১২:২৩ এম
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালিকা) শুভ সূচনার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উজ্জ্বল ছাপ ফেলেছে। আজ ঢাকার মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পেকুরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।
নান্দাইলের বালিকাদের গৌরবোজ্জ্বল এই জয়ের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই খুদে ফুটবলাররা ভবিষ্যতে দেশের ফুটবলের মুখ উজ্জ্বল করবে।
প্রতিমন্ত্রী জানান, জাতীয় পর্যায়ের প্রথম রাউন্ডে লালমনিরহাট জেলা দলকে হারানোর মাধ্যমে নান্দাইল উপজেলায় থাকা দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। এটিকে কেবল একটি দলের নয়, বরং পুরো নান্দাইলবাসীর গর্ব ও আনন্দের বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার শিক্ষক শূন্য পদ, জানান শিক্ষামন্ত্রী
তিনি আরও উল্লেখ করেন, মাঠে নান্দাইল দলের ফুটবলাররা যে অদম্য সাহস, দক্ষতা এবং লড়াইয়ের মানসিকতা প্রদর্শন করেছে, সেটিও সত্যিই প্রশংসনীয়। তাদের অসাধারণ নৈপুণ্য এবং দলগত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা দেয়। নান্দাইলের ক্রীড়াঙ্গনের এই সাফল্য ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
তিনি আশা ব্যক্ত করেছেন যে, বিজয়ের এই ধারা অব্যাহত রেখে নান্দাইল উপজেলা দল আগামী ম্যাচগুলোতেও সাফল্যের স্বাক্ষর রাখবে এবং জাতীয় পর্যায়ে আরও গৌরব অর্জন করবে।
আজকের টানটান উত্তেজনার ম্যাচটিতে নির্ধারিত ৫০ মিনিটের খেলায় উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের দারুণ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেয়। তবে শেষ পর্যন্ত নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা একমাত্র গোলটি করে দলের জয় নিশ্চিত করে। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠে ও গ্যালারিতে নান্দাইল থেকে আগত সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়।
আরও পড়ুন: ফতুল্লায় খাল খনন ও পরিষ্কার কার্যক্রম উদ্বোধন জামায়াত নেতা আবদুল জব্বার
এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মাঠে উপস্থিত থেকে নান্দাইলের বালিকাদের এই রোমাঞ্চকর খেলা উপভোগ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর পক্ষ থেকে প্রতিনিধি মো. ফরিদুর রেজা সাগর। খেলা শেষে তিনি বিজয়ী দলকে মাঠে অভিনন্দন বার্তা পৌঁছে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন