১১:০৭ পি.এম
পিরোজপুরের নাজিরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত আংশিক কমিটির আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সরদার এম. মনিরুজ্জামান (মনির)। তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার সময় ‘বিতর্কিত কমিটি’ উল্লেখ করেন এবং ‘পরিচ্ছন্ন রাজনীতি’র কথা জানিয়ে পদত্যাগ করেন। এটি কমিটি গঠনের মাত্র চার দিন পর ঘটে।
নথি অনুযায়ী, পিরোজপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আঃ ছালাম বাতেন এবং সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন টিপু স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখে নাজিরপুর উপজেলা শ্রমিক দলের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর চার সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে এম. মনিরুজ্জামান সরদারকে (মনির) নিযুক্ত করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন: সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মোঃ মাইনুল ইসলাম (মিন্টু), সম্মানিত সদস্য মোঃ শোভন তালুকদার। অনুমোদনপত্রে নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে, দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে অনুমোদন নিতে হবে।
আরও পড়ুন: প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
তবে, ২৭ নভেম্বর ২০২৬ তারিখে পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্রে সরদার মনিরুজ্জামান উল্লেখ করেন যে, ২৩-১১-২০২৬ তারিখে তাকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি পদত্যাগপত্রে লেখেন, "আমি পরিচ্ছন্ন রাজনীতি পছন্দ করি। তাই এই বিতর্কিত কমিটির আহ্বায়ক এর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম।" তিনি একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
সদ্য পদত্যাগ করা শ্রমিক দলের আহবায়ক মনিরুজ্জামান সরদার জানান, "উপজেলা বিএনপি চিঠি লিখছে আমাকে নিয়ে জেলা শ্রমিকদলের কাছে।" তিনি বলেন, "আমি দীর্ঘদিন এলাকায় ছিলাম না, এমন একটি বিতর্কিত কথা উঠেছে যা আমার ভাবমূর্তি নষ্ট করেছে। তাই আমি পদত্যাগ করেছি।" তিনি আরও জানান, উপজেলা বিএনপির কয়েকজন বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে, তাই তিনি মনে করেছেন এখানে তার থাকা দরকার নেই।
উক্ত কমিটির যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম (মিন্টু) আহ্বায়কের পদত্যাগ সম্পর্কে বলেন, "সে আহ্বায়ক হয়ে আসছে তাও আমি জানি না, আবার সে পদত্যাগ করছে তাও আমি জানি না।" তিনি উল্লেখ করেন, "বিগত দিনে সে এলাকায় ছিল না, দলের জন্য কাজও করেনি।"
নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান জানান, "হ্যা, আমরা জেলা শ্রমিকদলের কাছে লিখিত দিয়েছি।" তিনি বলেন, "ওনার অনুপস্থিতি ছিল দীর্ঘদিন, উপজেলা বিএনপির সঙ্গে পরামর্শ না করে কমিটি দেওয়ায় লিখিত আবেদন করেছি ওনার বিরুদ্ধে জেলা শ্রমিকদলের কাছে।"
আরও পড়ুন: জালে জড়িয়ে ডুবল নৌকা, স্ত্রী-সন্তানকে উদ্ধার করা হলেও প্রাণ গেল আব্দুল আজিজের
পিরোজপুর জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সালাম বাতেন বলেন, "আমি এই বিষয়ে এখনো কিছু শুনি নাই।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন