করেছেন, বর্তমান ফর্মের ভিত্তিতে সেরা বোলিং আক্রমণ বেছে নেওয়া হয়েছে। একই সঙ্গে বলের মান এবং বল চকচকে করতে লালা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা নিয়েও প্রশ্ন তুলেছেন গিল।

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে গিল বলেন, সিরাজ তাঁর ভালো বন্ধু। ভারতের হয়ে অভিষেকের আগে থেকেই তাঁদের বন্ধুত্ব রয়েছে। তাই সিরাজকে একাদশের বাইরে রাখা ব্যক্তিগতভাবে কঠিন ছিল। তবে তিনি সিদ্ধান্ত নেওয়ার আগে সিরাজের সঙ্গে কথা বলেছেন।

গিলের ভাষায়, ‘সিরাজ খুব ভালো খেলোয়াড় ও দারুণ বোলার। তাঁকে বাদ দেওয়া আমার জন্যও কঠিন সিদ্ধান্ত ছিল। তবে কখন কোন বোলার ভালো ছন্দে আছে, সেটিও দেখতে হয়। ম্যাচের আগে আমি তাঁর সঙ্গে কথা বলেছি। কেন তাঁকে খেলানো হচ্ছে না, সেটি বুঝিয়ে বলেছিলাম। সে বিষয়টি বুঝেছে।’

আরও পড়ুন: লা লিগায় ১৫ বছরের পরিশ্রমে সিমিওনের রেকর্ড ৩৪৫ জয়

সিরাজের সাম্প্রতিক ফর্ম নিয়েও আলোচনা করেছেন গিল। তাঁর মতে, একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে এমন সময় আসতেই পারে, যখন তিনি নিজের সেরা অবস্থায় থাকেন না। তবে পরিশ্রম করে ঘুরে দাঁড়ানোর মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সিরাজের পরিবর্তে ওয়েলিংটন টেস্টে ভারতের একাদশে জায়গা পান জাসপ্রিত বুমরা, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা ও আনশুল কাম্বোজ। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলেন ওয়াশিংটন সুন্দর। রবীন্দ্র জাদেজাকেও একাদশের বাইরে রাখা হয়।

শুধু সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নয়, ম্যাচে বলের মান নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন গিল। তাঁর দাবি, ২৫ থেকে ৩০ ওভার খেলার পরই বল অনেকটা নরম হয়ে যাচ্ছিল। এতে পেসারদের জন্য উইকেট নেওয়া কঠিন হয়ে পড়ে। বলের মান আরও ভালো হওয়া প্রয়োজন বলেও তিনি মনে করেন।

এছাড়া বল চকচকে করতে লালা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ভারতীয় অধিনায়ক। কোভিড-১৯ মহামারির সময় সংক্রমণের ঝুঁকি কমাতে ২০২০ সালে সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা চালু করেছিল আইসিসি। ২০২২ সালে সেটি স্থায়ী করা হয়। বর্তমানে বলের এক পাশ চকচকে করতে ঘাম ব্যবহার করতে পারেন ক্রিকেটাররা, তবে লালা ব্যবহারের অনুমতি নেই।

আরও পড়ুন: ভারত ৭২০ রান করেও ১৫ ওভার আগে ড্র মেনে নিল

গিলের প্রশ্ন, ‘কোভিডের সময় তো অনেক আগেই পেরিয়ে এসেছি। এখনো কেন লালা ব্যবহার করে বল চকচকে করার অনুমতি নেই, বুঝতে পারি না। আমার মনে হয়, এটিও বড় একটি বিষয়।’

ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে ৭০২ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৩৬৮ রান। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের দ্রুত অলআউট করতে না পারায় জয় পাওয়া হয়নি ভারতের।

শেষ দিনে ১১৯ রানে ২ উইকেট নিয়ে খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৩৯ রান, ৫ উইকেটে। ড্যারিল মিচেল ৪৯ রানে অপরাজিত থাকেন, গ্লেন ফিলিপস করেন অপরাজিত ২৬ রান। দুজনের প্রতিরোধেই ড্র নিশ্চিত করে নিউজিল্যান্ড।

টানা দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় হতাশা লুকাননি গিল। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে টেস্টে ড্রয়ের ঘটনা তুলনামূলক কম হওয়ায় এমন ফলের সঙ্গে অভ্যস্ত নয় ভারত।

আরও পড়ুন: বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের টস দেরিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় শিক্ষার্থীদের বাসে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ফাহিম হোসেন রিজু আশুলিয়া (সাভার) প্রতিনিধি

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


আশুলিয়ায় শিক্ষার্থীদের বাসে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

 

আশুলিয়ায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি চলাকালে কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে হামলা ও ভাঙচুর করেছেন পোশাকশ্রমিকরা।

সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ কারখানার সামনে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় হুড়োহুড়িতে পড়ে গিয়ে তিন নারী শ্রমিক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ গ্রুপের তিনটি কারখানার (নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি এবং নিউ এইজ অ্যাপারেলস) প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক কারখানায় প্রবেশ করেন। প্রবেশের পর ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সকাল ৯টার দিকে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

ছুটির পর শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তারা সড়কে বেরিয়ে এসে অবরোধের চেষ্টা করেন। এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাসে থাকা ছাত্রছাত্রীদের সঙ্গে শ্রমিকদের বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা বাসটিতে হামলা চালিয়ে কাচ ভাঙচুর করেন। একই সঙ্গে শ্রমিকদের একটি দল পার্শ্ববর্তী আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।

খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেন। এতে জমায়েত হওয়া শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পুলিশের পদক্ষেপে শ্রমিকদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হলে রাস্তায় পড়ে গিয়ে নিউ এইজ গ্রুপের তিন নারী শ্রমিক সিরাতুব, রেখা ও সুইটি আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, এমন পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ এইজ গ্রুপের পার্শ্ববর্তী অনন্ত গার্মেন্টস, আল-মুসলিম অ্যাপারেলস এবং ট্রাউজার লাইন লিমিটেড কর্তৃপক্ষও শ্রমিকদের ছুটি দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


৭ জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ৭ জেলায় ৯৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দুটি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাদের দায়িত্ব পালন করছেন।

মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করার কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি তারা যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি চালাচ্ছে। এই কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র (লাইভ ফুটেজ) সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায়ও বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ডিবির মাদকবিরোধী অভিযান, ২৯৪ পিস ইয়াবাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


বরিশালে ডিবির মাদকবিরোধী অভিযান, ২৯৪ পিস ইয়াবাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

বরিশাল নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাফিজুর রহমান জুম্মান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত ২২ নভেম্বর রাতে নগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০টার দিকে কাউনিয়া থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের উত্তর পুরানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানের একপর্যায়ে মোঃ হাফিজুর রহমান জুম্মানকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২৯৪ (দুইশত চুরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের গোয়েন্দা শাখার এ অভিযানের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রমে আরও একটি অভিযানিক সাফল্য এসেছে। নগরীতে মাদকদ্রব্যের বিস্তার ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, গ্রেপ্তার মোঃ হাফিজুর রহমান জুম্মানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বরিশাল নগরীতে মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলএনজি আমদানিতে পুরনো সিন্ডিকেটের প্রভাব অব্যাহত, প্রতিযোগিতা নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


এলএনজি আমদানিতে পুরনো সিন্ডিকেটের প্রভাব অব্যাহত, প্রতিযোগিতা নেই

আওয়ামী লীগ সরকারের সময়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে চারটি বিদেশি কোম্পানি সবচেয়ে বেশি কাজ পেয়েছে। সরকার পরিবর্তনের পরও এলএনজি সরবরাহের ক্রয়াদেশ এখনও এই দুই কোম্পানির কাছে যাচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেছেন যে, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের প্রভাব এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে গড়ে উঠেছিল এই ব্যবসায়িক বলয়।

কম্পানিগুলো হলো সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও গানভর, সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস এবং যুক্তরাষ্ট্রের অ্যাকসিলারেট এনার্জি। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, খোলাবাজার থেকে আমদানি করা এলএনজির ৬০ শতাংশের বেশি সরবরাহ করেছে ভিটল এশিয়া ও গানভর। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, গত ছয় অর্থবছরে জিটুজি ও খোলাবাজার মিলিয়ে এলএনজি আমদানিতে সরকারের ব্যয় হয়েছে ১ লাখ ৬৬ হাজার কোটি টাকা। এর মধ্যে গত অর্থবছরে ব্যয় হয়েছে ৪২ হাজার ৬৪৩ কোটি টাকা।

দেশে ২০১৮-১৯ অর্থবছরে এলএনজি আমদানি শুরু হয়। প্রথম দিকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরকারি পর্যায়ে আমদানি করা হলেও ২০২০ সাল থেকে খোলাবাজারে কেনাকাটা শুরু হয়। গত ২০ অক্টোবর পর্যন্ত খোলাবাজার থেকে কেনা ৭৪টি কার্গোর মধ্যে ভিটল সরবরাহ করেছে ৩০টি, গানভর ১৫টি, টোটাল ১৪টি এবং অ্যাকসিলারেট এনার্জি ১০টি। বাকি পাঁচটি কার্গো সরবরাহ করেছে জাপানের জেরা, কাতার এনার্জি ও অন্যান্য প্রতিষ্ঠান।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভিটল এশিয়া নতুন কোনো কাজ না পেলেও অক্টোবরে টোটাল ও গানভর দুটি করে মোট চারটি কার্গো সরবরাহের কাজ পেয়েছে। এলএনজি ব্যবসায় ভিটল এশিয়ার সঙ্গে নসরুল হামিদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের ব্যবসায়িক যোগাযোগের অভিযোগ রয়েছে। ২০১৯ সালে ঢাকায় নিবন্ধিত হয় পাওয়ারকো ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। কম্পানিটির ওয়েবসাইটে এলপিজি, এলএনজি ও বিদ্যুৎ খাতে ব্যবসার কথা উল্লেখ রয়েছে। সিঙ্গাপুরেও প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যালয় রয়েছে। ভিটল এশিয়ার সঙ্গে তাদের অংশীদারত্বের তথ্যও পাওয়া গেছে।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধন পরিদপ্তরের তথ্য অনুযায়ী, শুরুতে নসরুল হামিদের মামা মো. কামরুজ্জামান চৌধুরী ও ভারতীয় নাগরিক নাবিল খানের অংশীদারিত্বে প্রতিষ্ঠানটি নিবন্ধিত হয়। ২০২০ সালের ডিসেম্বরে কামরুজ্জামানকে সরিয়ে তার জায়গায় আনা হয় মো. মুরাদ হাসানকে। একই সঙ্গে তাকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, নাবিল খান নসরুল হামিদের বন্ধু। আর মুরাদ হাসান তার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান হামিদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে নসরুল নিজে গ্রুপটির ব্যবসা দেখাশোনা করতেন। পরে ছোট ভাই ইন্তেখাবুল হামিদকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। এলএনজি ব্যবসায় এজাজুর রহমানের সঙ্গে ইন্তেখাবুলের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

ভিটল এশিয়া ও গানভরের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করেন এজাজুর রহমান। তিনি ওমানের ওকিউ ট্রেডিংয়েরও স্থানীয় প্রতিনিধি বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে ভিটলের মাধ্যমে সরকারকে জ্বালানি তেল সরবরাহের ব্যবসায় যুক্ত ছিলেন তিনি। নসরুল হামিদ তাকে এলএনজি ব্যবসায় যুক্ত করেন বলে অভিযোগ খাতসংশ্লিষ্টদের। তবে এজাজুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তিনি আত্মগোপনে রয়েছেন।

নসরুল হামিদের আত্মীয় কামরুজ্জামান, বন্ধু নাবিল খান, মুরাদ হাসান ও ভাই ইন্তেখাবুলের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। নসরুল হামিদও গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

খোলাবাজার থেকে এলএনজি আমদানির জন্য দেশে তালিকাভুক্ত রয়েছে ২৩টি কোম্পানি। তবে খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, তালিকায় অনেক প্রতিষ্ঠান থাকলেও প্রকৃত প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়নি। অনেক কোম্পানি দরপত্রে অংশ নেয়নি। যারা অংশ নিয়েছে, তাদেরও বড় অংশ কাজ পায়নি।

২০১৯ সালের ডিসেম্বরে প্রথম দফায় আটটি কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়। পরে ২০২০ সালের ফেব্রুয়ারিতে আর ছয়টি প্রতিষ্ঠান যুক্ত হয়। ২০২১ সালের সেপ্টেম্বরে ভিটল এশিয়ার পাশাপাশি গানভর ও টোটাল এনার্জিস তালিকাভুক্ত হয়। ২০২৩ সালে যুক্ত হয় আরো সাতটি কোম্পানি। সর্বশেষ চলতি বছরের ৭ মার্চ ওমানের ওকিউ ট্রেডিং তালিকায় যুক্ত হলেও তিনটি দরপত্রে অংশ নিয়ে কোনো কাজ পায়নি।

অন্যদিকে এওটি ট্রেডিং ১৭টি দরপত্রে অংশ নিয়ে কাজ পেয়েছে মাত্র তিনটির। জাপানের জেরা একটি কার্গো সরবরাহ করেছে। ইতালির ইনি স্পা একটি এবং যুক্তরাজ্যের চেনিয়ার মার্কেটিং চারটি দরপত্রে অংশ নিলেও কোনো কাজ পায়নি।

এলএনজি ব্যবসায় যুক্ত তিনটি কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন দেশে ঘুষ ও দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে। যুক্তরাষ্ট্রের ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাকট লঙ্ঘনের দায়ে ভিটল, গানভর ও টোটালকে বিভিন্ন সময়ে জরিমানা দিতে হয়েছে।

ব্রাজিল, ইকুয়েডর ও মেক্সিকোতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে ব্যবসা পাওয়ার দায়ে ২০২০ সালে ভিটলকে বড় অঙ্কের জরিমানা করে যুক্তরাষ্ট্র। ইকুয়েডরে ঘুষ দেওয়ার অভিযোগে গত মার্চে গানভরকে ৬৬ কোটি ডলার জরিমানা করা হয়। একই ধরনের অপরাধে ২০১৩ সালে টোটালকে ১৩ কোটি ডলার জরিমানা করা হয়েছিল।

বিগত আওয়ামী লীগ সরকার দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ (বিশেষ বিধান) আইনের মাধ্যমে উন্মুক্ত দরপত্র ছাড়াই এলএনজি কেনার সুযোগ তৈরি করে। এ আইনের অধীনে ২৩টি কোম্পানির সঙ্গে মাস্টার সেলস অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) করা হয়। পরে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে দর প্রস্তাব নিয়ে সর্বনিম্ন দরদাতাকে ক্রয়াদেশ দেওয়া হতো। তবে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন রয়েছে।

অন্তর্বর্তী সরকার গত ১৮ আগস্ট বিশেষ বিধান আইন স্থগিতের ঘোষণা দেয়। তবে আগে সম্পাদিত চুক্তির আওতায় কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়। পরে ৪ সেপ্টেম্বর পুরনো ২৩টি কোম্পানির তালিকা নতুন করে অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, "ঘুরেফিরে কয়েকটি কোম্পানির এলএনজি সরবরাহের বিষয়টি সরকারের জানা আছে। এ কারণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন করে দরপত্র আহ্বানের মাধ্যমে তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হবে। তবে আপাতত গ্যাসের সংকট মোকাবেলায় আগের তালিকা অনুমোদন করা হয়েছে।"

দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২৯০ থেকে ৩০০ কোটি ঘনফুট। এলএনজি সরবরাহের সক্ষমতা দৈনিক ১১০ কোটি ঘনফুট হলেও বর্তমানে সরবরাহ হচ্ছে ৯০ কোটি ঘনফুটের কিছু বেশি। ফলে দীর্ঘদিন ধরে গ্যাসের ঘাটতিতে ভুগছে শিল্প ও বিদ্যুৎ খাত।

ভূতত্ত্ববিদ বদরূল ইমাম বলেন, "এলএনজি আমদানিতে কমিশন-বাণিজ্যের সুযোগ থাকায় দেশীয় গ্যাস অনুসন্ধানের পরিবর্তে আমদানি বাড়ানো হয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনা না করে ব্যক্তিস্বার্থে বিশেষ কিছু কোম্পানিকে সুবিধা দেওয়া হয়েছে। দেশে গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে যথাযথ উদ্যোগ নেওয়া হলে আমদানির প্রয়োজন পড়ত না।"

অন্যদিকে পেট্রোবাংলা ও আরপিজিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, এলএনজি কেনার ক্ষেত্রে উন্মুক্ত দরপত্রের সুযোগ নেই। আগে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে ক্রয়-বিক্রয় চুক্তি করা হয়েছে, তাদের কাছ থেকে দর নিতে হচ্ছে।

দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "দায়মুক্তি আইন করে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ বন্ধ করা হয়েছিল। ২৩টি কোম্পানির তালিকা থাকলেও ঘুরেফিরে কয়েকটি প্রতিষ্ঠান কাজ পেয়েছে। এতে একটি চক্রের অস্তিত্ব স্পষ্ট হয়। সরকারের উচ্চপর্যায়ে পরিবর্তন এলেও কাঠামোগত পরিবর্তন হয়নি। ফলে সুবিধাভোগীরা এখনো সুবিধা পাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%