০৭:১০ পি.এম
কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষের হামলায় নাসিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। সোমবার ভোর সাড়ে চারটার সময় উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত নাসিমা খাতুন বাটিকামারা এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী জহুর শেখের ছেলে মোমিনের নেতৃত্বে এই হামলাটি সংঘটিত হয়।
নিহতের মা আলেয়া খাতুন জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাঁদের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে অভিযুক্তরা তাঁদের বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এর ফলস্বরূপ সোমবার ভোর সাড়ে চারটার দিকে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় নাসিমা খাতুন বাধা দিতে গেলে অভিযুক্ত আকরাম তাঁকে ধাক্কা দেন, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর পুত্রবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনেরা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।
আরও পড়ুন: পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ
এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে এক নারীর মৃত্যুর ঘটনার পর ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
—এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন