০৫:৫৭ এম
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করতে চায় না, এমনটা জানিয়েছেন রণধীর জয়সোয়াল, যিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বর্তমানে যা ঘটছে, তা সম্পূর্ণরূপে দেশের অভ্যন্তরীণ বিষয়। "আমরা তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোন মন্তব্য করতে চাই না," বলেন তিনি। গত শুক্রবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার লালমনিরহাট জেলার এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য ‘সীমান্তের ওপারে’ থাকা পলাতক হাসিনাসহ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রভুদের ইশারাকে দায়ী করেন। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকরা এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সোয়াল সাংবাদিকদের জানান, "বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের অবস্থান আগের মতোই অটল।" তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়। এই সম্পর্ক গড়ে উঠেছে উভয় দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে।
ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নতুন কোনো খবর আছে কি না জানতে চাইলে জয়সোয়াল বলেন, "তেমন কিছু তাঁর জানা নেই।"
আরও পড়ুন: শেরপুরে বাসের লকারে ১১ কেজি গাঁজা, যুবক আটক
গঙ্গার পানিচুক্তির ভবিষ্যৎ নিয়েও একাধিক প্রশ্ন করা হয়। আগামী ১২ ডিসেম্বর ওই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এক সাংবাদিক জানতে চান, "এই চুক্তি যাতে নবায়ন না হয়, সে জন্য অনেক মহল থেকে অনেক ধরনের দাবি তোলা হয়েছে। চুক্তি নবায়নের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে কি?" অন্য এক সাংবাদিক জানতে চান, "এই মুহূর্তে দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে যোগ দিতে ভারতের একটি প্রতিনিধিদল ঢাকায় গেছে। তারা সেখানে যে আলোচনা করবে, তা টেকনিক্যাল পর্যায়ের নাকি সেই বৈঠকে কাজের কিছু হবে?" আরেক সাংবাদিক জানতে চান, "যে চুক্তিতে দুই দেশের প্রধানমন্ত্রী সই করেছিলেন, তা নিচুপর্যায়ের কর্মকর্তাদের সম্মতিতে নবায়ন হতে পারে কি না। অর্থাৎ দুই দেশের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে গঙ্গা পানিচুক্তি নবায়ন করা যায় কি না।"
জয়সোয়াল এসব প্রশ্নেরও কোনো বিশদ জবাব দেননি। তিনি বলেন, "গঙ্গাসহ দুই দেশের মধ্যে প্রবাহিত সব অভিন্ন নদীর পানিসম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের অধিকারী জেআরসি। ওটাই প্রতিষ্ঠিত কাঠামোগত ব্যবস্থা।" এ কথা বলার সঙ্গে সঙ্গে ভারতের আগ্রহ ও চাহিদার কথা তুলে ধরে জয়সোয়াল বলেন, "বাংলাদেশের সঙ্গে ভারত সব সময় ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করে এসেছে।" তিনি জানান, ঢাকায় জেআরসির বৈঠকটির চরিত্র কী, তা তাঁর জানা নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন