ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নীলফামারীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীতের অনুভূতি বৃদ্ধি


নীলফামারীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীতের অনুভূতি বৃদ্ধি

উত্তরের জনপদ নীলফামারীতে হেমন্তের প্রকৃতিতে শীতের আমেজ জেঁকে বসছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পেয়েছে। শীতের আগমনী বার্তার সঙ্গে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।

হিমালয়ের পাদদেশে অবস্থিত শীতপ্রবণ জেলা নীলফামারীতে প্রতি বছরই শীতের তীব্রতা বেশি থাকে। এবছরও হেমন্তের শুরু থেকেই প্রকৃতির রূপ ধীরে ধীরে বদলে যাচ্ছে। ভোরের ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু, মাঠজুড়ে সোনালি ধান এবং কুয়াশার চাদর শীতের আগমনী বার্তা দিচ্ছে। বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে।

শীতের আগমনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির দোকানগুলোতে ব্যস্ততা বেড়েছে। কোথাও কোথাও দোকানিরা পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন। খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে গাছিরাও ব্যস্ত হয়ে পড়েছেন। অন্যদিকে, হেমন্তের সোনালি মাঠে পাকা ধান কাটতে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। তবে আজকের বৃষ্টির কারণে জমিতে কেটে রাখা ধান ভিজে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন।

আরও পড়ুন: চৌদ্দগ্রামে আকভানের প্রভাবে ১৮ হাজার হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে এ অঞ্চলের গড় তাপমাত্রা ছিল ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে এসেছিল এক হাজার থেকে এক হাজার ৮০০ মিটারে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা লোকমান হাকিম জানিয়েছেন, রোববার (২২ নভেম্বর) পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হওয়ায় শীতের অনুভূতি বাড়তে পারে। মাসের শেষ দিকে এ অঞ্চলে শীতের প্রকোপ আরও বাড়তে শুরু করবে।

এদিকে, শীত ও বৃষ্টির কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা যাচ্ছে। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যার প্রকোপ দেখা দিচ্ছে। সকাল থেকে বৃষ্টির কারণে জনজীবনেও শীতের প্রভাব পড়েছে। প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।

আরও পড়ুন: শার্শায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান নুরুজ্জামান লিটনের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লতার পাঁচ শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


লতার পাঁচ শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

বরিশাল জেলার কাজিরহাট থানার অন্তর্গত ২নং লতা ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ মানবিক চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন সাবেক সহসভাপতি আজিমুল হাসান চৌধুরী আজিমের উদ্যোগ ও সার্বিক পরিচালনায় করা হয়, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য।

শুক্রবার (২০ নভেম্বর) ২নং লতা ইউনিয়নের উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পেইনে ঢাকা থেকে আগত পাঁচজন চিকিৎসক সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

এ সময় শিশু, নারী, বয়স্ক ব্যক্তিসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

দুর্গম ও প্রত্যন্ত জনপদের মানুষের জন্য বাড়ির কাছেই বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার এ সুযোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে চিকিৎসাসেবা গ্রহণ করতে দূরে যাতায়াতের ভোগান্তি এড়িয়ে নিজ এলাকায় চিকিৎসকের পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন অনেকে।

ক্যাম্পেইনের আয়োজক আজিমুল হাসান চৌধুরী আজিম জানান, "মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো চিকিৎসাসেবা। অথচ প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ থেকে বঞ্চিত হন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য থেকেই তার এ উদ্যোগ।"

তিনি জানান, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে ভবিষ্যতে লতা ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট, উন্নত, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান।

তিনি আরও জানান, "প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশনা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অনুপ্রেরণায় তিনি এলাকার মানুষের জন্য এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চান।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুঁচকির চোটে মুশফিকের দক্ষিণ আফ্রিকা সফর শেষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


কুঁচকির চোটে মুশফিকের দক্ষিণ আফ্রিকা সফর শেষ

টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে অনেক আগেই অবসর গ্রহণ করেছেন মুশফিকুর রহিম। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে শুধুমাত্র টেস্ট ফরম্যাটে তাকে দেখা যায়।

কিন্তু দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টেস্ট সিরিজের শেষ ম্যাচটি খেলার সুযোগ থেকে বঞ্চিত হলেন মুশফিক। কুঁচকির চোটের কারণে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে অংশগ্রহণ করতে পারছেন না এই অভিজ্ঞ ব্যাটার। এর ফলে তার দক্ষিণ আফ্রিকা সফরও শেষ হয়ে গেল।

আগামী সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নে সিরিজের শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানায়, প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। ম্যাচ শেষে এমআরআই করানোর পর তার চোটের বিষয়টি নিশ্চিত হয়।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, মুশফিকের দ্রুত বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন। তিনি বলেন, ‘প্রথম টেস্ট চলাকালে মুশফিক বাঁ কুঁচকির অংশে তীব্র ব্যথার কথা জানিয়েছিল। টেস্ট শেষে তার এমআরআই করানো হয়। পরীক্ষার ফলে শ্রোণিচক্রের (মানবদেহের উদর এবং ঊরুর মাঝে অবস্থিত অস্থিময় কাঠামো) হাড়ের আশপাশে কিছুটা প্রদাহ ও জ্বালাপোড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। চোটের কারণে সৃষ্ট চাপ সামাল দিতে এবং পরিস্থিতির আরো অবনতি ঠেকাতে তার অবিলম্বে বিশ্রাম ও নির্দিষ্ট পুনর্বাসনপ্রক্রিয়া প্রয়োজন। সে কারণে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না।’

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে ভালো করতে পারেননি মুশফিক। প্রথম ইনিংসে প্রথম বলেই ০ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করে ৬২ বলে করেন ২২ রান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহ সীমান্তে পুশইন ও চোরাচালান প্রতিরোধে ৫৮ বিজিবির অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


ঝিনাইদহ সীমান্তে পুশইন ও চোরাচালান প্রতিরোধে ৫৮ বিজিবির অভিযান

ঝিনাইদহের মহেশপুর এবং চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। গত আড়াই মাসের মধ্যে (১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর) পৃথক অভিযানের মাধ্যমে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে ১৭৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে, ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক, স্বর্ণ, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত আড়াই মাসে পরিচালিত বিশেষ অভিযানে বিজিবি ২টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা গুলি এবং ৫৭৫ দশমিক ০৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। এছাড়া জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১ হাজার ২৫২ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৫৭ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ, ৬ হাজার ৭৪৩ পিস ইয়াবা, ৪৯ কেজি ৭২ গ্রাম গাঁজা ও ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট। এসব ঘটনায় মহেশপুর ও জীবন নগর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, সীমান্ত দিয়ে পুশইন ও চোরাচালান প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযানের পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে সচেতন করতে মতবিনিময় সভাও অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে ভারী তুষারপাতে ১৫০০ মানুষ আটকা, ৭০০ পরিবার বিদ্যুৎহীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


জাপানে ভারী তুষারপাতে ১৫০০ মানুষ আটকা, ৭০০ পরিবার বিদ্যুৎহীন

জাপানের ফুকুশিমা প্রিফেকচারে ভারী তুষারপাতের কারণে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ। গাছ উপড়ে সড়কে পড়ে যাওয়ার ফলে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৭০০টি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

শনিবার (২১ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায় জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, ফুকুশিমা প্রিফেকচারের কিতাশিওবারা গ্রামের উরাবান্দাই এলাকায় আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ। তাঁদের মধ্যে প্রায় ৯০০ জন স্থানীয় বাসিন্দা রয়েছেন। বাকি ৫০০ জন ওই এলাকার বিভিন্ন হোটেল ও আবাসিক স্থাপনায় অবস্থান করছিলেন।

পাহাড়ি অঞ্চল হওয়ায় উরাবান্দাই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তবে ভারী তুষারপাতের কারণে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। উপড়ে পড়া গাছ সড়ক আটকে দেওয়ার পাশাপাশি বিদ্যুতের লাইনেও ক্ষয়ক্ষতি করেছে। এর ফলে উদ্ধার ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত সড়ক ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%