শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:০৩ পি.এম
আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী দেশের চারটি উপজেলায় সরাসরি উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। একই সময়ে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ২৬৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যুক্ত থাকবেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কিত ২৫ নভেম্বর তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর এবং ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রতিটি মূল ভেন্যুর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্যান্য উপজেলা যুক্ত থাকবে। কুষ্টিয়া সদরের সঙ্গে ৬৭টি, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সঙ্গে ৬৪টি, সুনামগঞ্জ সদরের সঙ্গে ৬৭টি এবং পাবনা সদরের সঙ্গে ৬৬টি উপজেলা যুক্ত হবে। মোট ২৬৪ উপজেলায় একই কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
চিঠিতে সংশ্লিষ্ট ২৬৪ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সার্বিক সহায়তা প্রদানের অনুরোধ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ১২০ কে.জি. গাঁজা উদ্ধার করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র অনুযায়ী, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টায় সদর দক্ষিণ উপজেলার আওতাধীন যশপুর বিওপি এর বিশেষ টহলদল এবং এসআরবি-১১ এর (সিপিসি-২) ইউনিটের টহলদল একটি যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সীমান্ত থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুড়াপাড়া নামক স্থান থেকে ১২০ কে.জি. গাঁজা আটক করা হয়। উল্লেখ্য, আটককৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সার্বিয়ায় অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ছাত্রসমর্থিত রাজনৈতিক আন্দোলনের প্রার্থী হিসেবে অধ্যাপক রাদোমির সাইচিচের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত শুক্রবার (২৬ নভেম্বর) তার প্রার্থিতার কথা জানানো হয়।
এক মাস আগে অনুষ্ঠিত আগাম সংসদ নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের দল পরাজিত হয়।
‘স্টুডেন্টস উইন এগেইন’ নামক নাগরিক সংগঠন, যা আন্দোলনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে সমর্থন জানাতে গঠিত, বেলগ্রেডের সাভা সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাইচিচের প্রার্থিতা ঘোষণা করে।
প্রার্থিতা ঘোষণার পর সাইচিচ তার প্রথম বক্তব্যে অভিযোগ করেন যে, গত এক দশকে সাবেক ক্ষমতাসীনরা আইনের শাসনকে দুর্বল করে দিয়েছেন এবং দুর্নীতি ও বিদ্বেষমূলক বক্তব্যের প্রসার ঘটিয়েছেন।
তিনি উল্লেখ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রায়শই ক্ষমতাসীনদের সুরক্ষা প্রদানে নিয়োজিত ছিল। অন্যদিকে, শিক্ষার্থীদের জবাবদিহি দাবি করার জন্য রাষ্ট্রের শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সাইচিচ বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের রসায়ন অনুষদের অধ্যাপক। তিনি সার্বিয়ান একাডেমি অব সায়েন্সেস অ্যান্ড আর্টসের পূর্ণ সদস্য এবং দেশের সংসদ সদস্য।
তিনি নাগরিক সংগঠন ‘স্টুডেন্টস লিস্ট-স্টুডেন্টস উইন’-এর ১৪ জন প্রতিষ্ঠাতা স্বাক্ষরকারীর একজন। ২৫ অক্টোবরের নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৭ নভেম্বর তার সংসদ সদস্যপদ নিশ্চিত করা হয়।
২৫০ আসনের সংসদে ছাত্রসমর্থিত বিরোধী জোট ১৪০টি আসনে জয় লাভ করেছে। তারা ভুচিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) ও তার মিত্রদের পরাজিত করে।
ভুচিচ ২৭ সেপ্টেম্বর পদত্যাগ করার পর থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সংসদের স্পিকার আলেক্সান্ডার চুপিচ দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হওয়ার আগেই সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভুচিচ পদত্যাগ করেন।
সার্বিয়ার নির্বাচনি বিধি অনুযায়ী, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করতে হলে কমপক্ষে ১০ হাজার ভোটারের যাচাই করা স্বাক্ষর সংগ্রহ করা প্রয়োজন।
সার্বিয়ায় পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রথম দফার ভোটে কোনো প্রার্থী অর্ধেকের বেশি ভোট না পেলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সূত্র: আনাদোলু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর-শরীয়তপুর সড়কের ওপর মেঘনা নদীর উপর সেতু নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারত্ব) ভিত্তিতে শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের জন্য লেনদেন বিষয়ক পরামর্শক সেবা” শীর্ষক চুক্তিটি সম্পন্ন হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
অনুষ্ঠানে তিনি নির্দেশনা দেন যে, আইআইএফসিকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের মাধ্যমে পরামর্শক সেবার কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সহায়তা করতে হবে। এ কাজে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। সেতু বিভাগের সচিব আরও জানান, প্রস্তাবিত সেতুটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ-জাপান অষ্টম প্ল্যাটফর্ম বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে জাপান সরকারের মনোনীত মিয়াগাওয়া-কনসেটসু এবং জাপান ব্রিজ কোম্পানি কাজ করবে বলে সিদ্ধান্ত হয়েছে।
আইআইএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবার কার্যক্রম সম্পন্ন করতে আইআইএফসি সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে পূর্বে সম্পাদিত কাজের ধারাবাহিকতায় এ কাজেও গুণগত মান ও পেশাগত উৎকর্ষ বজায় রাখা হবে। চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী আবুল হোসেন এবং আইআইএফসির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইআইএফসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ