০৭:২৮ পি.এম
গাজীপুরের কালিয়াকৈরে বংশাই নদীতে নিখোঁজের এক দিন পর সাথী আক্তার মীম (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বড়ইতলী এলাকা সংলগ্ন নদীর অংশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।
নিহত সাথী আক্তার মীম কালিয়াকৈর উপজেলার বড়ইতলী এলাকার কবির হোসেনের মেয়ে।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাথী আক্তার অন্যদের সঙ্গে বাড়ির পাশে বংশাই নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পানিতে তলিয়ে যায় সে।
এ সময় পাশে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও টঙ্গীর ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। দিনভর চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের একদিন পর শনিবার দুপুরে ঘটনাস্থলের পাশেই নদীর পানিতে শিশুটির লাশ ভেসে ওঠে।
আরও পড়ুন: রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ
পরে পরিবারের লোকজন খবর পেয়ে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লিডার আলমগীর কবির বলেন, ‘শুক্রবার গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়। দিনভর চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন শনিবার দুপুরে ঘটনাস্থলের পাশে তার লাশ ভেসে ওঠে। পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন: নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন