শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৩০ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী আল-জাইদির উদ্যোগকে সমর্থন জানিয়েছেন, যা ইরাকে তেল পাচার বন্ধ করা এবং সব ধরনের অস্ত্রের নিয়ন্ত্রণ এককভাবে রাষ্ট্রের হাতে নেওয়ার লক্ষ্যে।
বৃহস্পতিবার, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ইরাকের তেল পাচার বন্ধ করার এবং সব অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টাকে সমর্থন করে।
তিনি আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী আল-জাইদির ঐক্যবদ্ধ, সমৃদ্ধ ও শক্তিশালী ইরাক গড়ার প্রচেষ্টাকে সমর্থন করি, যে দেশ নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নিজেই নিতে পারবে।’
এর আগে, আল-জাইদি ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সেনা মোতায়েন করেন। পাশাপাশি, তেল পাচারে ব্যবহারের অভিযোগে কয়েকটি সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশও দেন তিনি।
ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমানোর এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে।
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টানা তিন সপ্তাহের দরপতনের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষিতে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার কারণে বিশ্বব্যাপী তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। মূলত এই সরবরাহ সংকটের উদ্বেগ থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টা ৫০ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৪ সেন্ট বেড়ে ৯৬ দশমিক ৬১ ডলারে পৌঁছেছে। এর আগের দিন, বৃহস্পতিবারও তেলের দাম প্রায় ২ ডলার বৃদ্ধি পেয়েছিল, যা গত ৬ নভেম্বরের পর সর্বোচ্চ লেনদেনের রেকর্ড।
অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বুধবারের তুলনায় ব্যারেলপ্রতি ২ দশমিক ১০ ডলার বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ৭৮ ডলারে লেনদেন হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে 'থ্যাংকসগিভিং ডে'-এর ছুটির কারণে বৃহস্পতিবার ডব্লিউটিআই তেলের কোনো লেনদেন সম্পন্ন হয়নি।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি হ্রাস না পেলে আগামী দিনগুলোতে জ্বালানি তেলের বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। সূত্র: রয়টার্স।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মনে করেন, নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা অত্যন্ত জরুরি।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু হয়েছে রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্যমেলা মাঠে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজনের দ্বিতীয় দিনে উপস্থিত হন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রাণিসম্পদ সপ্তাহের অংশ হিসেবে অনুষ্ঠিত রন্ধন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের মন্ত্রীরা সবাইকে দেশের প্রাণিসম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তারা সতর্ক করে বলেন, যদি এন্টিবায়োটিকযুক্ত খাদ্য বাজারজাত করা হয়, তবে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের রান্নাকে বিশ্বদরবারে সমৃদ্ধ করতে রন্ধনশিল্পীদের এগিয়ে আসা প্রয়োজন। নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি।
ডা. জুবাইদা জানান, সরকার সারা দেশের শতাধিক উপজেলায় ৩১ লাখ শিশুকে পুষ্টিকর খাদ্য বিতরণ করছে। তিনি আরও বলেন, ২০২৭ সালের মধ্যে দেশের সব উপজেলায় ১ কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিল দেওয়ার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
শূন্য ক্ষুধার বিশ্ব গড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২৭ বছর আগে মুক্তি পাওয়া গান ‘সাজান সাজান’ সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়ে উঠেছে। ভারতীয় সংগীত পরিচালক আনু মালিকের সুর করা এই গান বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘দেশি ব্যাটম্যান’ ভিডিওর জন্য। পুরোনো এই গানের সঙ্গে ব্যাটম্যানের বিভিন্ন দৃশ্য সংযুক্ত করে তৈরি করা ভিডিওগুলো অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘আরজু’ সিনেমার গান ‘সাজান সাজান তেরি দুলহান’ এ কণ্ঠ দিয়েছেন আলকা ইয়াগনিক, এবং সুর করেছেন আনু মালিক। সম্প্রতি এই গানটি ব্যবহার করে নানা মজার ভিডিও তৈরি করা হচ্ছে। এসব ভিডিওতে ব্যাটম্যানকে ভারতের গ্রামের রাস্তা, রেললাইন ও চায়ের দোকানের মতো পরিচিত পরিবেশে দেখা যাচ্ছে। এমনকি একটি ভিডিওতে ব্যাটমোবাইলের পরিবর্তে মহিষে চড়ে তাকে দেখা যাচ্ছে।
গানটির নতুন করে জনপ্রিয় হয়ে ওঠায় আনু মালিক আনন্দিত। তবে তিনি জানিয়েছেন, গানটি ব্যবহারের আগে কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি। ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সংগীত পরিচালক বলেন, ‘কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। তবে এখন গানটি জনপ্রিয় হওয়ায় অনেকে ফোন করে বলছেন, গানটি কতটা ভাইরাল হয়েছে এবং এর সুর কত ভালো।’
আনু মালিকের মতে, গানের আসল শক্তি হলো সুর। প্রযুক্তির পরিবর্তন হলেও ভালো সুরের আবেদন কখনো হারায় না। মানুষ এখনো পুরনো দিনের গান গুনগুন করে, এবং এভাবেই সেগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে যায়।
শুধু ‘সাজান সাজান’ নয়, তার পুরোনো ‘ডিং ডং’, ‘সোলজার সোলজার’ ও ‘নাইয়ো নাইয়ো’ গানও বিভিন্ন নাচের ভিডিওতে ব্যবহৃত হচ্ছে। এসব গানের মাধ্যমে চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দর্শকদের কাছে তার সুর পৌঁছাচ্ছে।
‘দেশি ব্যাটম্যান’ ভিডিওগুলোর নির্মাতা হলেন চলচ্চিত্র নির্মাতা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কনটেন্ট নির্মাতা সুজল জয়সওয়ার। তার তৈরি ভিডিওতে ব্যাটম্যানকে একেবারে দেশি পরিবেশে নানা কাণ্ড করতে দেখা যায়। আর সেই ভিডিওর সঙ্গে আনু মালিকের পুরোনো গান যুক্ত হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে ‘সাজান সাজান’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে একটি বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে, যার ফলে সিদ্দিকুর রহমান (৭৫) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সংঘর্ষে আহত হন মোটরসাইকেল চালক রাহাত সরদার (২৫)। ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা তিন ঘণ্টা সড়ক অবরোধ করে, ফলে দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সিদ্দিকুর রহমান বড়াকোঠার গাজীরপাড় গ্রামের মোহম্মদ হাজীর ছেলে, এবং আহত রাহাত হাওলাদার উপজেলার শিকারপুর বন্দরের রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাহাত হাওলাদার দোকান বন্ধ করে নিজ বাড়ি আটিপাড়া গ্রামে যাওয়ার পথে তার মোটরসাইকেলে ওঠেন আত্মীয় সিদ্দিকুর রহমান। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
তারা আরও জানান, সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সিদ্দিকুর রহমান নিহত হন এবং গুরুতর আহত হন মোটরসাইকেল চালক রাহাত। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ