১০:২৯ এম
লক্ষ্মীপুরের রামগতি ও নোয়াখালীর হাতিয়া উপজেলার সীমান্তবর্তী বয়ারচরে মেঘনার ভাঙনে বিস্তীর্ণ জনপদের পাশাপাশি নদীগর্ভে বিলীন হয়ে গেছে পল্লী বিদ্যুতের শতাধিক খুঁটি। তবে, এসব খুঁটি উদ্ধারের জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বছরের পর বছর পার হয়ে গেলেও খুঁটিগুলো উদ্ধারে কোনো সাড়া মেলেনি। সরকারি সম্পদ নদীগর্ভে হারিয়ে যাওয়ার পরও বিদ্যুৎ বিভাগের নীরবতা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বয়ারচরের তিনদিক থেকে নদী ভাঙন অব্যাহত রয়েছে। একদিকে ভুলুয়া নদী এবং বাকী দুইদিক থেকে মেঘনা নদীর ভাঙন চলমান। ভাঙন কবলিত এলাকার নদীর তীরবর্তী পল্লী বিদ্যুতের শতাধিক খুঁটি মেঘনার ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীর তীরের রাস্তাঘাট, কৃষি জমি ও মানুষের বসতবাড়ি ভেঙে নদীর পেটে চলে যাচ্ছে। নদীর তীরবর্তী বিদ্যুতের সংযোগ লাইন ছিল, কিন্তু মেঘনার ভাঙনের ফলে বিদ্যুতের লাইনও ভেঙে গেছে। এর ফলে শতাধিকেরও বেশি খুঁটি নদীতে পড়ে গেছে। কোথাও খুঁটি উপড়ে পড়েছে, কোথাও খুঁটি এখনও দাঁড়িয়ে রয়েছে, আবার কোথাও বৈদ্যুতিক অবকাঠামো ভাঙনের কবলে পড়ে নদীর গভীরে হারিয়ে গেছে। দীর্ঘদিন ধরে এসব খুঁটি নদীগর্ভে পড়ে থাকলেও সেগুলো উদ্ধারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি সংশ্লিষ্ট পল্লী বিদ্যুত অফিসের পক্ষ থেকে।
বয়ারচরের ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকার মেঘনার তীরে এসব খুঁটি পড়ে রয়েছে। গাবতলি সুইজগেইট এলাকায় গিয়ে দেখা যায়, বিদ্যুতের খুঁটিগুলো নদীতে পড়ে আছে। জোয়ারের স্রোতে বেশ কিছু খুঁটি নদীর পেটে চলে গেলেও এখন শতাধিক খুঁটি নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
আরও পড়ুন: জনবলের সংকটে মুখ থুবড়ে পড়েছে লক্ষ্মীপুরের মৎস্য প্রজনন কেন্দ্র
স্থানীয় বাসিন্দা মো. মুরাদ ও আব্দুল আলী জানান, সরকারি অর্থে কেনা মূল্যবান বিদ্যুতের খুঁটিগুলো উদ্ধারের সুযোগ থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। যদি সময়মতো উদ্যোগ নেয়া হতো, তাহলে সবগুলো খুঁটি উদ্ধার করা সম্ভব হতো। কিন্তু বছরের বেশি সময় পার হয়ে গেলেও কর্তৃপক্ষের নীরবতায় সরকারি সম্পদ ধ্বংস হচ্ছে। বর্তমানে অনেকগুলো খুঁটি নদীতে বিলীন হয়ে গেছে এবং কিছু খুঁটি এখনও দাঁড়িয়ে রয়েছে। এতে রাষ্ট্রের সম্পদ নষ্ট হচ্ছে।
এদিকে, নদী ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা বলছেন, মেঘনার ভাঙন শুধু বসতবাড়ি ও ফসলি জমিই গ্রাস করছে না, বরং বিদ্যুতের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যন্ত্রপাতিও ধ্বংস করছে। এ অবস্থায় বিদ্যুৎ বিভাগের আগাম প্রস্তুতি ও তদারকি নিয়েও প্রশ্ন তুলছেন এলাকাবাসী।
স্থানীয় চরগাজী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম খলিল দিদার বলেন, নদীগর্ভে হারিয়ে যাওয়া খুঁটিগুলোর প্রকৃত সংখ্যা, আর্থিক মূল্য ও উদ্ধারের সম্ভাবনা নিরূপণে জরুরি তদন্ত প্রয়োজন। একই সঙ্গে যেসব খুঁটি উদ্ধার করা সম্ভব, সেগুলো দ্রুত উদ্ধারের উদ্যোগ নেয়া এবং দায়িত্বে অবহেলা থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।
রামগতি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. খায়রুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি ঘটনাস্থলে লোক পাঠিয়ে খুঁটিগুলো উদ্ধারের ব্যবস্থা করবেন।
আরও পড়ুন: ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের সহ-সভাপতি রবিন আহমেদ গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন