০৫:০২ পি.এম
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ অভিযোগ করেছেন যে, ইউরোপের দেশগুলোতে ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নির্যাতনের জন্য প্রশিক্ষণ দেওয়া কুকুর ব্যবহার করা হচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, এই কুকুরগুলো বিক্রি করে কিছু ইউরোপীয় নাগরিক মুনাফা লাভ করছে। আলবানিজ বিষয়টিকে ‘জঘন্য’ হিসেবে অভিহিত করেছেন।
সম্প্রতি তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের ইংরেজি সংস্করণে আলবানিজের বক্তব্যসহ একটি ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ‘ইউরোপীয় দেশগুলোতে প্রশিক্ষিত কুকুর দিয়ে ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ করা হচ্ছে। ইউরোপের মানুষ ফিলিস্তিনিদের ধর্ষণের কাজে ব্যবহৃত কুকুর বিক্রি করে মুনাফা করছে। এটি জঘন্য।’
আলবানিজের এই বক্তব্যের পটভূমি পাওয়া যায় গত ৪ নভেম্বর আয়ারল্যান্ডের পার্লামেন্টের ইউরোপীয় বিষয়ক কমিটির বৈঠকে। সেখানে তিনি ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেন। তার বক্তব্যের লিখিত বিবরণ আয়ারল্যান্ডের পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। দ্য আইরিশ টাইমসের প্রতিবেদনে কুকুর ব্যবহারের অভিযোগসহ তার বক্তব্য তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পের ইরানের সঙ্গে টেকসই চুক্তির পরিকল্পনা, ভবিষ্যৎ প্রেসিডেন্টের জন্যও কার্যকর
বৈঠকে আলবানিজ বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার আটক, নির্যাতন ও ধর্ষণের ঘটনা নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে এসব নির্যাতনের ব্যাপকতা ও ধরন আরো ভয়াবহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
আলবানিজ বন্দীদের সাক্ষ্য উল্লেখ করে বলেন, নির্যাতনের শিকার ব্যক্তিদের মধ্যে কেউ কেউ কুকুর দিয়ে যৌন নিপীড়নের শিকার হয়েছেন। তার অভিযোগ, ইউরোপের বিভিন্ন দেশে এসব কুকুরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং পরে সেগুলো বিক্রি বা ইসরাইলে পাঠানো হয়। ইউরোপের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনের প্রয়োগ নেই।
ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে গত জুনে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আলজাজিরা। সেখানে ইসরাইলের বিভিন্ন বন্দিশিবির ও কারাগার থেকে মুক্তি পাওয়া কয়েকজন ফিলিস্তিনির সাক্ষ্য তুলে ধরা হয়। তাদের মধ্যে কয়েকজন কুকুর দিয়ে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেন।
প্রতিবেদনে মোহাম্মদ জাকি আল-বাকরি নামের গাজার এক সাবেক বন্দীর বক্তব্য তুলে ধরা হয়। তিনি দাবি করেন, ইসরাইলি হেফাজতে থাকা অবস্থায় তাকে পোশাক খুলতে বাধ্য করা হয়, হাত-পা বেঁধে রাখা হয় এবং একটি বড় কুকুর দিয়ে যৌন নির্যাতন করা হয়। একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরো কয়েকজন সাবেক বন্দী।
আরও পড়ুন: জাতিসংঘের তৃতীয় কমিটিতে রোহিঙ্গা ইস্যুতে প্রস্তাব পাস, ১২৮ দেশের সমর্থন
আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, এসব সাক্ষ্যে শুধু কুকুর দিয়ে আক্রমণের অভিযোগই নয়, বন্দীদের নগ্ন করা, মারধর, চোখ বেঁধে রাখা, যৌন নিপীড়ন এবং নির্যাতনের দৃশ্য ধারণের মতো ঘটনার কথাও উঠে এসেছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আলবানিজও ওই অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়েছেন।
তবে কুকুরকে পরিকল্পিতভাবে যৌন নিপীড়নের কাজে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ নিয়ে বিতর্ক রয়েছে। গত মে মাসে যুক্তরাষ্ট্রের জিউইশ টেলিগ্রাফিক এজেন্সি (জেটিএ) এ বিষয়ে কুকুরের আচরণ ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ জেমস ক্রসবির মতামত প্রকাশ করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যানাইন ব্রেন প্রকল্পের সঙ্গে যুক্ত সাবেক এই পুলিশ কর্মকর্তা বলেন, কোনো কুকুরকে সফলভাবে যৌন নিপীড়ন করার জন্য প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত অসম্ভব বলে মনে হয়।
ক্রসবি ব্যাখ্যা করেন, কুকুরকে মানুষের শরীরের ওপর ওঠা বা নির্দিষ্ট কিছু শারীরিক আচরণ শেখানো সম্ভব হলেও যৌন নিপীড়নের অভিযোগে বর্ণিত অনুপ্রবেশমূলক কর্মকাণ্ড প্রশিক্ষণের মাধ্যমে করানো সম্পূর্ণ ভিন্ন বিষয়।
অন্যদিকে, ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে ইসরাইল। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় আলবানিজের বক্তব্যকে ‘মিথ্যা ও জঘন্য অভিযোগ’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির কারা কর্তৃপক্ষও বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।
আরও পড়ুন: পুতিন-ট্রাম্পের বৈঠক এক ঘণ্টারও কম স্থায়ী
পার্লামেন্টের বৈঠকে আলবানিজ শুধু বন্দীদের নির্যাতনের অভিযোগই তোলেননি; ইসরাইলের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের আরো কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও জানিয়েছেন। তার মতে, ফিলিস্তিনে ইসরাইলের কর্মকাণ্ডের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান অবস্থান আন্তর্জাতিক আইন রক্ষার অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আয়ারল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়নের সভাপতির দায়িত্ব কাজে লাগিয়ে সদস্যদেশগুলোকে ইসরাইলের বিষয়ে অবস্থান পরিবর্তনে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তার ভাষায়, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় আয়ারল্যান্ডের দৃঢ় ভূমিকা নেওয়া প্রয়োজন।
ফ্রানচেস্কা আলবানিজ ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক। তার বক্তব্য ও অভিযোগ তার নিজস্ব ম্যান্ডেটের অধীনে দেওয়া পর্যবেক্ষণ; এগুলো স্বয়ংক্রিয়ভাবে জাতিসংঘের সব সংস্থার আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য হয় না।
সূত্র: দ্য আইরিশ টাইমস, আলজাজিরা , জিউইশ টেলিগ্রাফিক এজেন্সি (জেটিএ), দ্য টাইমস অব ইসরাইল ও
আরও পড়ুন: শি’র প্রশংসায় ট্রাম্প, নতুন ২০টিরও বেশি বাণিজ্য চুক্তি আসছে
আইবিটাইমস ইউকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন