০২:৩৪ এম
রাজধানীর শ্যামলীতে অনুরাগ রেস্টুরেন্ট এবং ফার্মেসির দিকে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফার্মেসির কাচ ভেঙে গেলেও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্র এবং পুলিশের তথ্য অনুযায়ী, অনুরাগ রেস্টুরেন্ট এবং ফার্মেসির ভবনের মালিক হলেন আওয়ামী লীগের সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তবে প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন তার ভাই জুয়েল তালুকদার।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন
পুলিশের সূত্রে জানা যায়, কিছুদিন আগে রাষ্ট্রনের কাছে মোহাম্মদপুরের এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। তবে এই ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি।
মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ শরিফ জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এসে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
রাষ্ট্রন হোয়াটসঅ্যাপে যুগান্তরকে জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যায় রাষ্ট্রনকে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি ফোন করে বাদল ওরফে কাইল্লা বাদল এবং পাপ্পু ওরফে কিলার পাপ্পুর নাম উল্লেখ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ফোনে জানানো হয়, ‘গতকাল তোর বাসার সামনে ককটেল বিষ্ফোরণ করা হইছে, সেটা শুনোস নাই? টাকা না দিলে তোর পুরো বাড়ি জ্বালাইয়া দিমু’।
রাষ্ট্রন আরও জানান, ফোন করার আগের দিন রাতে ককটেল বিষ্ফোরণ ঘটে। এরপর তাকে ফোন করার পরদিন ৭ নভেম্বর রাতে আবার ককটেল বিষ্ফোরণ ঘটে। আজ (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে মোটরসাইকেলে আসা তিনজন দোকানের দিকে তিন রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এর আগে ককটেল বিষ্ফোরণের ঘটনা সম্পর্কে তিনি ডিসি অফিসকে জানিয়েছিলেন।
আরও পড়ুন: কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬১ নেতাকর্মীসহ আটক ২১১
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম যুগান্তরকে বলেন, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর রাষ্ট্রন। তার ভাই ব্যবসা পরিচালনা করেন। আজ ঘটনাস্থলে এসে শুনেছি কিছুদিন আগে চাঁদা দাবি করা হয়েছিল। তবে এটি চাঁদাবাজি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন