০৪:৫২ এম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠেছেন। হাসি-আনন্দে তিনি নিজেই শ্রেণিকক্ষে পাঠদান করেন, যেখানে শিশু শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে তার সঙ্গে পাঠদান কার্যক্রমে অংশ নেয়। মন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
বুধবার সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় অবস্থিত আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এ দৃশ্যের অবতারণা ঘটে। প্রতিমন্ত্রী বিদ্যালয়ে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। শিশুদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মেধা, আগ্রহ ও শেখার পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন। তিনি বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন। মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।
আরও পড়ুন: গোপালগঞ্জের অস্থিরতায় রূপসী বাংলা এক্সপ্রেসের রুট পরিবর্তন
এছাড়া, বিদ্যালয়ের বাগান ঘুরে দেখে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করেন। এ সময় তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন।
পরে দুপুরে তিনি উপজেলার জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুন: নিখোঁজের ঘটনায় নতুন মোড়, কুয়াকাটায় বেড়াতে গিয়ে মোবাইল বন্ধ রাখেন বিচারক ফারহান নাদীম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন