০১:৫৩ পি.এম
ক্লাসরুমে তখন ব্যাপক হট্টগোলের পরিস্থিতি বিরাজমান। শিশুদের মধ্যে কেউ গল্প বলছে, কেউ আবার চিৎকার-চেঁচামেচিতে ব্যস্ত। এমন অবস্থায়, বকাঝকা বা শাসনের পরিবর্তে অভিনব এক কৌশল অবলম্বন করে পুরো ক্লাসকে শান্ত করার কাজটি করেছেন এক তরুণী শিক্ষিকা। সেই মুহূর্তের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, যখন ক্লাসরুমে শিশুদের মধ্যে হইচই চলছে, তখন শিক্ষিকা হাসিমুখে একটু উঁচু স্বরে বলেন, ‘ক্লাস...’। সঙ্গে সঙ্গে শিশুরা সমস্বরে উত্তর দেয়, ‘ক্লাস...’।
আরও পড়ুন: খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন কঠোর করার ঘোষণা খাদ্যমন্ত্রীর
এরপর শিক্ষিকা ধীরে ধীরে নিজের কণ্ঠস্বর নিচু করতে শুরু করেন। আশ্চর্যের বিষয় হলো, শিশুরাও তাকে অনুসরণ করে একইভাবে কণ্ঠস্বর কমাতে থাকে। এক পর্যায়ে শিক্ষিকা তুড়ি মারতেই পুরো ক্লাসের পরিবেশ পাল্টে যায়।
শেষে শিক্ষিকা প্রায় ফিসফিস করে বলেন, ‘ক্লাস...’। শিশুরাও একই সুরে শব্দটি পুনরাবৃত্তি করে। মুহূর্তের মধ্যে কোলাহলপূর্ণ শ্রেণিকক্ষে নেমে আসে পিনপতন নীরবতা। সফল হওয়ার পর শিক্ষিকার মুখে ফুটে ওঠে একটি মিষ্টি হাসি।
শিশুদের বকাঝকা বা ভয় দেখানোর পরিবর্তে তাদের অংশগ্রহণের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ করার এই কৌশল নেটিজেনদের নজর কেড়েছে। ভিডিওটি ‘টিচারথডায়ারিজ়১০’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে বলে জানা গেছে।
ভিডিওটি দেখে অনেকেই শিক্ষিকার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ইশ! আমাদেরও যদি এমন একজন শিক্ষিকা থাকতেন। আবার আরেকজন মজা করে মন্তব্য করেছেন, আমাদের সময়ে তো লাঠি দেখলেই চুপ করে যেতাম।
আরও পড়ুন: রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ পরিচালনায় বাংলাদেশের দক্ষতার নতুন দৃষ্টান্ত
শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং ইতিবাচক উপায়ে শ্রেণিকক্ষ নিয়ন্ত্রণের এই অভিনব কৌশল বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
সুত্র: আনন্দবাজার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন