মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:০৬ পি.এম
শিক্ষক নিয়োগের মান নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষার মানের সমান করার পরিকল্পনা করছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত জটিলতা নিরসনেও কাজ চলছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষকদের সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা।" তিনি উল্লেখ করেন, শিক্ষকতার মাধ্যমে সমাজ ও দেশের জন্য কী অবদান রাখা যাচ্ছে, সেটি অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে বিবেচনা করতে হবে।
শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমে পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "প্রশিক্ষণ শুধু প্রথাগত হলে চলবে না।" তিনি জানান, প্রশিক্ষণে নতুনত্ব, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম সাজাতে হবে।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান, পরিচালক অধ্যাপক মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। সেখানে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, "রসায়ন বিভাগে ভর্তি হয়ে জীবনে চলার জন্য অনেক কিছু শিখেছি।"
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "রসায়ন আমাকে ভাবনার জগতকে কীভাবে তুলে ধরতে হয়, তা শিখিয়েছে।" তিনি জানান, এই বিভাগ তাকে অদম্য স্পৃহা দিয়েছে। নিজের কাজকে ভালোবাসতে শেখার পাশাপাশি এখান থেকে পাওয়া অনুপ্রেরণায় দেশাত্মবোধ ও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছেন তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী সবাইকে দেশাত্মবোধ নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে দেশ গড়ার আহ্বান জানান। প্রখ্যাত রসায়নবিদ মুকাররম হোসেন খন্দকারকে স্মরণ করে তিনি বলেন, এ বিভাগের শিক্ষার্থীদের তার আদর্শ ধারণ করে উৎকৃষ্ট মানের রসায়নবিদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ী, ২৪ নভেম্বর, ২০২৬ : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম মন্তব্য করেছেন যে, রাজবাড়ী একটি শান্তিপ্রিয় অঞ্চল। তিনি উল্লেখ করেন, এখানে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে জনগণ তাদেরকে প্রতিহত করবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, "দেশ ও জনগণের কল্যাণে কীভাবে কাজ করতে হয়, তা পতিত দল আওয়ামী লীগ জানে না।" তিনি দাবি করেন, সাম্প্রতিক কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ তাদের অক্ষমতা প্রমাণ করেছে এবং দলটি দেশ ও জনগণের জন্য নিরাপদ নয়।
আজ বিকেলে রাজবাড়ী রেলগেটসংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে জেলা বিএনপি আয়োজিত গণমিছিল ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী।
প্রতিমন্ত্রী বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে দেশের ব্যবসা-বাণিজ্য নষ্ট ও ধ্বংস করেছে।" তিনি অভিযোগ করেন, ওই সরকারের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে এবং তাদের ওপর নিপীড়ন-নির্যাতন চালানো হয়েছে। মিথ্যা মামলার শিকারও হয়েছেন অনেকেই। তিনি বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না এবং এসব পরিস্থিতি মোকাবিলা করেই তারা ক্ষমতায় এসেছে।
তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে রাজবাড়ী জেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বিএনপি সরকার দেশকে সমৃদ্ধ ও উন্নত করার চেষ্টা করছে। সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনি বসে বসে জ্বালাও-পোড়াও ও ষড়যন্ত্র করবেন না।"
প্রতিমন্ত্রী আওয়ামী লীগকে ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী রাজনৈতিক দল’ হিসেবে আখ্যা দেন। তিনি উল্লেখ করেন, দলটির নেত্রীর নির্দেশে থানা জ্বালিয়ে দেওয়া, লুটপাট, পুলিশ হত্যা, আগুন দিয়ে মানুষের বাড়িঘর, হাসপাতাল, যাত্রীবাহী বাস ও ট্রাক পুড়িয়ে দেওয়া এবং পদ্মা সেতুর পিলারে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড সংঘটিত হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ী জেলাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পদ্মা সেতু নির্মাণ করা হবে। এছাড়া, জেলায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে একটি রেলওয়ে ক্যারেজ নির্মাণ, নতুন একটি উপজেলা প্রতিষ্ঠা এবং পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত বাঁধের রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির সাবেক আহ্বায়ক মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল গফুর, খায়রুল আনাম বকুল এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক ফারুক হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তিন বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ অন্তর মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে। শিশুটির বাবা এ ঘটনায় বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ, ভুক্তভোগী শিশুটির পরিবার এবং মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার ওই গ্রামে গত রোববার দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত অন্তর মিয়া শিশুটিকে ডেকে নিজ ঘরে নিয়ে যান। ঘরে কেউ না থাকার সুযোগে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে, শিশুটির মা দুপুরের খাবার খাওয়ানোর জন্য তাকে খুঁজতে গিয়ে ডাকাডাকি শুরু করেন। মায়ের ডাক শুনে অভিযুক্ত শিশুটিকে ছেড়ে পালিয়ে যায়। পরে কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে শিশুটি তার মাকে ঘটনার কথা জানায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য এবং স্থানীয় লোকজন অভিযুক্তকে খুঁজতে শুরু করেন।
পরে বিকালে পাশের একটি বাজারে স্থানীয় লোকজন অন্তর মিয়াকে দেখতে পেয়ে আটক করেন। এ সময় তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
সোমবার রাত পৌনে ১১টার দিকে শিশুটির বাবা ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সকালে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান আছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং সেখানে শিশুটির জবানবন্দি গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী দিন রাত পরিশ্রম করে দেশের দুর্বল অর্থনীতি এবং ভঙ্গুর সমাজ থেকে মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
মঙ্গলবার বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট চত্ত্বরে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারীর সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুলসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি বলেন, তিনি প্রতিশোধের রাজনীতি পছন্দ করেন না।
তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে আমরা ভোট দিতে পারিনি। অসংখ্য নেতাকর্মীকে জেলের অন্ধকারে পাঠানো হয়েছে। নির্বাচনে আমার মঞ্চে এবং বাড়িতে হামলা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তিনি উল্লেখ করেন, তিনি কাউকে গ্রেপ্তার করানোর জন্য ফোন করেননি। রাজবাড়ীকে শান্তিপূর্ণ রাজনীতি করার জায়গা হিসেবে তিনি দেখতে চেয়েছিলেন। কাজী কেরামত আলী, কাজী এরাদত আলী, আকবর আলী মর্জি, ফকির আব্দুল জব্বারকে অনেকবার অনুরোধ করা হয়েছে, কিন্তু কেউ কথা রাখেনি। যারা অন্যায় করেছে, তারা এখন জেলে রয়েছে। এতে তাদের কোন দোষ নেই। তাদের অপরাধের জন্য অনেকেই এখন জেলে এবং পালিয়ে বেড়াচ্ছে।
তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে করে পাশের দেশে পালিয়ে গিয়ে এখন সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। গোপালগঞ্জসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছেন। রাজবাড়ীতে কোনো প্রকার বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।
তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি। ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। দেশে উন্নয়ন শুরু হয়েছে। এখন পাশের দেশে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এদেশের জনগণ তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে তাদের প্রতিহত করে আইনের আওতায় সোপর্দ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ