০৮:৫৭ এম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঋতু পরিবর্তনের আগমন স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। রাতের শেষ ভাগ পেরিয়ে সকাল আসার পূর্বে ক্যাম্পাসের মাঠ ও জলাশয়ের আশপাশে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। শিশিরের বিন্দু ঘাসের ডগায় জমে রয়েছে, মৃদু বাতাস এবং সূর্যের নরম রশ্মি জানান দিচ্ছে, শীত আসছে।
ভোরের আলো ফোটার আগে কুয়াশা দৃশ্যমান হয়, সূর্য ওঠার পরও কিছুক্ষণ তার উপস্থিতি বজায় থাকে। চৌরঙ্গী সংলগ্ন লেক, রং পুকুর ও মনপুরা লেকের আশপাশে ভোরের একই আবহ বিরাজমান। গাছপালার ফাঁক দিয়ে আসা নরম রোদ ক্যাম্পাসের সকালকে এক ভিন্ন রূপ দেয়।
দিনের বেলায় এখনও উষ্ণতা অনুভব করা যাচ্ছে, তবে সকাল ও রাতের বাতাসে হালকা শীতলতা মিশে গেছে। সকালের রোদেও শীতের কোমল পরশ অনুভূত হচ্ছে। সব মিলিয়ে প্রকৃতিতে ঋতু পরিবর্তনের ছোঁয়া স্পষ্ট।
আরও পড়ুন: ভাইরাল ভিডিও যেভাবে বদলে দিল ২ বছরের রুদ্রাংশের জীবন
ক্যাম্পাসের খাবারের দোকানগুলোতেও শীতের আমেজ ছড়াতে শুরু করেছে। বটতলা ও শেরেবাংলা হলের সামনে পিঠার দোকানে পাওয়া যাচ্ছে গরম গরম চিতই পিঠা, সঙ্গে শুঁটকি, সরিষা ও ধনিয়াপাতার ভর্তা। নারিকেল পুলি ও মাংসপুলিও রয়েছে। সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে পিঠা খেতে এবং গল্পে মেতে উঠতে এসব দোকানে শিক্ষার্থীদের ভিড় জমে উঠছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শীতের অন্যতম আকর্ষণ হচ্ছে `অতিথি পাখি', যা প্রতি বছর শীত মৌসুমে ক্যাম্পাসের জলাশয়গুলোতে তাদের উপস্থিতি দিয়ে প্রকৃতিতে নতুন মাত্রা যোগ করে। অতিথি পাখির ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে। তবে এখনও পাখিদের আগমন সম্পূর্ণরূপে শুরু হয়নি। ফলে কুয়াশা এবং শিশিরের সঙ্গে পরিযায়ী পাখির আগমনের অপেক্ষা যেন শীতের পূর্ণতার সঙ্গে জড়িয়ে আছে।
জাহাঙ্গীরনগরে শীত এখনও পুরোপুরি জেঁকে বসেনি। তবে কার্তিকের ভোর, শিশিরভেজা ঘাস, ভোরের কুয়াশা এবং সন্ধ্যার পর পিঠার দোকান সব মিলিয়ে ক্যাম্পাসে শীতের আবহ তৈরি করেছে। প্রকৃতির এই পরিবর্তন যেন মনে করিয়ে দিচ্ছে, হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে।
অধ্যাপক ড, মো শামছুল আলম সলিম, উপ-উপাচার্য শিক্ষা জাবি, বলেন, "নভেম্বরের প্রথম সপ্তাহে জাহাঙ্গীরনগর প্রচুর পাখি আমরা পরিবহন লেকে এবং কলা ভবনের পাশে দেখতে পেয়েছি। প্রতিদিনই পাখি আসছে। অতীতের তুলনায় পাখি কম হলেও, এই বছর অতিথি পাখির আগমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে কিছুটা হলেও ফিরিয়ে এনেছে।" তাই পাখিদের বিরক্ত বা ভয়ভীতি না দেখানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কিছু সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে রয়েছে জলাশয়ের পাশে গাড়ি পার্কিং না করা, জলাশয়ে মাছধরা থেকে বিরত থাকা, ঢোল-বাজনা, পটকা ফোটানো, হাততালি দেওয়া, যা উচ্চ শব্দ তৈরি করে। জলাশয়ে প্লাস্টিকের পানির বোতল ও পলিথিন ফেলা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: শীতে সুন্দরবনে প্রকৃতির অপূর্ব রূপ ও পর্যটকদের আকর্ষণ
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করছে, পাখির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও মমত্ববোধই তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে। পরিযায়ী পাখির অভয়ারণ্যে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করছে প্রশাসন।
ক্যাম্পাসজুড়ে শীতকালে অতিথি পাখির আগমন, সব মিলিয়ে ক্যাম্পাসে এক ভিন্ন আবহ তৈরি করে। এখানকার শীতের নিজস্ব সৌন্দর্য ও অনুভূতি রয়েছে, যা অন্য কোথাও সহজে পাওয়া যায় না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন