০৬:২৫ পি.এম
সুদানের উত্তর কর্দোফান রাজ্যের উম্ম বদর এলাকায় র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর হামলায় ২৫ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর দিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।
আজ শনিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, একটি ভিডিওতে ওই অঞ্চলে আরএসএফ সদস্যদের বেসামরিক নাগরিকদের হত্যা করতে দেখা গেছে। নিহতদের সুদানি সেনাবাহিনীর সমর্থক হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলেও উল্লেখ করা হয়।
সংগঠনটির দাবি, হামলার পেছনে জাতিগত বিদ্বেষের বিষয়টি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তারা জানায়, বেসামরিক নাগরিকদের বেআইনিভাবে হত্যা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।
আরও পড়ুন: আইসিজের রায়ে বিচারিক স্বীকৃতি, রোহিঙ্গাদের অধিকার ফিরবে কবে?
ঘটনার স্বাধীন তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। আরএসএফ এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, উত্তর কর্দোফানের বিভিন্ন স্থানে সুদানি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সেনাবাহিনী সম্প্রতি উত্তর কর্দোফানের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।
২০২৩ সাল থেকে সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য জানাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন