০৫:২৫ পি.এম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে “জুলাই পুনর্মিলনী ও স্মৃতিচারণ–২০২৬” অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কেন্দ্রীয় লাইব্রেরিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইম। এছাড়াও মহানগর ও ঢাকা পলিটেকনিক শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সদস্য এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর
অনুষ্ঠানে জুলাইয়ের বিভিন্ন স্মৃতি, অভিজ্ঞতা এবং আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জুলাইয়ের ঘটনাবলি, আত্মত্যাগ এবং শিক্ষার্থীদের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ, সমাজ এবং শিক্ষাঙ্গনের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান আজাদ বলেন, “জুলাইয়ের ঘটনাবলি শুধু একটি সময়ের স্মৃতি নয়, বরং তা নতুন প্রজন্মের জন্য শিক্ষা, আদর্শ ও প্রেরণার উৎস।” তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শিক চর্চা এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি সাইফুল ইসলাম সাইম শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের আদর্শিক চেতনা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জুলাইয়ের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থী সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুন: যুক্তরাজ্যে আদালতের ঐতিহাসিক রায়: বাবার বিপুল সম্পদ নিয়ে ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের জয়
স্মৃতিচারণ, আলোচনা এবং পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন