১০:৪৮ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু জানিয়েছেন, গত ১৭ বছরে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, নির্বাচিত হওয়ার পর সরকারকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো মধ্যপ্রাচ্যের সংঘাত। এই সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।
আরও পড়ুন: নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে চাঁদপুর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেফতার
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় অর্থনীতিকে পুনরুদ্ধার করে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছে।
শামা ওবায়েদ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করলে তার রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় সব ধর্মের মানুষের সহাবস্থান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি- যে দলেরই হোক, কেউ আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক তদবির গ্রহণ করা হবে না।
সভায় নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রণদা প্রসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ওসি মো. রাসুল সামদানী আজাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান প্রমুখ।
আরও পড়ুন: ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিষিদ্ধ সংগঠনের ১২৪ সদস্যকে গ্রেপ্তার করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন