০৯:১৬ পি.এম
সিরাজগঞ্জ, ৬ নভেম্বর, ২০২৬ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ উল্লেখ করেছেন যে, সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এ কারণে তিনি সকলকে ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপনের জন্য আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী আরও বলেন, সোলার প্যানেল স্থাপন করলে বিদ্যুৎ বিল হ্রাস পাবে এবং উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব হবে। তিনি আশ্বাস দেন যে, এ ক্ষেত্রে সরকার সহযোগিতা প্রদান করবে।
আজ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি সংক্ষিপ্ত সফরের সময় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন: মিরপুরের গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, ৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
জ্বালানি সংকটের প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি সবার কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। যেসব দেশ থেকে জ্বালানি তেল, গ্যাস ও পেট্রোল আমদানি করা হয়, সেসব অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সৌদি আরবের তেল শোধনাগারেও হামলার ঘটনা ঘটেছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, এই সংকটের মধ্যেও দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বেশি দামে বিদেশ থেকে গ্যাস কিনছে। দায়িত্ব গ্রহণের সময় গ্যাসের দাম ছিল ১২ ডলার, বর্তমানে তা বেড়ে ৩২ ডলারে পৌঁছেছে। গত কয়েক মাসে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করেছে।
মন্ত্রী বলেন, এভাবে জ্বালানি খাতে ভর্তুকি দিতে থাকলে রাস্তা নির্মাণ, ফ্যামিলি কার্ড বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের মতো সামাজিক প্রকল্প বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। তাই এই পরিস্থিতি মোকাবিলায় জনগণের সহযোগিতা প্রয়োজন।
ইকবাল হাসান মাহমুদ বলেন, শেখ হাসিনা দেশের উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করেননি। একটি সেতু নির্মাণের কথা বলা হলেও তা করতে গিয়ে দেশের ব্যাংকগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এ তুফান ভারি, পাড়ি দিতে হবে: তারেক রহমানের জন্মদিনে স্মৃতিচারণ
ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইনও তৈরি হয়নি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ১০ মাসের মধ্যে সেই কাজ সম্পন্ন করেছে। এতে ময়মনসিংহে লোডশেডিং কমেছে বলেও তিনি জানান।
এলাকার উন্নয়নের প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনগণের ভোটে বর্তমান সরকার নির্বাচিত হয়েছে। জনগণের সহযোগিতায় সরকার দায়িত্ব পালন করছে। কড্ডা থেকে জামতৈল পর্যন্ত সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ কাজের টেন্ডার হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্রুত কাজ শুরু হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন: ‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— শ্রমিক নেতাদের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন