১০:৩৫ পি.এম
দেশজুড়ে ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে উৎসবের সূচনা হয়। জেলা পরিষদের উদ্যোগে এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় জেলা প্রশাসক লুৎফুন নাহার উৎসবের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ। তিনি কবি নজরুলের জীবন, সাহিত্য এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে তথ্যবহুল আলোচনা করেন।
আরও পড়ুন: কাউখালীতে জুমার বয়ানে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাশকতা পরিহারের আহ্বান
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, কাজী নজরুল ইসলাম কেবল দ্রোহের কবি নন, তিনি সাম্য, প্রেম ও মানবতার প্রতীক। বর্তমান বৈষম্যহীন সমাজ গঠনে তাঁর দর্শন এবং সৃষ্টির বহুমাত্রিক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োজকেরা জানান, চুয়াডাঙ্গা জেলার প্রায় সব সাংস্কৃতিক সংগঠন এই উৎসবে অংশগ্রহণ করছে। সাত দিনব্যাপী এই আয়োজনে নজরুলের জীবনদর্শনকেন্দ্রিক আলোচনা সভা ছাড়াও কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, নৃত্যনাট্য, হামদ-নাত, কীর্তন এবং নজরুলের লেখা বিশেষ নাটক পরিবেশনা থাকবে।
উদ্বোধনের পর প্রথম দিনেই শিল্পকলা একাডেমি চত্বরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। জাতীয় সংবাদমাধ্যম এবং স্থানীয় সংবাদ সংস্থাগুলো উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। উৎসবটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল থেকে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
এমই
আরও পড়ুন: নরসিংদীর গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ, পুলিশ তদন্ত শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন