ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পদ্মের ডাঁটা থেকে তৈরি হচ্ছে বিশ্বমানের ‘লোটাস সিল্ক’, রপ্তানির সম্ভাবনা বিশাল


পদ্মের ডাঁটা থেকে তৈরি হচ্ছে বিশ্বমানের ‘লোটাস সিল্ক’, রপ্তানির সম্ভাবনা বিশাল

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে প্রায় ৬০০ একরজুড়ে বিস্তৃত চাপাইবিল (স্থানীয়ভাবে হরাইবিল) বর্ষা মৌসুমে প্রাকৃতিক পদ্মফুলে ভরে ওঠে। এই পদ্মের ডাঁটা থেকে সংগৃহীত সূক্ষ্ম তন্তু দিয়ে তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম দামি সুতা ‘লোটাস সিল্ক’, যা স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পদ্ম গবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দিনের উদ্যোগে এখানে লোটাস সিল্ক তৈরির গবেষণা ও স্থানীয় নারীদের প্রশিক্ষণ শুরু হয়। পদ্মের ডাঁটা ভাঁজ করে বের করা সূক্ষ্ম ও আঠালো তন্তু হাতের সাহায্যে পাকিয়ে মসলিনের মতো মিহি সুতা তৈরি করা হয়।

সংশ্লিষ্টদের ভাষ্যমতে, আন্তর্জাতিক বাজারে এক কেজি লোটাস সুতার দাম ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪ লাখ ২৭ হাজার টাকা। এ ছাড়া প্রতি গজ কাপড়ের দাম হতে পারে ১ হাজার ডলার পর্যন্ত। লোটাস সিল্কের তৈরি একটি শাড়ি বিক্রি হয় ১০ লাখ টাকার বেশি দামে। আর এ সুতায় তৈরি পোশাকের দাম প্রায় ৫ লাখ টাকা।

আরও পড়ুন: অর্থমন্ত্রী: সরকার সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব দিচ্ছে, ব্যাংকগুলোকে বিনিয়োগের আহ্বান

এমন উচ্চমূল্যের পণ্য উৎপাদনের সম্ভাবনা থাকলেও চাপাইবিলে এখনো গড়ে ওঠেনি বাণিজ্যিক উৎপাদনব্যবস্থা। সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিনেও প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় সম্ভাবনাময় এ উদ্যোগ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

শুরুতে বিলের সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কায় স্থানীয়রা এতে আপত্তি জানালেও বর্তমানে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এর অর্থনৈতিক সুফল নিতে সবাই আগ্রহী। তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এখনো এখানে বাণিজ্যিক উৎপাদন শুরু করা যায়নি।

সম্প্রতি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ বিলটি পরিদর্শন করে বিশ্বদরবারে দেশীয় এই শিল্পকে তুলে ধরার এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার আশাবাদ ব্যক্ত করেছেন।

স্থানীয়দের প্রত্যাশা, সরকারি সহযোগিতা ও নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে চাপাইবিলকে ঘিরে নারীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি একটি লাভজনক রপ্তানিমুখী শিল্প গড়ে উঠবে।

আরও পড়ুন: পুরোনো সোনা বিক্রি ও বদলে নতুন নিয়ম কার্যকর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরবঙ্গে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ এম


উত্তরবঙ্গে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠার উদ্যোগ

॥ একেএম রাশেদ শাহরিয়ার ॥

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : উত্তরবঙ্গের মানুষের কাছে একসময় ‘মঙ্গা’ ছিল আতঙ্কের প্রতীক। খাদ্যসংকট, দারিদ্র্য এবং কর্মসংস্থানের অভাবে, বছরের নির্দিষ্ট সময়ে অসংখ্য মানুষকে ভোগান্তির শিকার হতে হতো। খাদ্য ও কাজের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ছুটতে হতো। সেই উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পায়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনার কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার।

কৃষিকে উৎপাদনের সীমাবদ্ধতা থেকে মুক্ত করে বাণিজ্যিকীকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তরের লক্ষ্যে বগুড়া, জয়পুরহাট এবং নওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সেখানে এগ্রো প্রসেসিং জোনও গড়ে তোলা হবে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে উঠবে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হবে। বিশেষ করে তরুণদের জন্য কৃষিকে ঘিরে নতুন ব্যবসা এবং কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কৃষি মন্ত্রণালয়ের অধীনে পরিকল্পিত ১০টি ফ্ল্যাগশিপ প্রকল্পের মধ্যে উত্তরাঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগটি অন্যতম। প্রাথমিক পরিকল্পনায় বগুড়া, জয়পুরহাট এবং নওগাঁকে সম্ভাব্য প্রকল্প এলাকা হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অনুমোদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্তির জন্য যাচাই কমিটি প্রকল্পটি সুপারিশ করেছে।

সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষিকে একটি সমন্বিত অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। কৃষিপণ্যের উৎপাদন থেকে শুরু করে সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং এবং বাজারজাতকরণের জন্য কার্যকর অবকাঠামো এবং সুযোগ সৃষ্টি করা। এর ফলে কৃষিপণ্যের অপচয় কমবে, উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি পাবে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠার মাধ্যমে কৃষিভিত্তিক শিল্পকারখানা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, সংরক্ষণাগার এবং বিপণনব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। এতে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন খাদ্যপণ্য ও শিল্পপণ্য তৈরি করা সম্ভব হবে। কৃষক, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের মধ্যে নতুন অর্থনৈতিক সংযোগ তৈরি হবে। ফলে কৃষির সঙ্গে শিল্পের সম্পর্ক আরও দৃঢ় হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, উত্তরবঙ্গের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা গেলে একসময় মঙ্গার কারণে পরিচিত জনপদটি কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে। কৃষির সঙ্গে শিল্প, ব্যবসা এবং কর্মসংস্থান যুক্ত হলে স্থানীয় মানুষের আয় বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে।

তথ্যানুযায়ী, কৃষির দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং বাণিজ্যিকীকরণের পাশাপাশি কৃষকের আর্থিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে কৃষি মন্ত্রণালয়। আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়ায় এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় প্রধানমন্ত্রী তারেক রহমান মোট পাঁচ লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড ও প্রণোদনা বিতরণ করবেন। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের গত ১৭ নভেম্বরের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, দেশব্যাপী কৃষক কার্ড কর্মসূচির আওতায় এ পর্যন্ত ২৫ লাখ ৭৯ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। দেশের ৬৪টি জেলার ৫০৩টি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছেন ৭ হাজার ৪৬৮ জন উপসহকারী কৃষি কর্মকর্তা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ১৭ লাখ ৪৬ হাজার কৃষকের তথ্য অনুমোদন করেছে। ব্যাংক হিসাব খোলার জন্য ১৭ লাখ ১৬ হাজার কৃষকের তথ্য এপিআইতে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১৪ লাখ ৭৪ হাজার কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে। এ পর্যন্ত ২৭ হাজার ২৩০টি কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কৃষি উপকরণ সহায়তা হিসেবে কৃষকদের ব্যাংক হিসাবে ৩০ কোটি ১৩ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে প্রায় ২ কোটি ৩৫ লাখ কৃষককে কৃষক কার্ড কর্মসূচির আওতায় আনা হবে। ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৮ লাখ ৮০ হাজার কৃষক কৃষি উপকরণ সহায়তা পাবেন। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৯৭০ কোটি টাকা।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের বছরে জনপ্রতি দুই হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকের কাছে সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া, কৃষিসেবা সহজ করা এবং বিতরণব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষক কার্ড এবং কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা একই সঙ্গে বাস্তবায়িত হলে কৃষির সামগ্রিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষক একদিকে উৎপাদনের জন্য প্রয়োজনীয় সহায়তা পাবেন, অন্যদিকে উৎপাদিত পণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের সুযোগ বৃদ্ধি পাবে। এতে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি কৃষিভিত্তিক নতুন শিল্প এবং উদ্যোক্তা তৈরির সম্ভাবনা তৈরি হবে।

একসময় যে উত্তরবঙ্গের মানুষের কাছে মঙ্গা ছিল খাদ্য এবং কর্মসংস্থানের সংকটের প্রতীক, সেই অঞ্চলকে কৃষি উৎপাদন, শিল্পায়ন এবং বিনিয়োগের সম্ভাবনাময় অঞ্চলে রূপান্তর করাই এখন সরকারের অন্যতম লক্ষ্য। কৃষককে উৎপাদনের উপযুক্ত সহায়তা দেওয়া এবং উৎপাদিত পণ্যের বাণিজ্যিক মূল্য নিশ্চিত করার মাধ্যমে উত্তরবঙ্গের অর্থনীতিতে স্থায়ী পরিবর্তন আনার প্রত্যাশা করছে সরকার।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে জানান, একসময় মঙ্গা উত্তরবঙ্গের মানুষের জন্য ছিল একটি বড় চ্যালেঞ্জ। খাদ্যসংকট এবং কর্মসংস্থানের অভাবে এ অঞ্চলের মানুষকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সেই উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক অর্থনৈতিক সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি অর্থনৈতিক অঞ্চল এবং এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের কৃষিতে উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ পর্যন্ত নতুন সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, উত্তরাঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা সম্ভব। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন, ফসলের অপচয় কমবে এবং তরুণদের জন্য নতুন উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের আধুনিক প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে।

জানতে চাইলে কৃষি সচিব মো. সেলিম খান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষকের অর্থনৈতিক ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কৃষির বাণিজ্যিকীকরণের উদ্যোগ দেশের কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। আমরা চাই, উত্তরবঙ্গের কৃষক উৎপাদনের পাশাপাশি কৃষিপণ্যের বাণিজ্যিক মূল্য সংযোজনের সুফলও পান।

বর্তমান সরকার উত্তরবঙ্গের কৃষিকে অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে চায় উল্লেখ করে কৃষি সচিব বলেন, এ লক্ষ্যে কৃষি অর্থনৈতিক অঞ্চল এবং এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা কৃষিকে শুধু ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। কৃষকের উৎপাদিত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন এবং দেশি-বিদেশি বাজারে পৌঁছে দেওয়ার একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে চাই।

তিনি বলেন, বগুড়া, জয়পুরহাট এবং নওগাঁকে কেন্দ্র করে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি এগ্রো প্রসেসিং জোন গড়ে উঠলে কৃষিপণ্যের অপচয় কমবে, কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে অচলাবস্থার মধ্যেও বাণিজ্য সচল রাখছে ওমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ এম


হরমুজে অচলাবস্থার মধ্যেও বাণিজ্য সচল রাখছে ওমান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার ফলে উপসাগরীয় অঞ্চলের বাণিজ্য ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর পণ্য পরিবহন সচল রাখতে নিজেদের ভৌগোলিক অবস্থান এবং সমুদ্রবন্দরকে কাজে লাগাচ্ছে ওমান। দেশটির বন্দর ও স্থলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের বিকল্প ব্যবস্থা গড়ে উঠছে।

মাসকাট পলিসি কাউন্সিলের চেয়ারম্যান ইউসুফ আল বুলুশি এই তথ্য জানিয়েছেন। ইতালির নেপলসে বক্তব্য দেওয়ার সময় তিনি এ বিষয়ে আলোচনা করেন।

ইউসুফ আল বুলুশি উল্লেখ করেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমানের মধ্যে ‘গ্রিন করিডর’ পণ্য পরিবহনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ব্যবস্থার মাধ্যমে সীমান্ত দিয়ে দ্রুত পণ্য পরিবহন করা হচ্ছে, এবং পরে সেগুলো সমুদ্রপথের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, সৌদি আরবগামী পণ্য পরিবহনের ক্ষেত্রেও ওমানের বন্দরগুলো ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে দুকম ও সোহর বন্দর দিয়ে এসব পণ্য সৌদি আরবের উদ্দেশে পাঠানো হচ্ছে।

হরমুজ প্রণালিতে চলমান বিঘ্নের মধ্যে বিকল্প স্থল ও সমুদ্রপথ ব্যবহার করে উপসাগরীয় দেশগুলোর বাণিজ্য অব্যাহত রাখার ক্ষেত্রে ওমানের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলা বন্দরে ঘূর্ণিঝড় ‘আকভান’ পর পণ্য খালাস শুরু, ব্যবসায়ীরা শঙ্কিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ এম


মোংলা বন্দরে ঘূর্ণিঝড় ‘আকভান’ পর পণ্য খালাস শুরু, ব্যবসায়ীরা শঙ্কিত

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর তাণ্ডব ও বৈরী আবহাওয়ার কারণে টানা ৭২ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং সমুদ্র বন্দরের ওপর জারি করা সতর্ক সংকেত নামিয়ে ফেলার পর আজ সকাল থেকে বন্দরে পণ্য ওঠানামা ও জাহাজ চলাচল পুরোদমে শুরু হয়েছে।

বন্দরের কার্যক্রম সচল হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে জেটি, ইয়ার্ড ও পশুর চ্যানেলে। বন্দর ব্যবহারকারী, আমদানি-রফতানিকারক ও শ্রমিকরা স্বস্তি প্রকাশ করেছেন।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ায় এবং উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও ভারি বর্ষণ শুরু হলে নিরাপত্তার স্বার্থে বন্দরের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। ওই সময় বন্দরের জেটি ও পশুর চ্যানেলে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ এবং বন্দর চ্যানেলে অবস্থান নেওয়া নৌযানগুলোকে নিরাপদে এবং সাবধানে রাখা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে অভিযান, উদ্ধার হলো ১০০টির বেশি আইইডি বোমা ও বিপুল অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ এম


টেকনাফে অভিযান, উদ্ধার হলো ১০০টির বেশি আইইডি বোমা ও বিপুল অস্ত্র

কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শতাধিক আইইডি বোমা, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

এছাড়াও, একই সময়ে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করা হয়েছে। তবে বিজিবি আটককৃতদের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

রোববার (২২ নভেম্বর) কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। রামু সেক্টরের অধীন ২ বিজিবি এই বিশেষ অভিযানটি পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে এই অভিযান চালানো হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিজিবি সূত্রে উল্লেখ করা হয়েছে যে, চক্রটি মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল।

অভিযানে উদ্ধার করা আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামগুলো সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে বিস্ফোরক তৈরির উপকরণ ছাড়াও স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার ও বিভিন্ন ধরনের উন্নতমানের যন্ত্রপাতি অন্তর্ভুক্ত রয়েছে।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং দুটি অটোরিকশা জব্দ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%