০৪:৩৮ পি.এম
ফরিদপুরে মাদক মামলায় আদালত দুই যুবকের কারাদণ্ড প্রদান করেছেন। দণ্ডিতদের মধ্যে আব্দুল কুদ্দুস নামের এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড এবং জুয়েল খান নামের অপর যুবককে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলার স্পেশাল জজ আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আব্দুল কুদ্দুস আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়। অপরদিকে, আসামী জুয়েল খান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত দুই যুবকের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।
আরও পড়ুন: ভালুকার এক ইঞ্চি জায়গা ফ্যাসিসদের ছাড় দেওয়া হবে না: এমপি ফখর উদ্দিন
স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম আজিজুর রহমান বিকু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক মামলায় দুই আসামির বিরুদ্ধে আদালত কারাদণ্ড প্রদান করেছে। এ রায়ের মাধ্যমে সমাজে মাদক কেনাবেচার প্রবণতা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর বোয়ালমারী উপজেলার চতুল এলাকায় একটি ইটভাটার পেছনে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় ২৫ কেজি গাঁজা জব্দ করা হয় এবং আব্দুল কুদ্দুস (২৩) ও জুয়েল খান (৩৬) আটক হন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এই ঘটনায় বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মামুন ইসলাম বাদী হয়ে মামলা করেন। পরবর্তীতে ২০২২ সালের ২ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বুধবার বিচারক এ মামলার রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে?’ নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন