১২:৩২ পি.এম
চাঁদপুরের শাহরাস্তিতে বাসের চাপায় এক সৌদি প্রবাসী আল আমিন (৩৫) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
আল আমিন শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আ. মান্নানের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: নিউইয়র্কে নতুন অভিবাসীদের কম্পিউটার ও চাকরির প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশি কমিউনিটি
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল আল আমিনের একমাত্র কন্যার জন্মদিন। মেয়ের জন্য জন্মদিনের কেক কিনতে তিনি মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জ যান। ফেরার পথে মৌতাবাড়ি এলাকায় একটি বাসের চাপায় মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলে থাকা হৃদয় (১৯) নামে অপর একজন যুবক গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আল আমিনের একটি কন্যা সন্তান রয়েছে। মেয়ের জন্মদিন উপলক্ষে হাজিগঞ্জ থেকে কেক কিনে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ছুটি শেষে রোববার (১১ অক্টোবর) তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।
দুর্ঘটনার পর হাজীগঞ্জ থানা পুলিশ শাহরাস্তি থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে। এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
আরও পড়ুন: মালদ্বীপে দুর্ঘটনায় গুরুতর আহতের খোঁজ নিলেন বাংলাদেশের হাইকমিশনার
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন