ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হতে আহ্বান প্রধানমন্ত্রীর


শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হতে আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মন্তব্য করেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।’

জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সোমবার সন্ধ্যায় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে জানান, দেশের স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নবম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা বাধ্যতামূলক করার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: মনপুরা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা দুর্নীতির অভিযোগে বরখাস্ত

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতেও অংশ নিতে হবে। এ কর্মসূচিতে ছয়-সাতটি খেলা থাকবে এবং শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নেওয়ার সুযোগ পাবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে নিজেদের পছন্দ অনুযায়ী ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এসব ভাষার মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।

ঢাকাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি প্রাণী ও জীবজন্তুর প্রতিও দায়িত্বশীল আচরণ করতে হবে।

বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’

আরও পড়ুন: মুকসুদপুর থানায় আগুন, পুলিশি নিরাপত্তার অভাবে ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছায়

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব, তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাও গড়ে তুলতে হবে। এসব গুণের সমন্বয়েই ভবিষ্যতে শিক্ষার্থীরা দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) আমন্ত্রণে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ ছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী এ পরিদর্শনে অংশ নেন। এ সময় তারা জাতীয় সংসদের অধিবেশনও প্রত্যক্ষ করেন।

সংসদ ভবন পরিদর্শনকালে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

আরও পড়ুন: সারজিস আলম: বিএনপির আশ্রয়ে আওয়ামী লীগ আজ এতদূর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ,১২০দিনের মধ্যে নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ,১২০দিনের মধ্যে নির্বাচন

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতৃত্ব ও নির্বাচন নিয়ে চলমান জটিলতার মধ্যে সংগঠনটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ রেজাউল আলম সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা আদেশে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সংগঠনটির কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে না। চলমান সমস্যা নিরসন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

এর আগে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। গত ২৮ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ২১ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করে নতুন তফসিল ঘোষণার নির্দেশ দেয়। কিন্তু পরদিনই নির্বাচন কমিশন সভাপতি মোঃ মাহবুবুর রশীদ শান্তনু ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম হেলালসহ ২১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

সংগঠনের সাধারণ সদস্য মোঃ আসাদুজ্জামান নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, সাধারণ সভা ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ছাড়াই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে সংগঠনটির নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব প্রশাসনের হাতে গেল।

এ বিষয়ে সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম হেলাল ও নবনিযুক্ত প্রশাসক রেজাউল আলম সরকারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে হোসেনপুরে তাঁতীদলের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


‎ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে হোসেনপুরে তাঁতীদলের বিক্ষোভ মিছিল
‎‎দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা তাঁতীদল।
‎
‎সোমবার পৌর শহরে আয়োজিত এ কর্মসূচিতে তাঁতীদলের  বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
‎
‎কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের প্রধান প্রধান সড়কে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
‎
‎মিছিলে হোসেনপুর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়সাল,যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনসহ তাঁতীদলের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
‎
‎সমাবেশে বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশে-বিদেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের দোসররা গোপনে নাশকতা, গুজব ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন তাঁতীদলসহ সকল সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করবেন।
‎
‎এ সময় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
‎
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে প্রকাশ্যে সংঘবদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সতর্ক প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

গোপালগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


গোপালগঞ্জে প্রকাশ্যে সংঘবদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সতর্ক প্রশাসন

গোপালগঞ্জে প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় আড়াই বছর পর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন তাঁরা। পরে মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত করেন। একই দিনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও দলীয় কার্যালয় খুলে পতাকা উত্তোলন ও মিছিল করেছেন।

অন্যদিকে, সোমবার সন্ধ্যায় কোটালীপাড়াসহ জেলার বিভিন্ন উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে কোথাও কোথাও লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভকারীদের দেখা গেছে। এ পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য ও কর্মকর্তা এবং ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সোমবার সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন দলটির নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় আড়াই বছর পর কার্যালয়টি খুলে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দোয়া ও মোনাজাত শেষে মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান তাঁরা।

সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া করা হয়। এ সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন কামনায় বিভিন্ন স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর থেকে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য তৎপরতা বাড়তে শুরু করে। এর ধারাবাহিকতায় সোমবার দলীয় কার্যালয় খুলে আনুষ্ঠানিক কর্মসূচি পালন করেন তাঁরা।

একই দিন টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের নেতাকর্মীরাও প্রকাশ্যে মিছিল করে দলীয় কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামান পল্লব।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সময়ে গোপালগঞ্জের অন্যান্য উপজেলা সদরেও বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।

মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। এসব কর্মসূচিকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য তৎপরতা বাড়লেও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশকে এলাকায় দেখা যাচ্ছে না। বিএনপি নেতাদের দাবি, সাম্প্রতিক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার পর নিরাপত্তাহীনতায় অনেকে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।

উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবলু চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন। দলের এক যুগ্ম সাধারণ সম্পাদক দাবি করেন, হামলার ঘটনার পর অনেক নেতাকর্মী এলাকা ছেড়ে চলে গেছেন।

উপজেলা বিএনপির নেতা মোল্লা ইমদাদ হোসেন অভিযোগ করেন, তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে। এ ছাড়া তাঁর ছোট ভাইয়ের দোকান থেকে টেলিভিশন ও ফ্রিজ লুট করা হয়েছে।

টুঙ্গিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক চিকিৎসক আবু জাফরের অভিযোগ, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ওষুধ পুড়ে গেছে। কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কাদেরের দাবি, তাঁর পোলট্রি খামারে আগুন দেওয়ায় প্রায় পাঁচ হাজার মুরগি মারা গেছে। পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নন্টু শেখও বর্তমানে এলাকায় নেই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ছাড়া আবু জাফরের দোকান ও এবাদ ফকিরের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।


গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, রোববারের সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না।

তিনি বলেন, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনাই পুলিশের প্রধান লক্ষ্য। আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে কি না, তা মূল্যায়ন করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে পুলিশ ও বিজিবি প্রস্তুত থাকবে।

ডিআইজি আরও জানান, গোপালগঞ্জের ৬৭ কিলোমিটার মহাসড়ক, পৌর এলাকা এবং চারটি উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজিবির জনসংযোগ বিভাগ জানিয়েছে, গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় টহল দিচ্ছেন।

এর আগে রোববার সার্কিট হাউসে আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছিলেন, গোপালগঞ্জে পুলিশ, এপিবিএন ও আরআরএফের প্রায় এক হাজার ৩৫০ সদস্য মোতায়েন রয়েছেন। তবে সোমবারের প্রেস ব্রিফিংয়ে তিনি পুলিশ সদস্য ও কর্মকর্তার সংখ্যা প্রায় দুই হাজার বলে জানান।

গত কয়েক দিনের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর সোমবার গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরে জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। সড়কে যানবাহন চলাচল, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম শুরু হয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে এখনো উদ্বেগ ও আতঙ্ক রয়েছে।

গত রোববার গোপালগঞ্জ শহরে বিক্ষোভের সময় প্রেসক্লাবে ভাঙচুর, সরকারি কলেজের নামফলক ক্ষতিগ্রস্ত করা, জেলা আওয়ামী লীগ কার্যালয় খোলা এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে খবর পাওয়া যায়। একই দিন টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় এবং কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

এ পরিস্থিতির মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে ড. জি এম সারফরাজ এবং পুলিশ সুপার হিসেবে প্রত্যুষ কুমার মজুমদার দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে।

সব মিলিয়ে গোপালগঞ্জে একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য তৎপরতা, অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তাহীনতার অভিযোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক মোতায়েন—জেলার রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধার পলাশবাড়ীতে ‘মন্ত্রে’ বিশেষ অঙ্গ গায়েবের দাবি, তান্ত্রিককে অবরুদ্ব

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক: ডিকে বাপ্পী

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


গাইবান্ধার পলাশবাড়ীতে ‘মন্ত্রে’ বিশেষ অঙ্গ গায়েবের দাবি, তান্ত্রিককে অবরুদ্ব

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মন্ত্রের মাধ্যমে এক যুবকের বিশেষ অঙ্গ গায়েব করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক তান্ত্রিককে অবরুদ্ধ করে রাখার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের এক তান্ত্রিক পূর্ব ফরিদপুরের একটি গ্রামে খেলা দেখাতে গিয়ে মন্ত্রের মাধ্যমে এক ছেলের বিশেষ অঙ্গ গায়েব করে দেওয়ার দাবি করেন বলে অভিযোগ উঠেছে।

পরবর্তীতে ওই অঙ্গ পুনরায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেও তান্ত্রিক ব্যর্থ হয়েছেন বলে স্থানীয়দের দাবি। একাধিকবার চেষ্টা করেও কথিত মন্ত্রের মাধ্যমে তা ফিরিয়ে আনতে না পারায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ স্থানীয়রা তান্ত্রিককে অবরুদ্ধ করে রাখেন বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে বিশেষ অঙ্গ গায়েব হওয়ার দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা প্রয়োজন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%