ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার, নিউগিনি প্রকল্পে হামলা ও লুটপাটের অভিযোগ


মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার, নিউগিনি প্রকল্পে হামলা ও লুটপাটের অভিযোগ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচা এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবির গুলশান বিভাগের একটি টিম বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে রমনা থানার সেগুনবাগিচা-২০ এলাকার ২/এ নম্বর বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

সূত্রে জানা গেছে, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরী এজাহারভুক্ত আসামি। ২৭ সেপ্টেম্বর দায়ের করা ওই মামলায় তিনি চার নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: জামায়াত নেতা রেজাউল করিম: হাসিনার আগমন ও সরকারপতন একসঙ্গে হবে

মামলায় অভিযোগ করা হয়েছে, গত শনিবার রাতে প্রায় ৫০ জন ব্যক্তি নিউগিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় অনধিকার প্রবেশ করে হামলা চালান। এই সময় তারা গুলি ছোড়েন এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। এতে প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন।

হামলাকারীরা একপর্যায়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করেন। সেখান থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বৈদ্যুতিক তার, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

নিউগিনি প্রপার্টিজ কর্তৃপক্ষের অভিযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাটের ফলে তাদের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া প্রায় ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়েন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং পরে অভিযান চালিয়ে আরো একজনকে আটক করা হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু, ১৪টি প্রকল্প উপস্থাপন

এর আগে গত সোমবার বিকেলে পশ্চিম মাটিকাটা এলাকা থেকে মামলার নয় নম্বর এজাহারভুক্ত আসামি মিজানুর রহমানকে ডিবির গুলশান বিভাগ গ্রেপ্তার করে। তিনি কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা।

নিউগিনি প্রপার্টিজের প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া মামলাটি দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আয়ারল্যান্ড-ইসরায়েল দ্বিতীয় ম্যাচের তারিখ নিয়ে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


আয়ারল্যান্ড-ইসরায়েল দ্বিতীয় ম্যাচের তারিখ নিয়ে অনিশ্চয়তা

অনেক অনিশ্চয়তার মধ্যে, শেষ পর্যন্ত আয়ারল্যান্ড ইসরায়েলের বিরুদ্ধে উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের অ্যাওয়ে ম্যাচে অংশগ্রহণ করেছে। এখন একই ধরনের পরিস্থিতিতে পড়েছে দুই দলের মধ্যে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচও। আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসন জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় নেশনস লিগ ম্যাচে তাদের অবস্থান এখনও নির্ধারিত হয়নি।

গত রবিবার হাঙ্গেরিতে দুই দলের প্রথম লেগের ম্যাচে আয়ারল্যান্ড ইসরায়েলকে ৩-০ গোলে পরাজিত করে। ফিলিস্তিনে নিহতদের স্মরণে এই ম্যাচে আইরিশরা হাতে কালো ব্যান্ড পরে খেলতে নামে, যা ইসরায়েলের হামলার প্রতি তাদের সমর্থন প্রকাশ করে। ম্যাচের পূর্বে উভয় দল প্রচলিত হ্যান্ডশেক ও পতাকা বিনিময় এড়িয়ে চলে।

দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠার কারণে ইসরায়েলের বিরুদ্ধে ম্যাচ না খেলার দাবি উঠেছে। দেশটির সকল অ্যাথলেট, সোবিজ অঙ্গনের তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের বিরুদ্ধে ম্যাচ বয়কটের জন্য জোরালো দাবি জানাচ্ছে।

শেষ পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে কিনা, সে সিদ্ধান্ত খেলোয়াড়রা ভোটের মাধ্যমে নেবেন।

আয়ারল্যান্ড বৃহস্পতিবার ডাবলিনে অস্ট্রিয়ার মুখোমুখি হবে। এরপর তাদের নির্ধারিত হোম ম্যাচ ইসরায়েলের বিরুদ্ধে সার্বিয়ার বাক্কা টোপোলায় দর্শকশূন্য অবস্থায় অনুষ্ঠিত হবে।

ইসরায়েলের বিপক্ষে ফিরতি ম্যাচের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হালগ্রিমসন বলেন, “আমরা শতভাগ ঠিক করিনি কী করব।”

“আজ রাতে বাড়ি ফিরলে, কাল তাদের ছুটি দেব যাতে তারা পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারে। তারপর আমরা ফিরে এসে অস্ট্রিয়া ম্যাচের প্রস্তুতি নেব।

“আশা করি সেই ম্যাচ শেষ করে আমরা আলোচনা করতে পারব।”

হালগ্রিমসন আরও বলেন, তার দলে ভিন্ন ভিন্ন মত রয়েছে।

“আমি শুধু বলতে পারি, প্রথমত আমরা সবাই অস্বস্তিতে আছি,” তিনি বলেন।

“দ্বিতীয়ত, আমাদের ভিন্ন মতামত রয়েছে, এবং মানুষকে ভিন্ন মতামত রাখতে দেওয়া উচিত। একটি মতই সঠিক আর বাকিগুলো ভুল—এমন নয়।”

গোলরক্ষক গ্যাভিন বাজুনু অ্যাওয়ে ম্যাচে অংশ নেননি। তিনি মন্তব্য করেন, “নিরপরাধ মানুষ হত্যার মধ্যে অংশ নেওয়া ভুল।”

গত ফেব্রুয়ারিতে ড্র হওয়ার পর থেকেই খেলোয়াড়, সমর্থক ও প্রো-প্যালেস্টাইন গোষ্ঠীগুলো ম্যাচ বয়কটের দাবি জানিয়ে আসছে।

আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা-কে ইসরায়েলকে স্থগিত করার অনুরোধ করেছিল, তবে তারা সমর্থন পায়নি।

এফএআই ডাবলিনে নির্ধারিত ম্যাচটি “অপারেশনাল চ্যালেঞ্জ” দেখিয়ে সার্বিয়ায় সরিয়ে নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রম অধিকার রক্ষায় প্যারালিগ্যাল দলের সনদ প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


শ্রম অধিকার রক্ষায় প্যারালিগ্যাল দলের সনদ প্রদান

শ্রম আদালতের মামলাসংক্রান্ত কার্যক্রমে শ্রমিকদের সহায়তা প্রদানের উদ্দেশ্যে ১৩ জন শ্রমিক প্রতিনিধি ও ট্রেড ইউনিয়ন নেতাকে উন্নত প্যারালিগ্যাল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রশিক্ষণের শেষে তাদের সনদ বিতরণ করা হয়।

এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল শ্রমিকদের আইনি প্রতিকার পাওয়ার সুযোগকে আরো শক্তিশালী করা এবং শ্রমসংক্রান্ত মামলায় তাদের সহায়তার সক্ষমতা বৃদ্ধি করা। সলিডারিটি সেন্টার (এসসি) বাংলাদেশের উদ্যোগে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২২০ ধারা বিশেষ গুরুত্ব পায়। এই ধারার অধীনে, সাক্ষ্য দেওয়ার প্রয়োজন না থাকলে, কোনো ব্যক্তি শ্রম আদালত বা ট্রাইব্যুনালে নিজে, লিখিতভাবে অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে অথবা আইনজীবীর মাধ্যমে আবেদন, হাজিরা বা অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারেন—আইনে নির্ধারিত বিধিনিষেধ সাপেক্ষে।

প্রশিক্ষণের অংশ হিসেবে অভিযোগ তৈরি ও দাখিল, মামলা করার সময়সীমা, প্লিডিং বা লিখিত বক্তব্য প্রস্তুত, সাক্ষীদের জেরা ও জবানবন্দি গ্রহণ, আদালতে বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্য-প্রমাণের গ্রহণযোগ্যতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি আদালতের কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দিতে মক ট্রায়াল, প্রদর্শনী ও শ্রম অধিকার লঙ্ঘনের ঘটনা-ভিত্তিক ব্যবহারিক অনুশীলনের আয়োজন করা হয়।

এছাড়া, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২০২৬ সালের সংশোধনীর মাধ্যমে আনা পরিবর্তন এবং বিদ্যমান আইনি প্রক্রিয়া ও বিধিবিধান সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, প্রশিক্ষিত শ্রমিক প্রতিনিধিরা পেশাদার আইনজীবীদের বিকল্প হিসেবে কাজ করবেন না। তারা শ্রমিকদের প্রাথমিক আইনি তথ্য প্রদান, মামলা প্রস্তুত করা এবং প্রয়োজনীয় নথিপত্র তৈরিতে সহায়তা করবেন। বিশেষায়িত আইনি পরামর্শ ও জটিল মামলা পরিচালনায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সলিডারিটি সেন্টার-বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর একেএম নাসিম বলেন, ফেডারেশনের কর্মকর্তা ও নেতাদের জন্য এক দশকেরও বেশি সময় ধরে পরিচালিত প্যারালিগ্যাল প্রশিক্ষণের ধারাবাহিকতায় এবার এই কর্মসূচি নেওয়া হয়েছে। পেশাদার আইনজীবীদের ভূমিকা অক্ষুণ্ন রেখে শ্রম আদালতের কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান তৈরি করাই এই প্রশিক্ষণের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা দায়িত্বশীল ও কার্যকরভাবে প্রয়োগের জন্য নিয়মিত মেন্টরিং, আদালতের কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা, রিফ্রেশার প্রশিক্ষণ এবং ধারাবাহিক আইনি সহায়তা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, একসময় শ্রম আদালতে শ্রমিক প্রতিনিধিরা চর্চা করতেন। বিভিন্ন কারণে পরে তা বন্ধ হয়ে যায়। তবে আইনে এখনো এ ধরনের চর্চার সুযোগ রয়েছে। প্যারালিগ্যালরা শ্রমিকদের যত বেশি সহায়তা করবেন, শ্রমিকেরা আইনি প্রক্রিয়ার কাগুজে জটিলতা থেকে তত বেশি সুরাহা পাবেন।

সনদ গ্রহণকারী প্যারালিগ্যাল মো. রিপন মিঞা বলেন, একজন আইনজীবী হতে হলে অনেক আইন জানতে হয়। সলিডারিটি সেন্টারের প্রশিক্ষণ তাদের মামলা পরিচালনার বিভিন্ন সূক্ষ্ম ধাপ সম্পর্কে শিখিয়েছে। এই প্রশিক্ষণ শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রম আদালতের কার্যক্রমে তাদের আরো কার্যকরভাবে সহায়তা করতে সক্ষম করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর নতুন তালিকা প্রকাশ করেছে। ২০২৭ সালের এশিয়ার ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং এ শীর্ষস্থানটি চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয় ধরে রেখেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়। প্রতিষ্ঠানটি শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করেছে।

র‌্যাঙ্কিং অনুযায়ী, তালিকায় চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা সবচেয়ে বেশি, মোট চারটি। এছাড়া সিঙ্গাপুরের দুটি, হংকংয়ের দুটি এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয়ও শীর্ষ ১০-এ স্থান পেয়েছে।

এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয় (২০২৬)

১. সিনহুয়া বিশ্ববিদ্যালয় — চীন

২. পেকিং বিশ্ববিদ্যালয় — চীন

৩. ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) — সিঙ্গাপুর

৪. নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) — সিঙ্গাপুর (যৌথভাবে)

৪. টোকিও বিশ্ববিদ্যালয় — জাপান (যৌথভাবে)

৬. হংকং বিশ্ববিদ্যালয় — হংকং

৭. ফুদান বিশ্ববিদ্যালয় — চীন

৮. ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় — চীন

৯. সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় — চীন

১০. চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং — হংকং

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল, নতুন তারিখ ১৫ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল, নতুন তারিখ ১৫ অক্টোবর

জয় বাংলা ব্রিগেড-এর জুম মিটিংয়ে অংশগ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে আংশিক চার্জ গঠন শুনানির তারিখ আগামী ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী অনুপস্থিত থাকার কারণে নির্ধারিত সময়ে চার্জ গঠন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ আগামী ১৫ অক্টোবর চার্জ গঠনের জন্য নতুন তারিখ ঘোষণা করেন।

আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ক্ষোভ প্রকাশ করেন। প্রিজন ভ্যানে দাঁড়িয়ে তুহিন বলেন, ‘আওয়ামী লীগ করার অপরাধে যদি আমার ফাঁসি হয়, আমরা আওয়ামী লীগই করব। জেল কত খাটাবেন? আমরা রাজনীতি করছি, পার্টি করছি কিন্তু কোনো হত্যার সঙ্গে সম্পৃক্ত নই।’

গত বছরের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন সিআইডির সহকারী বিশেষ পুলিশ সুপার মো. এনামুল হক। তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

গত ১৪ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে ১৪ অক্টোবর শেখ হাসিনাসহ পলাতক ২৬১ আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ১১ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। মামলাটি এর আগে ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আব্দুস সালামের আদালতে অভিযোগ গঠন বিষয়ে শুনানির পর্যায়ে ছিল। গত ২৩ ফেব্রুয়ারি দ্রুত বিচার ও নিষ্পত্তির জন্য মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালতে বদলি করা হয়।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ওই মিটিংয়ে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে দেশবিরোধী বক্তব্য প্রদান করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%