০৮:৩৭ পি.এম
ভারতজুড়ে বোতলজাত পানির মান পরীক্ষা শুরু করেছে দেশটির খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। এই পদক্ষেপটি নেওয়া হয়েছে জনপ্রিয় পানীয় জলের ব্র্যান্ড বিসলেরির একটি নমুনায় ক্ষতিকর রাসায়নিক উপাদান পাওয়ার পর। আজ বুধবার (২৫ নভেম্বর) সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া বক্তব্যে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়ার (এফএসএসএআই) প্রধান নির্বাহী কর্মকর্তা রজিত পুনহানি বলেন, “পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা সারা দেশেই এই পরীক্ষা চালাচ্ছি।”
গত রোববার (২২ নভেম্বর) কর্তৃপক্ষ জানায়, ভারতের অন্যতম পরিচিত পানীয় জলের ব্র্যান্ড বিসলেরির বোতলজাত পানির একটি নমুনায় ব্রোমেটের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে বেশি পাওয়া গেছে। ব্রোমেট এমন একটি রাসায়নিক উপাদান, যা ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
আরও পড়ুন: কোয়ান্টাম প্রযুক্তিতে নেতৃত্ব দিতে যাচ্ছে ইউরোপ, ৫০ বিলিয়ন ইউরোর তহবিল গঠনের প্রস্তাব
পরবর্তী পরীক্ষায় পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনস (পিএএইচ) নামের একদল রাসায়নিকের উপস্থিতিও শনাক্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। এসব রাসায়নিক সাধারণত দূষণের সঙ্গে সম্পর্কিত।
তবে পরীক্ষার ফলাফল নিয়ে আপত্তি জানিয়েছে বিসলেরি। প্রতিষ্ঠানটির দাবি, পরবর্তী পরীক্ষায় পানিতে ব্রোমেটের মাত্রা অনুমোদিত সীমার মধ্যেই পাওয়া গেছে। পাশাপাশি পিএএইচ শনাক্তের ফলাফল নিয়েও অসংগতি রয়েছে বলে দাবি করেছে তারা।
পরীক্ষার ফলাফল পেতে কত দিন লাগতে পারে, এমন প্রশ্নের জবাবে রজিত পুনহানি বলেন, ভারত অনেক বড় দেশ। তাই পুরো প্রক্রিয়া শেষ করতে অন্তত এক থেকে দুই মাস সময় লাগতে পারে।
ভারতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য শক্তিশালী আইনি কাঠামো থাকলেও বাস্তবে এর প্রয়োগ দুর্বল বলে সমালোচনা রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে খাদ্য নিয়ন্ত্রক সংস্থার পরীক্ষা করা নমুনার প্রায় প্রতি ছয়টির একটিতে গুরুত্বপূর্ণ মানদণ্ডের ঘাটতি পাওয়া গেছে।
আরও পড়ুন: শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্র বন্ধ, সীমান্তে কমছে বাণিজ্য-যাত্রী
এর আগেও ভারতীয় খাদ্যপণ্যের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ২০২৪ সালে ইথিলিন অক্সাইডের উপস্থিতি শনাক্ত হওয়ার পর নেপাল ও সিঙ্গাপুরসহ কয়েকটি দেশ ভারতের জনপ্রিয় মসলা ব্র্যান্ডের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়।
ইথিলিন অক্সাইড বর্ণহীন ও গন্ধহীন একটি রাসায়নিক যৌগ। মসলা জীবাণুমুক্ত করতে এটি ব্যবহার করা হলেও যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) তথ্য অনুযায়ী, উপাদানটি ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
এদিকে ভারতের বহু পরিবার পান করার উপযোগী কলের পানির অভাবে বোতলজাত পানির ওপর নির্ভরশীল। ফলে বিসলেরির পানিতে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতির খবর দেশটিতে খাদ্য ও পানির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তথ্যসূত্র: খালিজ টাইমস
আরও পড়ুন: ড্রোন হামলার আশঙ্কায় রাত হলেই সামরিক বিমানগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয় যুক্তরাজ্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন