ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় ভাসমান ইনটেক স্থাপন করছে চট্টগ্রাম ওয়াসা


শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় ভাসমান ইনটেক স্থাপন করছে চট্টগ্রাম ওয়াসা

চট্টগ্রাম, ১৮ নভেম্বর, ২০২৬ : শুষ্ক মৌসুমে চট্টগ্রাম মহানগরীতে পানির সংকট সমাধানের জন্য সুপেয় পানির সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম ওয়াসার প্ল্যান্টগুলোতে ভাসমান ইনটেক স্থাপন করার কাজ শুরু হয়েছে।

বাংলাদেশে এই প্রথম চট্টগ্রাম ওয়াসা ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে এবং এর বাস্তবায়নে কাজ শুরু করেছে। জানুয়ারি থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত প্রতি বছর লবণাক্ততার কারণে পানির উৎপাদন কমে যায়। ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সেই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা এবং কর্ণফুলী নদীর পানিপ্রবাহের ওপর ওয়াসার পানি উৎপাদন অনেকাংশে নির্ভরশীল। এই সময়ে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ কমে গেলে রাঙ্গুনিয়ায় অবস্থিত ওয়াসার বৃহৎ পানি শোধনাগার কর্ণফুলী-১ ও ২-এর উৎপাদন কমে যায়। নদীর পানিপ্রবাহ কমে যাওয়ার ফলে সমুদ্রের লবণাক্ত পানি হালদা নদীতে প্রবেশ করে, যার কারণে হালদা নদীর তীরে অবস্থিত মোহরা ও মদুনাঘাট পানি শোধনাগারের উৎপাদনও হ্রাস পায়। একই কারণে বোয়ালখালীতে অবস্থিত ভান্ডালজুড়ি পানি শোধনাগারেও পানি উৎপাদন কমাতে হয়।

আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

ফলস্বরূপ, শুষ্ক মৌসুমে চট্টগ্রাম শহরে দৈনিক সুপেয় পানির সরবরাহ ৮ থেকে ১০ কোটি লিটার পর্যন্ত কমে যায়। এর ফলে মহানগরীর বিভিন্ন এলাকায় পানির সংকট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। সাধারণত জানুয়ারি থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি সবচেয়ে প্রকট হয়ে ওঠে।

এই সংকট মোকাবিলায় চট্টগ্রাম ওয়াসা ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংস্থাটির দাবি, বিশ্বের বিভিন্ন দেশে এ প্রযুক্তি ব্যবহৃত হলেও বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম ওয়াসা এটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, মহানগরীতে শুষ্ক মৌসুমে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভাসমান ইনটেক স্থাপনের বিকল্প নেই। এ লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম ওয়াসায় এ প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।

তিনি আরও জানান, ভাসমান ইনটেক এমন একটি পানি উত্তোলন ব্যবস্থা, যা পানির স্তরের ওঠানামার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ওপর-নিচে অবস্থান পরিবর্তন করতে সক্ষম। ফলে বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে নদীর পানির স্তর কমে বা বেড়ে গেলেও পাম্প পানির মধ্যে কার্যকর অবস্থানে থাকে। এতে পাম্প পানির নিচে ডুবে যাওয়া কিংবা পানি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি কমে। পানির গভীরতা পরিবর্তিত হলেও বারবার পাম্পের অবস্থান পরিবর্তন বা পাইপের দৈর্ঘ্য সমন্বয়ের প্রয়োজন হয় না। ফলে নিরবচ্ছিন্নভাবে পানি উত্তোলন করা সম্ভব।

আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান

ভাসমান ইনটেকের আরেকটি সুবিধা তুলে ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, পানির তলদেশে সাধারণত কাদা, বালি ও পলি জমা থাকে। এই প্রযুক্তিতে পানির উপরিভাগের ঠিক নিচ থেকে পানি উত্তোলন করা হয়। ফলে পাম্পে কাদা ও ময়লা প্রবেশের আশঙ্কা কম থাকে। এতে পাম্পের ইমপেলারসহ বিভিন্ন যন্ত্রাংশের ক্ষয় কম হয় এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ও হ্রাস পায়।

তিনি আরও বলেন, চট্টগ্রাম মহানগরীতে সুপেয় পানির সরবরাহ স্বাভাবিক রাখা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের সদর শাখার প্রধান ফটকে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাতের এই ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের সদর শাখায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্যাংকটির ব্রাঞ্চ ম্যানেজার মীর লায়েক আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত আনুমানিক ২টার দিকে ঘুম ভেঙে গেলে জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পান। পরে নিচে তাকিয়ে ব্যাংকের প্রধান ফটকে আগুন জ্বলতে দেখেন। তখন তিনি চিৎকার করে অন্যদের ঘুম থেকে ডেকে তোলেন। পরে কর্মকর্তা-কর্মচারীরা নিচে নেমে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

তিনি আরও জানান, আগুন নেভানোর পর আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাস্থলে একটি বিদ্যুতের তার পুড়ে যাওয়ার অংশ এবং আগুন ধরানোর কাজে ব্যবহৃত একটি বোতলের পোড়া অংশ পাওয়া গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্বিয়ার নতুন সংসদে শপথ নিলেন ছাত্র আন্দোলনের বিজয়ী প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


সার্বিয়ার নতুন সংসদে শপথ নিলেন ছাত্র আন্দোলনের বিজয়ী প্রতিনিধিরা

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের সমর্থনে নির্বাচনে জয়ী প্রতিনিধিরা নতুন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলগ্রেডের রাজধানীতে নবনির্বাচিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাদের শপথ গ্রহণের মাধ্যমে দেশটির নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনাটি আলেকসান্দার ভুসিচের নেতৃত্বাধীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) ১৪ বছরের শাসনের সমাপ্তি ঘটিয়েছে।

২৫ অক্টোবর অনুষ্ঠিত আগাম সংসদ নির্বাচনে ‘স্টুডেন্টস লিস্ট’ ২৫০ আসনের পার্লামেন্টে ১৪০টি আসন অর্জন করে। ফলে ছাত্র আন্দোলন-সমর্থিত এই জোট এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়। অন্যদিকে, ভুসিচের নেতৃত্বাধীন জোট ১০৩টি আসন পায়। বাকি সাতটি আসন সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলো দখল করে।

নতুন সংসদের প্রথম অধিবেশনে ছাত্র আন্দোলনের সমর্থনে নির্বাচিত ১৪০ জন প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে তাদের আসন গ্রহণ করেন। এর আগে, পার্লামেন্ট ভবনের বাইরে কয়েক শ সমর্থক তাদের স্বাগত জানান। এ সময় তারা স্লোগান দেন, করতালি দেন এবং নবনির্বাচিত প্রতিনিধিদের শুভকামনা জানিয়ে ব্যানার প্রদর্শন করেন। তবে, ভুসিচের দল এসএনএসের প্রতিনিধিরা সেখানে পৌঁছালে তাদের উদ্দেশে দুয়োধ্বনি দেওয়া হয়। এ সময় এসএনএসের এক নারী সদস্য পার্লামেন্ট ভবনে প্রবেশের সিঁড়ি দিয়ে ওঠার সময় এক নারী তার মাথায় দই ঢেলে দেন।

দুর্নীতিবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় এই নির্বাচনী জয় এসেছে, যা প্রায় দুই বছর ধরে চলমান ছিল। ২০২৪ সালে সার্বিয়ার নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। ওই দুর্ঘটনার জন্য ব্যাপকভাবে দুর্নীতিকে দায়ী করা হয়েছিল।

দুর্ঘটনার পর শিক্ষার্থীদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। ২০০০ সালে স্লোবোদান মিলোসেভিচের পতনের পর এটিকে সার্বিয়ার অন্যতম বৃহৎ বিক্ষোভ হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ আন্দোলনের পর ছাত্র আন্দোলন-সমর্থিত প্রার্থীরা নির্বাচনে দুর্নীতিবিরোধী কর্মসূচি নিয়ে অংশ নেন এবং বড় জয় পান।

নবনির্বাচিত প্রতিনিধিদের মধ্যে বেশিরভাগই পেশাদার রাজনীতিক নন। তাদের মধ্যে শিক্ষাবিদ, শিল্পী ও বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। স্টুডেন্টস লিস্টের প্রার্থী মিরজানা নিকোলিচ এএফপিকে জানিয়েছেন, তারা আইন, সংসদীয় কার্যপ্রণালি এবং সংসদ সদস্যদের দায়িত্ব সম্পর্কে প্রস্তুতি নিচ্ছেন।

সরকার গঠনে ৯০ দিনের সময়সীমা

সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর নতুন সংখ্যাগরিষ্ঠ জোটের সামনে ৯০ দিনের মধ্যে প্রধানমন্ত্রী মনোনয়ন, সরকারের কর্মসূচি উপস্থাপন এবং মন্ত্রিসভা গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

ছাত্র আন্দোলন-সমর্থিত জোট স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষার প্রসার এবং প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে নতুন নেতৃত্বকে দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

রাশিয়ার সঙ্গে সার্বিয়ার ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একই সঙ্গে দেশটি দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ার লক্ষ্য অনুসরণ করছে। এ ছাড়া কসোভোর সঙ্গে সম্পর্কের বিষয়টিও নতুন সরকারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ২০০৮ সালে কসোভো স্বাধীনতা ঘোষণা করলেও বেলগ্রেড এখনো তা স্বীকৃতি দেয়নি।

নতুন স্পিকার নির্বাচনের মাধ্যমে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বেও পরিবর্তন আসবে। ভুসিচ সেপ্টেম্বরে দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট পদ ছেড়ে প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। সংবিধান অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ নভেম্বরের মধ্যে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিতে হবে এবং ২৭ ডিসেম্বরের মধ্যে তা আয়োজন করতে হবে।

ছাত্র আন্দোলন এবং ভুসিচের এসএনএস—উভয় পক্ষই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দিতে পারে। তবে সংবিধানে দুই মেয়াদের সীমা থাকায় ভুসিচ আর প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন না। এরই মধ্যে তিনি নতুন পার্লামেন্টে বিরোধী দলের নেতা হিসেবে নিজের আসন গ্রহণ করেছেন।

সূত্র: এএফপি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও ডেইলি সাবাহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির এএফএর সঙ্গে সম্পর্ক ছিন্ন, তাপিয়ার ওপর কেন ক্ষুব্ধ?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


মেসির এএফএর সঙ্গে সম্পর্ক ছিন্ন, তাপিয়ার ওপর কেন ক্ষুব্ধ?

লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে সকল ধরনের ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছেন। আর্জেন্টাইন অধিনায়কের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সভাপতি ক্ল Claudio তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর প্রতি বিরক্তি—এমনটি জানিয়েছেন সাংবাদিক নিকোলাস উইনিয়াস্কি।

মেসি reportedly একটি আইনি নোটিশও এএফএকে পাঠিয়েছেন। এক ব্রডকাস্টার চ্যানেলে উইনিয়াস্কি বলেছেন, “মেসি তার আইনজীবীদের মাধ্যমে একটি আইনি নোটিশ তৈরি করেছেন। এতে এএফএকে জানানো হয়েছে, আর্জেন্টাইন ফুটবলের জন্য কোনো উপকারে না আসা ব্যবসায়িক স্বার্থে যেন মেসির ছবি ব্যবহার বন্ধ করে তারা।”

আর্জেন্টিনার সংবাদমাধ্যম এ২৪.কমের প্রতিবেদনে বলা হয়েছে, মেসির ক্ষোভের পেছনে বেশ কিছু ঘটনা রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বাণিজ্যিক স্বত্ব নিয়ে জটিলতা। মেসির একক স্পন্সর মিশেলবের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও আর্জেন্টিনার একটি বিয়ার প্রতিষ্ঠানের প্রচারে তার ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। এই ঘটনা মেসির অজান্তে ঘটেছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজন নিয়েও আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপ অভিযোগ করেছে, চুক্তি অনুযায়ী প্রতিটি ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট খেলার কথা ছিল, কিন্তু সেই শর্ত পূরণ হয়নি। এ ঘটনায় এএফএ, মেসি ও হুলিয়ান মার্কোস কাপেলানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে প্রতিষ্ঠানটি। তবে অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি।

বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের আয়োজন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। মনুমেন্তালে ম্যাচের সময় শব্দব্যবস্থায় সমস্যা এবং আয়োজনে বিভিন্ন ত্রুটি তার বিরক্তির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া এএফএর আন্তর্জাতিক আয় এবং বিলাসবহুল ইয়ট-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ১২ লাখ ৭০ হাজার ডলারের বেশি অর্থ স্থানান্তরের বিষয়েও প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষাপটেই তাপিয়া ও এএফএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন মেসি বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছবোঝাই ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট, ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছবোঝাই ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট, ভোগান্তি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি গাছবোঝাই ট্রাক উল্টে যাওয়ার ফলে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সারি দীর্ঘ হওয়ায় সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ভোরের দিকে চট্টগ্রামগামী লেনে যাওয়ার সময় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। ট্রাকের গাছের গুঁড়িগুলো সড়কে ছড়িয়ে পড়ায় যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়। ধীরগতির কারণে মহাসড়কে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এর ফলে সকাল থেকেই কর্মস্থলগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এক ভুক্তভোগী যাত্রী সালাম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, "মেঘনা যাওয়ার উদ্দেশে বের হয়ে প্রায় দেড় ঘণ্টা একই জায়গায় আটকে ছিলাম। যানজট ছাড়ার কোনো লক্ষণ না দেখে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে বাড়ি ফিরে যাচ্ছি।"

ঘটনাস্থলে দায়িত্বরত কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলে রাব্বি জানান, ভোরে দুর্ঘটনা ঘটার কারণে সড়ক থেকে গাছের গুঁড়িগুলো সরানোর জন্য তাৎক্ষণিকভাবে শ্রমিক পাওয়া যায়নি। এই কারণেই যানজট দীর্ঘায়িত হয়েছে। তবে এরই মধ্যে শ্রমিকদের কাজে লাগানো হয়েছে। রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%