১১:৩৭ পি.এম
মহাকাশের অজানা জগতে মানুষের অভিযানের সঙ্গী রোবট, রোভার কিংবা ল্যান্ডারের গল্প এবার তুলে ধরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ শিক্ষার্থী। তাদের উদ্ভাবনী প্রকল্প ‘Rover Villa’ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আন্তর্জাতিক হ্যাকাথন ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এ আঞ্চলিক চ্যাম্পিয়নের স্বীকৃতি এনে দিয়েছে। ‘Galactic Poet’ নামের দলটি ময়মনসিংহ অঞ্চলে সেরা নির্বাচিত হয়ে এখন বৈশ্বিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছে।
গত ১৭ নভেম্বর (মঙ্গলবার) ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে দলটির নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য সাইফুল ইসলাম এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান।
আরও পড়ুন: টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি বিশ্বসেরা ৬০০তে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঁচ শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত দলটির নেতৃত্বে রয়েছেন মুয়াম্মার তাজওয়ার আসফি। দলের অন্য সদস্যরা হলেন মো. রমজান মিয়া, অতসী শর্মা, সুস্মিতা ঘোষ ও জিহাদ রহমান।
প্রতিযোগিতায় তাদের তৈরি প্রকল্প ‘Rover Villa’ মূলত মহাকাশ অভিযানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের ইতিহাস ও অবদান তুলে ধরার একটি ব্যতিক্রমী উদ্যোগ। তারা মহাকাশে পাঠানো রোবট, রোভার, ল্যান্ডার ও প্রোবের অভিযানকে জাদুঘরের আদলে উপস্থাপন করেছেন। প্রতিটি যন্ত্রের কাজ, অভিযান ও গল্পকে এমনভাবে সাজানো হয়েছে, যাতে দর্শনার্থীরা সেগুলো সম্পর্কে সহজে জানতে পারেন। বরেণ্য ব্যক্তিদের জীবন ও অবদান যেভাবে সংরক্ষণ করা হয়, একইভাবে মহাকাশ অভিযানের এসব যন্ত্রের গল্পও মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তারা।
দলের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে টিম লিডার মুয়াম্মার তাজওয়ার আসফি বলেন, “এই জয় আমাদের পুরো দলের কাছে অনেক বড় পাওয়া। আমরা যেখানে কখনো যেতে পারিনি, এই যন্ত্রগুলো সেখানে পৌঁছে গেছে। আমরা চেয়েছি, স্কুলের শিশুরা যেমন মহান মানুষদের গল্প জানে, তেমনি এই যন্ত্রগুলোর গল্পও জানুক। ওদের অভিযান শেষ হয়েছে, কিন্তু গল্প শেষ হয়নি। সেই গল্প আমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে যাব।”
এর আগে ২০২৪ সালের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘Quantum Voyager’ দলের সদস্য ছিলেন আসফি। দুই বছর পর নতুন দল নিয়ে আবারও নাসার এই আন্তর্জাতিক আয়োজনে সাফল্য পেলেন তিনি।
আরও পড়ুন: তিতুমীরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির আলোচনা সভা
আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ‘Galactic Poet’ গ্লোবাল রাউন্ডের জন্য মনোনয়ন পেয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের প্রকল্প। আগামী ৩ ডিসেম্বর বৈশ্বিক পর্যায়ের মনোনীত দলগুলোর নাম প্রকাশের কথা রয়েছে।
উল্লেখ্য, পৃথিবী ও মহাকাশসংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী সমাধান তৈরিতে উৎসাহ দিতে প্রতিবছর নাসা এ প্রতিযোগিতার আয়োজন করে। চলতি বছরের ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয় এবারের আয়োজন। স্পেস অ্যাপসের অফিশিয়াল ইভেন্ট তালিকা অনুযায়ী, বিশ্বের ১১০টির বেশি দেশ ও অঞ্চলে প্রায় ৬০০টি স্থানীয় আয়োজনে অংশ নেন প্রতিযোগীরা। বাংলাদেশে অনুষ্ঠিত হয় নয়টি স্থানীয় আয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন