০৩:৫৬ পি.এম
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোতে বন্দুকধারীর হামলায় ছয়জনের মৃত্যুর ঘটনায় রোববার সন্ত্রাসবাদ সংক্রান্ত তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। হামলার স্থান, শহরের ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ার, ঘিরে রাখা হয়েছে। সেখানে নিহতদের স্মরণে ফুল ও মোমবাতি নিয়ে শোকাহত মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলাকারী উগ্র ডানপন্থী মতাদর্শের প্রতি আকৃষ্ট ছিল। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই ঘটনার জন্য ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ শব্দটি ব্যবহার করেছেন।
পোল্যান্ডের ক্রাকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি প্রকাশ করেছে।
আরও পড়ুন: দক্ষিণ কোরীয় শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা
শনিবার শহরের ঐতিহাসিক কেন্দ্রে ২৪ বছর বয়সী এক পোলিশ নাগরিক এলোপাতাড়ি গুলি চালায়।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলার নিন্দা জানিয়েছেন। রোববার তার মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের পাশাপাশি পোল্যান্ড সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মালোপোলস্কা অঞ্চলের গভর্নর ক্রিস্তফ ক্লেচার সাংবাদিকদের জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩২ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক এবং ৫১ বছর বয়সী এক অস্ট্রীয় নারী রয়েছেন। বাকি চারজন পোল্যান্ডের নাগরিক।
হামলায় আহত ১৫ জনের মধ্যে জার্মানি, পর্তুগাল ও রাশিয়ার নাগরিকও রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।
আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর খোশ মেজাজে পুতিন
এদিকে, ক্রাকো থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে ওস্ত্রোভিয়েক শভিয়েনতোশিস্কির একটি বাড়িতে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন হামলাকারীর বাবা-মা ও বোন।
পুলিশের সঙ্গে গোলাগুলির সময় হামলাকারী আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাতীয় প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, এ ঘটনায় সন্ত্রাসবাদ বিষয়ক তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: হরমুজ প্রণালি সচল রাখতে একমত ট্রাম্প ও শি জিনপিং
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন