০৫:২৩ পি.এম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়ের করা রিট আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। হাইকোর্ট আগামী ১১ নভেম্বর এ বিষয়ে আদেশ প্রদান করবেন।
বুধবার (৪ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ এবং বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই দিন ধার্য করেন।
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর, হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিল। আদালতের অবকাশকালীন ছুটি শেষে নিয়মিত বেঞ্চ চালু হলে নতুন করে শুনানির জন্য আবেদনটি আবার আদালতের সামনে উপস্থাপন করা হয়।
আরও পড়ুন: মিরপুরের গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, ৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট ইউসূফ আলী।
মামলার বিবরণ ও রিট সূত্রে জানা গেছে, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়ার পর প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি করে গত ২ ও ১৩ সেপ্টেম্বর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আলাদা দুটি সংবাদ সম্মেলন করেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক।
রিট আবেদনের শুনানিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আইনজীবী ইউসূফ আলী যুক্তি তুলে ধরেন যে, তদন্ত বা অনুসন্ধান শেষ হওয়ার আগেই সংবাদ সম্মেলন করে প্রাথমিক সত্যতা পাওয়ার ঘোষণা দেয়া সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা ব্যক্তিমর্যাদা ও সুনামের সুরক্ষার মৌলিক অধিকারের পরিপন্থি। পাশাপাশি, এই ধরনের বক্তব্য দুদকের নিজস্ব ‘তথ্য অবমুক্তকরণ নীতিমালা, ২০১১’-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে দুদকের ওই সংবাদ সম্মেলনগুলোর বৈধতা চ্যালেঞ্জ এবং অনুসন্ধান চলাকালে গণমাধ্যমে মানহানিকর বক্তব্য প্রদান থেকে কমিশনকে বিরত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রিট করা হয়।
আরও পড়ুন: ‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— শ্রমিক নেতাদের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন