ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী


জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংযোগের মাধ্যমে জ্ঞানকে বাস্তবমুখী উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগানো সম্ভব।

তিনি রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছে।

আরও পড়ুন: শফিকুল আলম: আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পড়েছে

শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, এ সম্পর্ক প্রতিষ্ঠায় শুধু শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে পাঠিয়ে ইন্টার্নশিপ করানোর চিন্তা করলে হবে না। শিক্ষকদেরও আগে শিল্পপ্রতিষ্ঠানে গিয়ে সেখানকার চাহিদা ও বাস্তবতা বুঝতে হবে। এরপর সেই অভিজ্ঞতার ভিত্তিতে গবেষণা, পাঠ্যক্রম ও সিলেবাস তৈরি করে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করতে হবে।

তিনি আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক এমন হতে হবে, যাতে উভয় পক্ষই লাভবান হয়। বিশ্ববিদ্যালয় শিল্পপ্রতিষ্ঠানকে কী দেবে এবং শিল্পপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে কী সুবিধা পাবে, সেটিও বিবেচনায় নিতে হবে। এক পক্ষের সহযোগিতা চাওয়ার পাশাপাশি অন্য পক্ষের সুবিধা ও প্রয়োজনও স্বীকার করতে হবে।

উন্নত বিশ্বের অভিজ্ঞতা অনুসরণ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন দেশের উন্নয়নের মডেল নিয়ে আমাদের চিন্তা করতে হবে। উন্নত বিশ্ব কীভাবে এগিয়েছে, তাদের অভিজ্ঞতা কী, সেসব বাস্তবসম্মতভাবে অনুসরণ করা প্রয়োজন।

গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশে গবেষণার বিষয়বস্তু ও মান নিয়ে আরও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। জ্ঞানকে বাণিজ্যিকীকরণ করতে হবে। জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে গবেষণার ফলাফল গ্রহণ ও ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: মিরপুরে নাশকতার পরিকল্পনায় যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না। বর্তমান শ্রমবাজারে যেসব বিভাগের প্রয়োজন নেই, সেসব বিভাগ চালু করা উচিত নয়। শিক্ষক রাজনীতি বা ছাত্ররাজনীতির বিবেচনায় নতুন বিভাগ খোলার পরিবর্তে বাজারের চাহিদা, কর্মসংস্থানের সুযোগ ও প্রয়োজনীয় জনবল বিবেচনায় নিতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও এ ক্ষেত্রে সতর্ক ভূমিকা পালন করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে উদ্বেগের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এআইকে তিনি সমস্যা নয়, বরং সমাধানের অংশ হিসেবে দেখেন। ১৯৮০-এর দশকে কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের উদ্ভাবনের সময়ও চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে সেই আশঙ্কা পুরোপুরি সত্য হয়নি। তাই এআই নিয়েও অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

বিশ্ববিদ্যালয়ের বাজেট ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে বরাদ্দকৃত অর্থ কীভাবে ব্যয় করা হবে, বিশেষ করে মানসম্মত শিক্ষা ও গবেষণার উন্নয়নে কত অর্থ ব্যয় হচ্ছে, সে বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা নিজেরাই চিহ্নিত করতে হবে এবং সমাধানের উদ্যোগ নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের নিজেদের প্রতিষ্ঠানের বাজেট, গবেষণা ও উৎপাদনশীলতা নিয়ে পরিকল্পনা করতে হবে। শুধু বক্তৃতা ও দীর্ঘ গবেষণাপত্র নয়, বাস্তব কাজের অগ্রগতি ও ফলাফলও দেখাতে হবে।

আরও পড়ুন: সদরঘাটে ককটেল বিস্ফোরণে উত্তেজনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

তিনি বলেন, সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় অর্থ ও সহযোগিতা দিতে আগ্রহী। শিল্পপ্রতিষ্ঠানগুলোও সরকারের কাছে বিভিন্ন প্রণোদনা ও সহযোগিতা চায়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান উভয়ের প্রয়োজন বিবেচনায় নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া যেতে পারে। শিল্পপ্রতিষ্ঠানের প্রস্তাব, আধুনিকায়ন, পাঠ্যক্রম সংস্কার, ফলাফলভিত্তিক শিক্ষা, যৌথ গবেষণা, উদ্ভাবন কেন্দ্র ও ইনকিউবেটর প্রতিষ্ঠার মতো বিষয়গুলোতে সরকার সহযোগিতা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স-এর সভাপতি ড. মহিউদ্দিন।

সেমিনারে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: নাটোরে নিজের মা ও শিশুপুত্রকে গলাকেটে হত্যার দায়ে শাহ আলমের মৃত্যুদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরব থেকে স্বর্ণ কম দামে আনতে নিয়মাবলী ও শুল্ক জানালেন বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


সৌদি আরব থেকে স্বর্ণ কম দামে আনতে নিয়মাবলী ও শুল্ক জানালেন বিশেষজ্ঞরা

দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমলেও, সৌদি আরবের সঙ্গে দামের ব্যবধান এখনও অত্যন্ত বেশি। বর্তমানে বাংলাদেশে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা, যেখানে সৌদি আরবে বাংলাদেশি মুদ্রায় এর মূল্য মাত্র ১ লাখ ৫০ হাজার টাকার মতো। অর্থাৎ, প্রতি ভরিতে পার্থক্য প্রায় সাড়ে ৪৪ হাজার টাকা। ২১ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরিতে প্রায় সাড়ে ৪২ হাজার টাকার ব্যবধান বিদ্যমান। এই বিশাল সাশ্রয়ের কারণে অনেকেই সৌদি আরব থেকে স্বর্ণ আনতে আগ্রহী হয়ে ওঠেন।

হজ বা ওমরাহ পালনের সময় নিজের জন্য অথবা প্রবাসী স্বজন ও পরিচিত যাত্রীদের মাধ্যমে বৈধভাবে সৌদি আরব থেকে স্বর্ণ আনা সম্ভব। তবে, এ ক্ষেত্রে বিমানবন্দরের ব্যাগেজ বিধিমালা মেনে চলা অত্যন্ত জরুরি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিধিমালা অনুসারে, একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম (প্রায় ৮ ভরি ১০ আনা) স্বর্ণের গহনা শুল্ক ছাড়াই আনতে পারবেন। তবে, একই নকশার গহনার সংখ্যা ১২টির বেশি হওয়া উচিত নয়। অন্যদিকে, স্বর্ণের বার আনতে চাইলে বছরে সর্বোচ্চ ১০ তোলা (১১৭ গ্রাম) আনা যাবে, যার জন্য প্রতি তোলায় ৫ হাজার টাকা হারে মোট ৫০ হাজার টাকা শুল্ক দিতে হবে।

স্বর্ণ আনার সময় বিমানবন্দরে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ করে কাস্টমসকে তথ্য জানানো বাধ্যতামূলক। শুল্কমুক্ত সীমার মধ্যে গহনা থাকলে গ্রিন চ্যানেল এবং শুল্কযোগ্য স্বর্ণ থাকলে রেড চ্যানেল ব্যবহার করতে হবে।

তবে মনে রাখা উচিত, সৌদি আরবের মূল বাজারদরের সঙ্গে গহনার মজুরি ও ভ্যাট যোগ করা হয়। তাই কেনার আগে রসিদ সংগ্রহ করা, ক্যারেট যাচাই করা এবং ভ্যাট-মজুরিসহ চূড়ান্ত দাম হিসাব করে নেওয়া বুদ্ধিমানের কাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানিয়ে ভারত সরকারের প্রতি ৬ দফা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানিয়ে ভারত সরকারের প্রতি ৬ দফা দাবি

ভারতের ওয়েলফেয়ার পার্টি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে। দলটি এই রায়কে আন্তর্জাতিক বিচার ও জবাবদিহির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, নিরাপদ প্রত্যাবাসন এবং ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি ছয় দফা দাবি জানিয়েছে তারা।

সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ড. সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস আইসিজের এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানান। তিনি বলেন, জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থার এ রায় বিশ্ব আদালতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে আদালত।

গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে আইসিজে। ৯-৬ ভোটে আদালত সিদ্ধান্ত দেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চলাকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে মিয়ানমার তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলেও রায়ে উল্লেখ করা হয়।

ড. ইলিয়াস বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ব্যাপক সহিংসতার বিবরণ আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। এই রায় শুধুমাত্র একটি মতামত নয়; এটি আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত। আইসিজের রায় চূড়ান্ত এবং মামলার পক্ষগুলোর জন্য তা মানা বাধ্যতামূলক; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

ওয়েলফেয়ার পার্টির বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এই রায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের জন্য রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করার নীতিকে আরো শক্তিশালী করেছে।

ড. ইলিয়াস বলেন, এই রায় যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। এর পূর্ণ বাস্তবায়নে ভারত সরকারকে সক্রিয় ভূমিকা নিতে হবে। এ লক্ষ্যে তিনি ছয় দফা দাবি তুলে ধরেন।

প্রথমত, আইসিজের রায়কে প্রকাশ্যে স্বাগত জানিয়ে গণহত্যা সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে হবে।

দ্বিতীয়ত, দ্বিপক্ষীয় কূটনৈতিক যোগাযোগ, জাতিসংঘ এবং আঞ্চলিক ফোরামসহ সব পর্যায়ে মিয়ানমারের ওপর কূটনৈতিক, রাজনৈতিক ও নৈতিক চাপ প্রয়োগ করতে হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে রায়টি পুরোপুরি বাস্তবায়িত হয়।

তৃতীয়ত, রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, বৈষম্যমূলক আইন বাতিল এবং নিজ দেশে তাদের নিরাপত্তা, সম্পত্তি, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার দাবি জানাতে হবে।

চতুর্থত, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিজ নিজ বসতভিটায় নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন এবং ক্ষতিগ্রস্তদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিপূরণের ব্যবস্থাও থাকতে হবে।

পঞ্চমত, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানাতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে আর না ঘটে, সে নিশ্চয়তাও আদায় করতে হবে।

ষষ্ঠত, ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নির্বাসন, আটক ও হয়রানি বন্ধ করতে হবে। গণহত্যার শিকার জনগোষ্ঠীর মানুষকে অপরাধী বা অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা উচিত নয়। নিরাপদে দেশে ফেরার সুযোগ তৈরি না হওয়া পর্যন্ত ভারতে তাদের আশ্রয়, শিক্ষা, চিকিৎসা ও মানবিক সুরক্ষা দিতে হবে।

ড. ইলিয়াস আরো বলেন, ‘গণহত্যার বিষয়টি এখন বিচারিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এ অবস্থায় নীরবতা আর নিরপেক্ষতা নয়, বরং দায় এড়ানোর শামিল।’ তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে ভারতের উচিত নিপীড়িত মানুষের পাশে, আন্তর্জাতিক আইনের পক্ষে এবং ন্যায়বিচারের স্বার্থে অবস্থান নেওয়া।

ওয়েলফেয়ার পার্টি জানিয়েছে, রোহিঙ্গাদের নাগরিকত্ব, ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিভিন্ন ফোরামে দলটি এ বিষয়ে দাবি তুলে যাবে।

সূত্র: ইন্ডিয়ান আওয়াজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে নিজের মা ও শিশুপুত্রকে গলাকেটে হত্যার দায়ে শাহ আলমের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


নাটোরে নিজের মা ও শিশুপুত্রকে গলাকেটে হত্যার দায়ে শাহ আলমের মৃত্যুদণ্ড

নাটোরে নিজের মা ও শিশু পূত্রকে হত্যার দায়ে শাহ আলম নামক একজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, এবং তার সহযোগী সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়া হয়েছে। মামলার অপর আসামী মিন্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। একই সাথে অভিযুক্ত শাহ আলমের ৫০ হাজার টাকা এবং অভিযুক্ত সোহাগের ২০ হাজার টাকা অর্থদণ্ডও আরোপ করা হয়। রায়ের সময় শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন, তবে অপর অভিযুক্ত সোহাগ পলাতক অবস্থায় রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাহেদ মাহমুদ টিটু জানান, ২০১৭ সালের ১৯ নভেম্বর সদর উপজেলার দস্তনাবাদ গ্রামে শাহ আলম তার মা বিলকিস বেগম ও তার কাছে থাকা শিশু পূত্র আলিফকে গলাকেটে হত্যা করে। এ সময় তিনি তার বাবা শাহাদৎ সরদারকে কুপিয়ে জখম করেন। ঘটনার পর পরই বাবা শাহাদৎ সরদার তার স্ত্রী ও নাতিকে হত্যার অভিযোগে ছেলে শাহ আলমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ শাহ আলম, সোহাগ ও মিন্টুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের পর ঘটনার ৯ বছর পর বিচারক এই রায় প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সদরঘাটে ককটেল বিস্ফোরণে উত্তেজনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


সদরঘাটে ককটেল বিস্ফোরণে উত্তেজনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

রাজধানীর সদরঘাটে ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে বাকল্যান্ড বাঁধ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে একই স্থান থেকে আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। রোববার (২২ নভেম্বর) দুপুরে এই ঘটনার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানাধীন সদরঘাটের বাকল্যান্ড বাঁধ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার ডাস্টবিনের সামনে বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এই পরিস্থিতির জেরে একপর্যায়ে সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয় এবং তখনই ককটেলটি বিস্ফোরিত হয়। তবে সংঘর্ষের বিস্তারিত এবং বিস্ফোরণের সাথে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিএমপির কোতোয়ালি জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজিমুদ্দিন আল আজাদ "আমার দেশ"-কে জানান, “ককটেল বিস্ফোরণের খবর শুনেছি। কীভাবে কী হলো, এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে খতিয়ে দেখা হচ্ছে।”

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কটিকে নিরাপত্তা বেষ্টনীর আওতায় নেয় এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করে। পাশাপাশি ঘটনাস্থলে পড়ে থাকা অবিস্ফোরিত ককটেলটি ঘিরে সতর্কতা অবলম্বন করা হয়।

এই ঘটনায় সদরঘাট ও বাকল্যান্ড বাঁধ এলাকায় আতঙ্ক এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশ জানায়, বিস্ফোরণের কারণ অনুসন্ধান, জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%