০২:০৬ পি.এম
কোস্ট গার্ডের নেতৃত্বে গঠিত যৌথ বাহিনী পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ নকল বিদেশি সিগারেট ও অন্যান্য নিষিদ্ধ পণ্য জব্দ করেছে।
আজ রোববার সকালে বাসস’কে এই তথ্য জানিয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে পটুয়াখালী সদর থানার সবুজবাগ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর নেতৃত্বে এই অভিযানে স্থানীয় তিনটি সন্দেহজনক গোডাউনে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় ১৮ হাজার ৪শ’ শলাকা নকল সিগারেট, ২ হাজার ৮২০ শলাকা বিদেশি সিগারেট, ৭৪ প্যাকেট রোলিং পেপার এবং ৬০ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। জব্দ করা নকল সিগারেটের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৭৩ হাজার ৩শ’ টাকা।
আরও পড়ুন: মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু
কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গোডাউনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়, ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা পণ্যগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন বাসস’কে আরো জানান, চোরাচালান, শুল্ক ফাঁকি এবং অবৈধ পণ্য মজুত ও বাজারজাতকরণ বন্ধে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড, দুর্বৃত্তের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন