০৮:৩৭ পি.এম
লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসের চাপায় নিহত হয়েছেন সাকিব বেপারী (২১) নামে এক মোটরসাইকেল চালক। রবিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার পদ্মা বাজার এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
নিহত সাকিব রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের এনায়েতপুর এলাকার বক্স আলী ব্যাপারি বাড়ির আনিছুর রহমানের ছেলে। তিনি রামগঞ্জ উপজেলার সিটি প্লাজার লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউট নামক একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত আলিম পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তিনি রায়পুরের লামচর রায়পুর কারমতিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ছাত্র ছিলেন।
আরও পড়ুন: মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কর্মস্থল থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পদ্মা বাজার এলাকায় বাসের চাপায় সাকিব গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছিল। নিহতের পরিবারকে থানায় মামলা করতে বলেছি, কিন্তু তারা আসেননি। তারা মামলা করবেন না। পরে মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন