০৬:১৫ পি.এম
সিলেট জেলা পরিষদ ৬০০ এরও বেশি কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে। ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৬৮৮ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৩৯ লাখ ৬৯ হাজার টাকার এই শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন শিল্প ও বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কারিগর। কেবল ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং নৈতিকতা, দেশপ্রেম ও আধুনিক প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
আরও পড়ুন: টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি বিশ্বসেরা ৬০০তে
তিনি আরও বলেন, মেধাবীদের এমন স্বীকৃতি ও আর্থিক সহায়তা তাদের উচ্চশিক্ষার পথকে আরও সুগম করবে এবং অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলে অনুপ্রাণিত করবে।”
মন্ত্রী উল্লেখ করেন, সরকার দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও মেধাবীদের বিকাশে সবসময় পাশে রয়েছে।
সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম কামারুজ্জামান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের ভবিষ্যৎ পথচলা সুগম করতে জেলা পরিষদের পক্ষ থেকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন: তিতুমীরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির আলোচনা সভা
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন আরাফাত গিলমান মাহিদী, নাজিহা সুলতানা নাজা, শাহরিয়ার আলম ও তানিয়া আক্তার। আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সার্টিফিকেট তুলে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন