১২:১২ পি.এম
মরিশাসে একটি কর্মস্থলে ঘটে যাওয়া দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে গত বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী কাঠের বাক্সটি বের করার সময় সেটি উল্টে তাঁদের ওপর পড়ে। এর ফলে ঘটনাস্থলেই তিনজনের প্রাণহানি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তাঁরা প্লেইন-দে-পাপাইয়েস এলাকার একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার সময় তাঁরা কনটেইনারের ভেতর থেকে কাচের প্যানেলভর্তি একটি বাক্স সরানোর কাজে নিযুক্ত ছিলেন। বাক্সটিতে মোট ৪১টি কাচের পাত ছিল, প্রতিটি পাতের আকার ছিল ৬ ফুট বাই ৮ ফুট এবং পুরুত্ব ৬ মিলিমিটার।
স্থানীয় পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ, জরুরি চিকিৎসাসেবা এবং মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে কনটেইনারের ভেতরে ভারী বাক্সের নিচে আটকে থাকা তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রিপাবলিকান সিনেটর জন কর্নিনের হাতে ট্রাম্পের বিচারক পদে মনোনয়ন আটকে গেল
দুর্ঘটনার পর মরিশাসের শ্রম মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। দেশটির শ্রমমন্ত্রী রেজা উতিম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।
মরিশাসের সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’র সর্বশেষ প্রতিবেদনে শ্রমমন্ত্রী রেজা উতিমের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ক্রেন পরিচালনায় ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বক্তব্য অনুযায়ী, শ্রমিকেরা পূর্বে এ ধরনের কাজ করেছেন। মন্ত্রী জানিয়েছেন, নিহত তিন শ্রমিকের বৈধ কাজের অনুমতি ছিল এবং তাঁরা গত মে মাস থেকে মরিশাসে কর্মরত ছিলেন। এসব বিষয়ও তদন্তের আওতায় আসবে।
শ্রমমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, নিয়োগকারী প্রতিষ্ঠানকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি, স্বজনদের ইচ্ছা অনুযায়ী তিন শ্রমিকের মৃতদেহ বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে নিয়োগকর্তাকে।
আরও পড়ুন: নাৎসি বিতর্কের অবসানে রেকর্ড ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গঘের চিত্রকর্ম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন