১০:০৯ পি.এম
পোশাক শ্রমিকদের বেঁচে থাকার উপযোগী ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, শ্রমিকদের ওপর দমন-পীড়ন বন্ধ করা উচিত। তিনি উল্লেখ করেছেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
ঢাকাসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর পুলিশ ও বিজিবির হামলা, লাঠিপেটা ও নির্যাতনের বিরুদ্ধে সোমবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, শ্রমিকদের বেঁচে থাকার ন্যায্য দাবিতে স্বতঃস্ফূর্ত আন্দোলনকে কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের বাঁচার দাবিকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে তাদের আন্দোলনের ন্যায্যতা নষ্ট করা যাবে না। তবে, এই আন্দোলন যাতে কোনো অপশক্তি নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়েও শ্রমিকদের সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন: ‘এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ’
সাইফুল হক জানান, পোশাক খাতের জন্য সম্প্রতি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে। এ অবস্থায় সংকট সমাধানে শ্রমিকদের শান্ত, সংযত ও ধৈর্যশীল থাকতে হবে। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখা সংকট সমাধানের পথ হতে পারে না। বরং, সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস তৈরি করা এখন সবচেয়ে জরুরি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, কালক্ষেপণ না করে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বাস্তবসম্মত আলোচনা করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের বেঁচে থাকার উপযোগী ন্যায্য ন্যূনতম মজুরি দ্রুত নির্ধারণ করতে হবে।
শ্রমিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধ করারও আহ্বান জানান সাইফুল হক। তিনি মনে করেন, দমন-পীড়নের পরিবর্তে আলোচনা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এ সংকটের সমাধান করা প্রয়োজন।
আরও পড়ুন: হাসিনা এখন লাশের অপেক্ষায়, ফেসবুক পোস্টে মন্তব্য: সোহেল তাজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন