ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হারিয়ে যেতে বসেছে সাতক্ষীরার শ্যামনগরের দেড়’শ বছরের নকিপুর জমিদার বাড়ি


হারিয়ে যেতে বসেছে সাতক্ষীরার শ্যামনগরের দেড়’শ বছরের নকিপুর জমিদার বাড়ি

//মো. আসাদুজ্জামান//

সাতক্ষীরা, ১৯ নভেম্বর, ২০২৬ : দীর্ঘকাল ধরে অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে সাতক্ষীরার শ্যামনগরের দেড়’শ বছরের ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। স্থানীয়রা শঙ্কা প্রকাশ করেছেন যে, দ্রুত সংরক্ষণ উদ্যোগ না নিলে এই দেড়শতবর্ষী স্থাপনাটি স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে লিখিতভাবে জানানো হলে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। জেলা প্রশাসক কাউসার আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক

এক সময় এই জমিদার বাড়িটি ছিল তিনতলা বিশিষ্ট একটি বিশাল প্রাসাদ, যা সৌন্দর্যমণ্ডিত ছিল। ভবনটি সারি সারি স্তম্ভ, খিলান ও কারুকাজে সাজানো ছিল। সামনে ছিল বিস্তীর্ণ মাঠ, পাশে বড় পুকুর, পাকা ঘাট, নহবতখানা এবং জোড়া শিবমন্দির। জমিদারি ঐশ্বর্যের সেই স্মৃতি আজ ধ্বংসের পথে। বর্তমানে ছাদের বড় অংশ ধসে পড়েছে।

দেয়ালের পলেস্তারা খসে গিয়ে বেরিয়ে এসেছে সুন্দর কারুকার্য খচিত ইট। কোথাও আগাছার আড়ালে হারিয়ে গেছে স্থাপনার চিহ্ন। ২শ’ ১২ ফুট দীর্ঘ ভবনের চারপাশ এখন কলাগাছ, ঘাস ও আগাছায় ছেয়ে গেছে।

জানা যায়, ১৮৮৮ সালে জমিদার হরিচরণ রায় চৌধুরী তাঁর ঐশ্বর্য ও রুচিবোধের অনন্য নিদর্শন হিসেবে ইংরেজি ‘এল’ প্যাটার্নে নির্মিত ৪১ কক্ষবিশিষ্ট এ তিনতলা ভবনটি গড়ে তোলেন। শ্যামনগর থানার সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জমিদার বাড়িটি একসময় স্থানীয় জনজীবনের কেন্দ্রস্থল ছিল। সাতক্ষীরা জেলা শহর থেকে প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বাড়িটির ভৌগলিক অবস্থানও গুরুত্বপূর্ণ।

এ জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল প্রায় ১২ বিঘা জমির ওপর। এর মধ্যে মূল প্রাসাদটি নির্মিত হয় সাড়ে তিন বিঘা জমিতে, যা দেড় হাত প্রস্থের শক্ত প্রাচীর দিয়ে ঘেরা ছিল।

আরও পড়ুন: রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ

প্রবেশপথে ছিল একটি বিশাল সিংহদ্বার। কিছুটা সামনে বিশাল পুকুরে শান বাঁধানো ঘাট ছিল। পুকুরটিতে সারাবছর পানি থাকতো, এমনকি গ্রীষ্মকালেও পানি শুকাত না।

পুকুরঘাটের পাশে দাঁড়িয়ে ছিল ৩৬ ইঞ্চি সিঁড়ির একটি নহবতখানা, যার ৮টি স্তম্ভ আজও দাঁড়িয়ে অতীতকে স্মরণ করিয়ে দিচ্ছে।

ভবনের দৈর্ঘ্য ২শ’ ১০ ফুট এবং প্রস্থ ৩৭ ফুট। নিচতলায় ছিল অফিস কক্ষ, পূজার ঘরসহ ১৭টি কক্ষ এবং উপরতলায় ছিল আরও ৫টি কক্ষ। প্রতিটি কক্ষ ছিল কাঠের শৈল্পিক আসবাব, কার্পেট ও চন্দন কাঠের পালঙ্ক দিয়ে সুসজ্জিত। দরজা-জানালা ছিল শাল, সেগুন কাঠ এবং লোহার তৈরি। ছাদগুলো ছিল ১০ ইঞ্চি পুরু চুন-সুরকির।

এ স্থাপনার অলিন্দ, খিলান, কলাম ও পেডিমেন্টে স্পষ্ট ছাপ আছে ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের। প্রতিটি প্রবেশপথ ২০ ফুট অন্তর ছিল, ৪টি গেট দিয়ে প্রবেশের সুযোগ থাকায় বাড়িটি সুবিন্যস্ত ও সুরক্ষিত ছিল।

আরও পড়ুন: নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল

জমিদার হরিচরণ রায় ছিলেন জনহিতৈষী ও প্রতাপশালী শাসক। তাঁর আমলে শ্যামনগর তথা সাতক্ষীরার বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক বহু কাজ সম্পন্ন হয়। তিনি ১৮৯৯ খ্রিস্টাব্দে নির্মাণ করেন নকিপুর মাইনর স্কুলটি, যা বর্তমানে নকিপুর সরকারি হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচিত।

লোককথা অনুযায়ী, তাঁর মা নিস্তারিণী রায় ঘুমের মধ্যে স্বপ্নযোগে গুপ্তধনের অবস্থান পান, আর এ থেকেই নাকি হরিচরণ বিপুল সম্পদের মালিক হন এবং সূর্যাস্ত আইন প্রয়োগ করে তিনি বহু জমি কিনে স্বতন্ত্র জমিদারিতে পরিণত হন।

জমিদার হরিচরণ ১৯১৫ সালে মৃত্যুবরণ করেন। এরপর তাঁর জমিদারীর ভার পড়ে দুই ছেলের ওপর। তাঁর দুই ছেলে ১৯৩৭ ও ১৯৪৯ সালে মারা যান।

১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে হরিচরণ রায়ের উত্তরাধিকারীরা আর্থিক সংকটে পড়েন। ১৯৭১ সালে পরিবারের সর্বশেষ উত্তরাধিকারীরা কলকাতায় চলে গেলে বাড়িটি অযত্নে পড়ে থাকে। রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি ধ্বংস হতে থাকে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান জননেতা জাকির খানের পক্ষ থেকে

একসময়ের মূল্যবান সামগ্রীও চুরি ও লুটপাট হয়। এরপর থেকেই বাড়িটি অবহেলা ও লুটতরাজের শিকার হতে থাকে। মূল্যবান সব আসবাব ও স্থাপত্য উপকরণ চলে যায় চোর ও লুটেরাদের হাতে। বর্তমানে জমিদার বাড়ির অধিকাংশ কক্ষ ধ্বংসপ্রাপ্ত। দেয়ালের চুন-সুরকি খসে পড়ছে, ছাদে ফাটল ধরেছে, আর গাছ-লতাপাতা জড়িয়ে ধরেছে পুরো কাঠামোকে। এককালে জমিদার পরিবারের দুর্গাপূজার আয়োজনের জন্য নির্মিত বিশেষ পাকা প্যান্ডেলটিও আজ শুধুই স্মৃতি।

স্থানীয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী বাসসকে বলেন, জমিদার হরিচরণ রায় চৌধুরীর পূর্ব পুরুষদের বাস ছিল ভারতের মুর্শিদাবাদ জেলায়। সেখান থেকে তারা আসেন শ্যামনগর উপজেলার বেলেডাঙ্গা চৌধুরী আটি নামক স্থানে। তখন তাদের মাত্র ১৮ বিঘা জমি ছিল। তাঁর বাবা পীরে নাথ চৌধুরী ও তাঁর ঠাকুর দা ছিলেন হরপ্রসাদ রায় চৌধুরী।

পীরে নাথ চৌধুরী নকিপুরে এ জমি কেনেন। জমিদার হরিচরণ রায় চৌধুরীর এখানেই জন্ম গ্রহণ করে। ১৮৮৫ সালে তারা সূর্যাস্ত আইনে এখানে দুই লাখ একর জমি কেনেন। যা ভারত ও বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে।

হরিচরণ রায় চৌধুরীর দুই ছেলে রায় সতীন্দ্র নাথ চৌধুরী ও যতীন্দ্র নাথ চৌধুরী দেশ বিভাগের আগেই এখান থেকে চলে যান। এরপর তারা ভারতের ভবানীপুর ও টালিগঞ্জে দুটি বাড়ি নির্মাণ করেন।

আরও পড়ুন: পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

নকিপুর হরিচরণ পাইলট স্কুলটি ১৮৯৯ সালে জমিদাররা প্রতিষ্ঠা করেন। এ স্কুলের শতবর্ষী পূর্তি অনুষ্ঠানে ২০০০ সালে জমিদার বাবুর বংশধর রায় বিবনন্দ চৌধুরী এবং জমিদারদের মেয়ে প্রখ্যাত সুরকার পুলক বন্দোপদ্যায়ের স্ত্রী ও তাঁর ছেলে এখানে এসেছিলেন। পুলক বন্দোপদ্যায়ের স্ত্রী এ সময় এ বাড়ির স্মৃতিচারণ করে বলেছিলেন, তিনি এখানে কোন ঘরে থাকতেন। পুকুরপাড়ে কোথায় বসতেন। তারা তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি দেখে খুশি হয়েছিলেন।

তিনি আরো বলেন, ১৯৮৮ সালে এ জমিদার বাড়িটি আমি নিজেই দেখেছি। তখনও এই বাড়িটি বসবাসের উপযুক্ত ছিল। ডানপাশের ভবনে এখানে সিএ রেভিনিউ এর অফিস ছিল।

এই দোতলায় রেভিনিউ অফিসারের ফ্যামিলিসহ বসবাস করতেন। তিনতলা এই ভবনটিতে (৩৪+৭) মোট ৪১টি কক্ষ ছিল। ওই সময়ও যদি বাড়িটি সংস্কার করা যেতে, তাহলে তখন অনেক কিছুই ভালো পাওয়া যেতো। তিনি এসময় জমিদারের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য বাড়িটি সংস্করে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় বাসিন্দা রাজেন্দ্র মন্ডল বাসসকে বলেন, আমার বাবা ও ঠাকুরদাদারা বলে গেছেন, এখানে একটি পীরের থান (নহবতখানা) ছিল। জমিদার হরিচরণ রায় চৌধুরী এখানে বসে পূজা অর্চনা করতেন। এটি আমরা সবার কাছ থেকে চাঁদা নিয়ে জমিদারের স্মৃতিচিহ্নটা ধরে রেখেছি।

আরও পড়ুন: তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ।

জমিদার বাড়ির প্রতিবেশী কৃষক শেখ সিরাজুল ইসলাম জানান, জমিদার বাড়ির দক্ষিণ পাশে দুটি শিবমন্দির রয়েছে যা এক তলা বিশিষ্ট। তার দক্ষিণ ধারে রয়েছে আলীর থান বলে একজন মুসলমান, সে ওখানে বসতো, তার থান ওখানে রয়েছে। এখন যারা জমিদার বাড়িতে রয়েছেন, তারা খাস জমির উপর বসবাস করছেন।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাল জানান, ছোট বেলা থেকে এখানে বড় হয়েছি। আরো ১০ থেকে ১৫ বছর আগে সরকার যদি এ জায়গাটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতো তাহলে অনেক ভালো হতো। এ জমিদার বাড়িটি গাছপালায় ভরে গেছে, চারিদিকে নোংরা পরিবেশ হয়ে গেছে। ফাতেমা ও আনোয়ারা নামে দুই মহিলা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। তাদের বাড়ি-ঘর কোন কিছুই নেই।

জমিদারবাড়িতে বসবাসকারী আনোয়ারা খাতুন জানান, তিনি অনেক ছোট বেলা থেকে এখানে বসবাস করছেন।

তার মা সিও সাহেবের বাসায় রান্না করতেন। এখানে ১শ’ রুম দেখেছেন। এলাকার লোকজন এ বিল্ডিং ভেঙে ফেলেছেন। এখানে এখন কষ্টে জীবন যাপন করছেন বলে জানান তিনি।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বাসসকে বলেন, শ্যামনগর ঐতিহাসিকভাবে অনেক সমৃদ্ধ। এখানে সুন্দরবনসহ প্রত্নতাত্বিক নিদর্শনও রয়েছে। তার মধ্যে নকিপুর জমিদার বাড়ি একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্বিক নিদর্শন। এ নিদর্শন সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে আমরা মিনিস্ট্রিতে এ স্থাপনার বিভিন্ন তথ্য পাঠিয়েছি। উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে সংরক্ষণের ক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করে থাকি।

সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ বাসসকে বলেন, সাতক্ষীরা জেলায় যে সমস্ত প্রত্নতাত্বিক সম্পদ রয়েছে, তার মধ্যে শ্যামনগর উপজেলার নকিপুর জমিদার বাড়িটি অন্যতম। সেটির ঐতিহ্যকে ধরে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।

ইতোমধ্যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে পজেটিভ সাড়াও পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে এ সম্পত্তি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে হামলায় কৃষকদল নেতা মো. শাহিন নিহতের ঘটনায় রিজভীর নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


নড়াইলে হামলায় কৃষকদল নেতা মো. শাহিন নিহতের ঘটনায় রিজভীর নিন্দা

নড়াইলে এক দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন কালিয়া পৌর কৃষক দলের সদস্যসচিব মো. শাহিন (৪৩)। এই ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন, "আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারীরা দেশে অচলাবস্থা সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে।" তিনি আরও বলেন, "নড়াইল জেলাধীন কালিয়া পৌর কৃষকদলের সদস্যসচিব মো. শাহিনের ওপর দুষ্কৃতকারীরা নিষ্ঠুর হামলা চালিয়ে তাকে পৈশাচিকভাবে হত্যা করেছে।"

রিজভী সতর্ক করে দিয়ে বলেন, "এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে না পারলে ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিজয় হুমকির সম্মুখীন হবে।" তিনি জনগণের প্রতি আহ্বান জানান, ষড়যন্ত্রকারীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ হয়ে তাদের মূলোৎপাটনে এগিয়ে আসতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শোক বিবৃতিতে মো. শাহিনকে হত্যাকারী ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি নিহতের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।

কৃষক দলের নিন্দা ও প্রতিবাদ

এদিকে, শাহিনের নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

তারা বিবৃতিতে দাবি করেন, শাহিনকে হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। তারা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প চীনের কাছে মার্কিন কৃষকদের জন্য আরো সহযোগিতা চান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


ট্রাম্প চীনের কাছে মার্কিন কৃষকদের জন্য আরো সহযোগিতা চান

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কাছে মার্কিন কৃষকদের জন্য অতিরিক্ত সহায়তা দাবি করেছেন। তিনি জানান, শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের চাহিদা চীনে অত্যন্ত বেশি। এই কারণে, মার্কিন কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে বেইজিংয়ের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প উল্লেখ করেন, সেপ্টেম্বরে ওয়াশিংটনে শি চিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার ফলস্বরূপ, ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন সম্মত হয়েছে। তিনি জানান, দুই পক্ষই এই সিদ্ধান্তের সুফল ভোগ করছে।

তবে মার্কিন কৃষকদের জন্য আরও সহায়তা প্রদানের উদ্দেশ্যে চীনের প্রতি আহ্বান জানান ট্রাম্প। তার মতে, চীনে কৃষিপণ্যের ব্যাপক চাহিদা বিদ্যমান এবং যুক্তরাষ্ট্র সেই চাহিদা পূরণে সক্ষম। তিনি জানান, শি চিনপিংয়ের সঙ্গে আগের রাতে এ বিষয়েও আলোচনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিসমাস দ্বীপে কোটি কোটি লাল কাঁকড়ার সাগরের পথে যাত্রা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


ক্রিসমাস দ্বীপে কোটি কোটি লাল কাঁকড়ার সাগরের পথে যাত্রা শুরু

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে সাগরের দিকে বার্ষিক যাত্রা শুরু করেছে ১০ কোটিরও বেশি লাল কাঁকড়া। পরিবেশ সংরক্ষণকর্মীরা এ সপ্তাহে এ তথ্য প্রকাশ করেছেন।

বর্ষা মৌসুম শুরু হলেই প্রতিবছর কাঁকড়াগুলো প্রজননের জন্য সাগরের দিকে ছুটে যায়, যা ভারত মহাসাগরের প্রত্যন্ত এ দ্বীপের একটি স্বাভাবিক ঘটনা।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানায়।

পার্কস অস্ট্রেলিয়া জানিয়েছে, কাঁকড়াগুলো চায়, ‘চাঁদের শেষ চতুর্থাংশের সময় ভাটার দিকে নামতে থাকা জোয়ারে ভোর হওয়ার আগেই’ ডিম ছাড়তে।

দ্বীপটি ইন্দোনেশিয়ার ৩৫০ কিলোমিটার দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।

পার্কস অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্কের ব্যবস্থাপক ক্রিস চার্ট্রেস বলেন, ‘বন্যপ্রাণীর এই অসাধারণ দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ক্রিসমাস দ্বীপে আসেন।’

তিনি আরও বলেন, ‘লাল কাঁকড়ার সংখ্যা পুনরুদ্ধারে চলমান সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে হলুদ পাগলা পিঁপড়া নিয়ন্ত্রণের উদ্যোগ এ ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর হয়েছে।’

এসব উদ্যোগের ফলে দ্বীপটিতে লাল কাঁকড়ার সংখ্যা প্রায় পাঁচ কোটি থেকে বেড়ে বর্তমানে ১০ কোটিরও বেশি হয়েছে।

চার্ট্রেস বলেন, ‘লাল কাঁকড়া দ্বীপটির প্রতিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজাতি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুরোধ করছি আমাকে সীমাবদ্ধ থাকতে দিন: দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


অনুরোধ করছি আমাকে সীমাবদ্ধ থাকতে দিন: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, "সত্যি বলতে আমি এখানে এসেছি ভারতীয় হাইকমিশনার হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিকে শুভেচ্ছা জানাতে।" সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব ও অবস্থানকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, "আমি এ সুযোগটি নিয়েছি। কারণ, তিনি সশরীরে উপস্থিত ছিলেন না।" তিনি আরও জানান, "আমি ফোনের মাধ্যমে আমাদের শুভেচ্ছা জানিয়েছিলাম, কিন্তু সশরীরে উপস্থিত থাকতে পারাটা ছিল দারুণ আনন্দের।"

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

তিনি উল্লেখ করেন, "এটি মূলত ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। আমি আর কোনো প্রশ্ন নেব না।" তিনি বিশেষভাবে অনুরোধ করেন, "আমাকে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকতে দিন। দয়া করে আমিও অনুরোধ করছি, আমাকে কেবল এটুকুতেই সীমাবদ্ধ থাকতে দিন।" তিনি খলিলুর রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "ধন্যবাদ জানাই, আমাকে সময় দেওয়ার জন্য এবং আপনারা সবাই ভালো থাকবেন।"

এর আগে, খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন পৃথক পৃথক সাক্ষাৎ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%