০৫:২১ পি.এম
সাভার (ঢাকা), ৪ অক্টোবর, ২০২৬ : যুবশক্তির উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধির জন্য একটি পাইলট প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম আজ দেশের ৯টি জেলায় একযোগে শুরু হয়েছে।
রাজধানী সাভারের বাইপাইলে বিএনসিসি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, একই সঙ্গে ঢাকা জেলার সাভার ছাড়াও টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও রাজশাহীতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুন: মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপ-প্রেস সচিব জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস এবং প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আন্তরিকভাবে প্রশিক্ষণে অংশগ্রহণের আহ্বান জানান।
প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনসার-ভিডিপি ও বিএনসিসি’র সদস্যদের নিজ নিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এছাড়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে আনসার-ভিডিপি ও স্কাউটসের সদস্যদের বেসামরিক প্রতিরক্ষা বা সিভিল ডিফেন্স বিষয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুন: জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড, দুর্বৃত্তের অভিযোগ
সংশ্লিষ্টরা জানান, বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধির এই পাইলট প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও প্রস্তুতি আরও জোরদার হবে। প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের আন্তরিক সহযোগিতা এবং দায়িত্বশীল অংশগ্রহণ প্রত্যাশা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন