১০:৫৪ পি.এম
সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়া নির্বিঘ্ন ও টেকসই করতে সরকার জাতীয় রোডম্যাপ, আর্থিক সংস্কার এবং বিকল্প অর্থায়ন কৌশলসহ সমন্বিত নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, জাতীয় রোডম্যাপ ও সংশোধিত মসৃণ উত্তরণ কৌশল সঠিকভাবে বাস্তবায়ন করা হলে, বিকল্প অর্থায়ন, ঋণ ব্যবস্থাপনা এবং পুঁজিবাজারে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের এলডিসি উত্তরণকে নির্বিঘ্ন ও টেকসই করা সম্ভব হবে।
আরও পড়ুন: সমাজকল্যাণমন্ত্রী: দেশব্যাপী চাইল্ড কেয়ার সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। সংরক্ষিত নারী আসন-৪৯-এর স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন এ নোটিশ উত্থাপন করেন।
অর্থমন্ত্রী জানান, জাতিসংঘের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ বছরের প্রস্তুতিমূলক সময় শেষে ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের কথা ছিল।
তবে কোভিড-১৯ মহামারির পরবর্তী অর্থনৈতিক চাপ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আঞ্চলিক সংঘাত, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তন এবং আর্থিক খাতের দুর্বলতার কারণে দেশের সংস্কার কার্যক্রম ও উত্তরণের প্রস্তুতি বাধাগ্রস্ত হয়।
এ পরিস্থিতিতে দেশের শীর্ষস্থানীয় চেম্বার ও ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের কাছে প্রস্তুতিমূলক সময় বাড়ানোর আহ্বান জানায়।
আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি
তিনি বলেন, এর পরিপ্রেক্ষিতে সরকার বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতি মূল্যায়নে জাতিসংঘ ও জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের (ইউএনসিটিএডি) কাছে একটি স্বাধীন মূল্যায়ন প্রতিবেদন তৈরির অনুরোধ জানায়। বাংলাদেশে উত্তরণের প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদনে প্রস্তুতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘাটতি এবং উত্তরণ প্রক্রিয়ায় গুরুতর বিঘ্নের বিষয়টি উঠে আসে।
এই মূল্যায়নের ভিত্তিতে বাংলাদেশ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি জাতিসংঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটির (সিডিপি) কাছে প্রস্তুতিমূলক সময় আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত নির্ধারণের আনুষ্ঠানিক অনুরোধ জানায়।
অর্থমন্ত্রী বলেন, গত ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে বাংলাদেশের প্রস্তুতিমূলক সময় তিন বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে। সে অনুযায়ী, বাংলাদেশ ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি তালিকা থেকে উত্তরণ ঘটাবে।
এলডিসি উত্তরণকে গৌরবের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ উত্তরণের ফলে বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে যেসব বিশেষ সহায়তা ও সুবিধা পেয়ে থাকে, সেগুলো ধীরে ধীরে হারাবে। ফলে নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
আরও পড়ুন: আগামীকাল ৬২ বছরে পদার্পণ করছেন : প্রধানমন্ত্রী তারেক রহমান
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ‘মসৃণ, টেকসই ও অপরিবর্তনীয় এলডিসি উত্তরণের জাতীয় রোডম্যাপ (২০২৬-২০২৯)’ প্রণয়ন করেছে।
এ রোডম্যাপে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্য ও বাজারে প্রবেশাধিকার, উৎপাদনশীলতা ও শিল্পায়ন, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা এবং সুশাসন ও অংশীদারিত্বসহ অর্থনৈতিক রূপান্তরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভ চিহ্নিত করা হয়েছে।
রোডম্যাপে ২১টি প্রধান কর্মক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ও সহযোগী সংস্থা এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ রয়েছে। পাশাপাশি বেসরকারি খাতের জন্য ১৫টি উচ্চপ্রভাবসম্পন্ন কর্মক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তির আধুনিকায়ন, পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত মানদণ্ড (ইএসজি), শ্রমিকদের অধিকার ও শ্রমমান নিশ্চিত করা, দক্ষতা উন্নয়ন, পণ্য ও বাজার বহুমুখীকরণ, পরিবেশবান্ধব বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি সহযোগিতা।
পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সরকার আগে প্রণীত মসৃণ উত্তরণ কৌশলও সংশোধন করছে।
আরও পড়ুন: লালমনিরহাট থেকে ঢাকার পথে রওনা : প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থমন্ত্রী বলেন, কার্যকর বাস্তবায়ন ও সমন্বয় নিশ্চিত করতে তার নেতৃত্বে জাতীয় উত্তরণ পরিবীক্ষণ ও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয়, প্রতিবন্ধকতা দূরীকরণ এবং নীতিগত দিকনির্দেশনা দেবে। কমিটির প্রতি মাসে অন্তত একটি সভা করার কথা রয়েছে। ইতোমধ্যে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবের নেতৃত্বে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে কাজ করছে।
উন্নয়ন অর্থায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশ সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ ধীরে ধীরে হারাবে এবং ঋণের ব্যয় বেড়ে যাবে।
এ পরিস্থিতি মোকাবিলায় উত্তরণ-পরবর্তী সময়ে উন্নয়ন অর্থায়ন অব্যাহত রাখতে সরকার দেশের সরকারি অর্থায়ন কাঠামো পুনর্গঠন করছে। এর লক্ষ্য অর্থায়নের উৎস বহুমুখীকরণ।
আরও পড়ুন: খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা প্রতিমন্ত্রী টুকুর
তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে সরকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশ বাজেট ঘাটতি নির্ধারণ করেছে। রাজস্ব আহরণ বাড়ানো এবং সতর্ক ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
সরকার মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল হালনাগাদ করছে এবং নিয়মিত ঋণের স্থায়িত্ব বিশ্লেষণ করছে, যাতে দেশের ঋণঝুঁকির অবস্থান মাঝারি থেকে নিম্ন পর্যায়ে নামিয়ে আনা যায়।
এ ছাড়া বাজেটের অর্থায়নে ব্যাংক খাত থেকে সরকারি ঋণ গ্রহণ ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এর পরিবর্তে অভ্যন্তরীণ রাজস্ব, সহজ শর্তে বৈদেশিক অর্থায়ন এবং বাজারভিত্তিক আর্থিক উপকরণের সমন্বয়ে অর্থায়নের ব্যবস্থা করা হবে।
অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক অর্থায়নের উৎস বহুমুখীকরণের লক্ষ্যে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ইস্যুর সম্ভাবনা পর্যালোচনা করছে সরকার। এ ক্ষেত্রে ডলার বন্ড, পান্ডা বন্ড ও সামুরাই বন্ড ইস্যুর বিষয়টি বিবেচনায় রয়েছে।
আরও পড়ুন: জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা
ব্যাংকঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে দীর্ঘমেয়াদি অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পুঁজিবাজারকে গড়ে তুলতে চায় সরকার।
এ লক্ষ্যে করপোরেট বন্ডের বাজার সম্প্রসারণ, স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে মিউনিসিপ্যাল বন্ড চালু এবং দীর্ঘমেয়াদি সরকারি ও বেসরকারি প্রকল্পে বন্ড, সুকুক ও অবকাঠামো তহবিলের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি পেনশন তহবিল, বীমা কোম্পানি, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার উৎসাহিত করছে।
তিনি আরও বলেন, সরাসরি ঋণের দায় সৃষ্টি না করে আন্তর্জাতিক ইকুইটি বিনিয়োগ আকৃষ্ট করতে হংকংয়ে বাংলাদেশভিত্তিক একটি ইকুইটি ফান্ড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
সুলতানা জেসমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জনমিতিক পরিবর্তন ও এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ওপর সরকার অধিক গুরুত্ব দিচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, আগের বছরগুলোর তুলনায় সরকার শিক্ষা খাতে উল্লেখযোগ্য পরিমাণ বেশি অর্থ বরাদ্দ করেছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের অঙ্গীকার করা হয়েছে। সরকার এ লক্ষ্যমাত্রা অর্জনের দিকে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
অর্থমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণ-পরবর্তী অর্থনৈতিক পরিবেশের উপযোগী জনশক্তি গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন