ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সৌদি আরবের রিয়াদে হুতিদের হামলা, আর্থিক কেন্দ্র ও বিমানবন্দরে ক্ষতি


সৌদি আরবের রিয়াদে হুতিদের হামলা, আর্থিক কেন্দ্র ও বিমানবন্দরে ক্ষতি

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্রে দফায় দফায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) হামলায় কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি বহুতল ভবনের কয়েকটি তলা এবং আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, রিয়াদের আর্থিক কেন্দ্র ছাড়াও সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় জুবাইলে সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলা চালানো হয়েছে। তিনি জানান, চারটি অভিযানে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার দাবি করেছেন।

ইয়াহিয়া সারি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী সৌদি আরবে চারটি সামরিক অভিযান চালিয়েছে। প্রথমটি ছিল সৌদি রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ইকোনমিক সিটির আর্থিক কেন্দ্রে। সেখানে দুবার আঘাত হানা হয়। এতে লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনের বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর সৌদি হামলা অব্যাহত থাকলে এসব স্থাপনায়ও হামলা চলবে।’

আরও পড়ুন: রাশিয়া ইউক্রেনকে ন্যাটোর মতো নিরাপত্তার নিশ্চয়তা দিতে রাজি হতে পারে: কুশনার

হুতিদের হামলার নিন্দা জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বভৌমত্ব, জাতীয় সম্পদ ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। রিয়াদ হুঁশিয়ারি দিয়েছে যে সৌদি ভূখণ্ডে যেকোনো আগ্রাসন সহ্য করা হবে না। হামলার নিন্দা জানায় কাতার, কুয়েত ও উপসাগরীয় সহযোগিতা সংস্থা-জিসিসি।

অন্যদিকে, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় দুই দিনে বেশ কয়েকজন নিহতের দাবি করেছে হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দাবি, বৃহস্পতিবার আল-নাহদা এলাকায় একটি জুতা ও বস্ত্র কারখানায় হামলা চালানো হয়েছে।

এদিকে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হুতিদের বিভিন্ন অবস্থানে বিমান হামলার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। সৌদি-সমর্থিত বাহিনীর দাবি, সাম্প্রতিক অভিযানে প্রায় দেড়শ হুতি যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন।

আরও পড়ুন: মার্কিন জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক শন ক্যার্নক্রস পদ ছাড়ছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার, বিরুদ্ধে সাতটি মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ এম


আ.লীগের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার, বিরুদ্ধে সাতটি মামলা

গোয়েন্দা সংস্থা এসআরবি-১ সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে। তিনি আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, আতাউল হক দোলনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনে অপরাধ, চুরি, মারধর, নাশকতা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ মোট সাতটি মামলা রয়েছে।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

একই থানায় ২০২৬ সালের ২ জুন করা অপর একটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ১৯ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদে অভিযোগ আনা হয়েছে।

এসআরবি সূত্র আরও জানায়, ২০২৫ সালের ৫ জুন শ্যামনগর থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।

এ ছাড়া ২০২৬ সালের ১৯ মার্চ একই থানায় করা মামলায় মারধর, হত্যাচেষ্টা, চুরি, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।

অন্যদিকে, ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়। এসব মামলায় ২০০৬ সালের ২৬ অক্টোবর আদালতে ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসায় ওভেন নেই? সাধারণ চুলাতেই বানান রেস্টুরেন্টের স্বাদের মজাদার তন্দুরি চিকেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ এম


বাসায় ওভেন নেই? সাধারণ চুলাতেই বানান রেস্টুরেন্টের স্বাদের মজাদার তন্দুরি চিকেন

তন্দুরি চিকেন খেতে ইচ্ছা হলে, কিন্তু বাসায় যদি ওভেন না থাকে, তাহলে মন খারাপের কিছু নেই। কারণ, তন্দুরি চিকেন প্রস্তুত করতে দামি ওভেন বা বিশেষ কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না। সাধারণ গ্যাসের চুলা এবং একটি ঢাকনাযুক্ত প্যান থাকলেই তৈরি করা সম্ভব রেস্টুরেন্টের মতো মজাদার তন্দুরি চিকেন। প্রয়োজন শুধু কয়েকটি সহজ কৌশল জানার।

যা যা লাগবে

মুরগির মাংস ৫০০ গ্রাম

টক দই আধা কাপ

আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে

লেবুর রস ১ টেবিল চামচ

মরিচের গুঁড়া ১ চা চামচ

হলুদ, জিরা ও ধনিয়ার গুঁড়া পরিমাণমতো

গরম মসলা আধা চা চামচ

সরিষার তেল ১ টেবিল চামচ

লবণ স্বাদমতো

মেরিনেশনেই আসল জাদু

প্রথমে মুরগির টুকরাগুলোতে ছুরি দিয়ে কয়েকটি গভীর দাগ কেটে নিতে হবে। এরপর একটি বাটিতে দই, আদা-রসুন বাটা, লেবুর রস, সব মসলা এবং তেল একসঙ্গে মিশিয়ে চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে দিতে হবে।

এটি অন্তত ৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। যদি হাতে সময় থাকে, তাহলে আগের রাতেই মেরিনেট করে রাখা ভালো। বিশ্বাস করুন, স্বাদের পার্থক্যটি খাওয়ার সময়ই বুঝতে পারবেন!

ওভেন ছাড়াই চুলায় রান্না

একটি ভারী তলাযুক্ত প্যানে সামান্য তেল ব্রাশ করে মেরিনেট করা চিকেন সাজিয়ে দিতে হবে। মাঝারি আঁচে দুই পাশ হালকা সেঁকে নিতে হবে। এরপর আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ১৫-২০ মিনিট রান্না করতে হবে। মাঝে একবার উল্টে দিতে হবে।

চিকেন সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে অতিরিক্ত পানি শুকিয়ে নিতে হবে। এরপর সামান্য মাখন বা তেল ব্রাশ করে মাঝারি আঁচে দুই পাশ ভালোভাবে সেঁকে নিতে হবে। এতে চিকেনের গায়ে আসবে সুন্দর লালচে পোড়া রং।

মাংসের ভেতরের তাপমাত্রা ১৬৫ক্কঋ বা ৭৪ক্কঈ হওয়া নিশ্চিত করতে হবে।

রেস্টুরেন্টের মতো স্মোকি ঘ্রাণ চাই?

তন্দুরি চিকেনের সেই ধোঁয়াটে ঘ্রাণ পেতে একটি ছোট কয়লার টুকরো ভালোভাবে গরম করে স্টিলের বাটিতে রাখতে হবে। বাটিটি চিকেনের প্যানে বসিয়ে কয়লার ওপর কয়েক ফোঁটা ঘি দিতে হবে। সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করে ২-৩ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর কয়লার বাটিটি সরিয়ে ফেলতে হবে।

ব্যস! এবার চিকেনের ঘ্রাণেই জিভে পানি চলে আসবে। তবে কয়লা ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে।

পরিবেশন করবেন যেভাবে

গরম তন্দুরি চিকেনের সঙ্গে পেঁয়াজের রিং, শসা, লেবু ও পুদিনার চাটনি পরিবেশন করতে হবে। নান রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গেও দারুণ মানিয়ে যাবে।

তাহলে আর রেস্টুরেন্টের জন্য অপেক্ষা কেন? ওভেন না থাকার কারণে তন্দুরি চিকেন খাওয়ার শখ বিসর্জন দেওয়ার কোনো মানে হয় না। বরং একদিন নিজেই বানিয়ে ফেলুন। পরিবারের সদস্যরা খেয়ে প্রশংসা করলে রান্নার আনন্দটা যে দ্বিগুণ হয়ে যাবে, তা বলাই বাহুল্য!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক শন ক্যার্নক্রস পদ ছাড়ছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ এম


মার্কিন জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক শন ক্যার্নক্রস পদ ছাড়ছেন

মার্কিন জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক শন ক্যার্নক্রস প্রশাসন থেকে বিদায় নিচ্ছেন। সাময়িকভাবে প্রতিরক্ষা বিভাগের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিসকে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। ক্যার্নক্রসের প্রশাসনের নীতিনির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে তাঁর বিদায়ের বিষয়টি উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল, ব্যাংকিং ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে বিঘ্ন ঘটার পর এই নেতৃত্ব পরিবর্তনের ঘটনা ঘটছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সাইবারস্কুপ জানিয়েছে, ক্যার্নক্রসের বিদায়ের সিদ্ধান্তের পেছনে তাঁর সাইবার নিরাপত্তা-সংক্রান্ত কারিগরি অভিজ্ঞতার ঘাটতি নিয়ে প্রশ্ন ছিল। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে দায়িত্ব থেকে সরানোর পক্ষে ছিলেন। কার্স্টেন ডেভিসকে ভারপ্রাপ্ত জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালকের দায়িত্ব দেওয়া হচ্ছে।

তবে ক্যার্নক্রসের বিদায়ের কারণ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য এসেছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যার্নক্রস আরও দুই বছর দায়িত্বে থাকতে চাননি। সিনেটে নতুন নিয়োগের অনুমোদন নিশ্চিত করার জন্য হোয়াইট হাউসকে সময় দিতে তিনি এখনই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। প্রতিবেদনে তাঁর বিদায়কে সৌহার্দ্যপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, রয়টার্স হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে জানিয়েছে, তাঁকে বরখাস্ত করা হয়েছে। ক্যার্নক্রস নিজে এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

ক্যার্নক্রস হোয়াইট হাউসের জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালকের কার্যালয়ের নেতৃত্ব দিচ্ছিলেন। এই কার্যালয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার সাইবার নিরাপত্তা নীতি ও কৌশলের মধ্যে সমন্বয় করে। ২০২৫ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষাসহ বিভিন্ন নীতিনির্ধারণী কাজে যুক্ত ছিলেন।

গত জুনে ট্রাম্প প্রশাসনের জারি করা একটি নির্বাহী আদেশ তৈরিতেও ভূমিকা রাখেন ক্যার্নক্রস। ওই আদেশে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাজারে ছাড়ার আগে নতুন এআই মডেলগুলো স্বেচ্ছায় সরকারি পরীক্ষার জন্য জমা দিতে বলা হয়েছিল। এ ছাড়া বড় এআই প্রতিষ্ঠানগুলোর সই করা একটি নিরাপত্তা অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণেও তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

সরকার ও বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার পক্ষে ছিলেন ক্যার্নক্রস। তিনি মনে করতেন, নিরাপত্তাব্যবস্থা এমন হওয়া উচিত নয়, যা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নকে অযথা বাধাগ্রস্ত করে। অন্যদিকে, আইনপ্রণেতা ও প্রযুক্তি খাতের কয়েকজন কর্মকর্তা এআই ব্যবহারে আরও কঠোর সরকারি নীতিমালার পক্ষে অবস্থান নিয়েছেন।

এআই নীতির বাইরেও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করেছে তাঁর কার্যালয়। টেক্সাসের পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে সাইবার নিরাপত্তা সহায়তা দিতে একটি কর্মসূচি চালু করা হয়। পাশাপাশি দক্ষিণ ক্যারোলাইনায় গ্রামীণ হাসপাতালগুলোর নেটওয়ার্ক সুরক্ষা জোরদারে ছয় মাসের একটি পরীক্ষামূলক প্রকল্প নেওয়া হয়।

এদিকে, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রে একাধিক প্রযুক্তিগত বিপর্যয় ঘটেছে। এর মধ্যে মাইক্রোসফটের সেবা, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা, ব্যাংকিং সেবা এবং জাতীয় নিরাপত্তা সংস্থার অভ্যন্তরীণ নেটওয়ার্কে বিঘ্নের ঘটনা রয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, এসব ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয় এবং সমন্বিত বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।

ক্যার্নক্রসের বিদায়ের পাশাপাশি সাইবার নিরাপত্তা খাতে প্রশাসনের আরও কয়েকটি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থার (সিআইএসএ) প্রধান পদে ট্রাম্পের মনোনীত প্রার্থী মাইকেল লোসাপিওর নিয়োগ নিয়েও সিনেটে শুনানি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর গরুর খামারে প্রযুক্তির প্রভাব, খরচ কমছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ এম


নওগাঁর গরুর খামারে প্রযুক্তির প্রভাব, খরচ কমছে

নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খামারি নুর এ আলমের খামার পরিচালনা করা হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে। একটি স্মার্টফোনের সাহায্যে পুরো খামারের পরিবেশের উপর নজর রাখা সম্ভব হচ্ছে। মোবাইল অ্যাপসের মাধ্যমে দূরে থেকেও খামারের প্রয়োজনীয় কারিগরি কর্মকান্ড সম্পন্ন করা যাচ্ছে।

বাহিরে থেকেও মোবাইল ফোনের মাধ্যমে খামারের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতার অবস্থা জানা যাচ্ছে। প্রয়োজন হলে দূর থেকে ফ্যান, ব্লোয়ার, লাইট ও স্প্রিংকলার চালু বা বন্ধ করা সম্ভব হচ্ছে। ইন্টারনেট অব থিংস বা আইওটি প্রযুক্তির ব্যবহারে খামার পরিচালনার প্রচলিত পদ্ধতি পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিটি স্থাপনের আগে খামারের দৈনন্দিন কার্যক্রম, গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিবেশ নিয়ন্ত্রণে মাসে খরচ হতো প্রায় দেড় লাখ টাকা। বর্তমানে একই খাতে ব্যয় হচ্ছে ১ লাখ ৩০ হাজার টাকা, অর্থাৎ মাসে সাশ্রয় হচ্ছে ২০ হাজার টাকা। বছরে এ সাশ্রয়ের পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকা।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী খামারে এই আইওটি প্রযুক্তি স্থাপন করেছে। এতে খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। এর মধ্যে মৌসুমী ও পিকেএসএফের আর্থিক সহায়তা ছিল ৫০ হাজার টাকা। বাকি ১০ হাজার টাকা খামারি নুর এ আলম দিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, স্বল্প বিনিয়োগে প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা খামার পরিচালনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।

জেলার রাণীনগর উপজেলা থেকে আসা খামারী আরিফ মাহমুদ জানান, আগে খামারের পরিবেশ ঠিক রাখতে সার্বক্ষণিক নজরদারি করতে হতো। কখন ফ্যান চালাতে হবে, কখন পানি ছিটাতে হবে কিংবা বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে-এসব বিষয়ে শ্রমিকদের নির্দেশনা দিতে হতো। এখন মোবাইল ফোনের মাধ্যমে খামার পরিচালনা করা সম্ভব হচ্ছে। ফলে সরাসরি উপস্থিত না থেকেও অনেক দূর থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। তাই তিনি জানতে পেরে খামারটি দেখতে এসেছেন।

তিনি আরো জানান, এই আইওটি প্রযুক্তির ব্যবহারে খামারের পরিচালন ব্যয়ে সাশ্রয় হচ্ছে। প্রযুক্তি স্থাপনের আগে খামারের মাসিক মোট ব্যয় ছিল দেড় লাখ টাকা, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। শ্রমিক খাতে মাসে ২০ হাজার টাকা সাশ্রয় হচ্ছে, যা একজন খামারীর জন্য বড় একটি সুখবর। তিনিও তার খামারে এই প্রযুক্তি ব্যবহার করবেন বলে জানান।

হাসিন-হাসিব ডেইরি ফার্মের ম্যানেজার ময়ফুল ইসলাম বলেন, মোবাইল ফোনের মাধ্যমে দূর থেকে ফ্যান, ব্লোয়ার, লাইট ও স্প্রিংকলার চালু ও বন্ধ করা যায়। এতে শ্রমিকের ওপর নির্ভরতা কমেছে এবং সময় ও পরিচালন ব্যয়ও সাশ্রয় হচ্ছে। গবাদিপশুর জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করাও সহজ হচ্ছে। তবে পরিচালন ব্যয় কমলেও বিদ্যুৎ বিল আগের মতোই রয়েছে। কারণ ফ্যান, ব্লোয়ার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার এখনো প্রয়োজন অনুযায়ী করতে হচ্ছে। পরিবেশের তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় যন্ত্র ব্যবহারে আরও দক্ষতা আনা গেলে ভবিষ্যতে ব্যয় ব্যবস্থাপনায় বাড়তি সুফল পাওয়া সম্ভব হবে।

মৌসুমীর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূর হোসেন বলেন, অনেক সময় গরুর খামারে তাপমাত্রার তারতম্য, অতিরিক্ত আর্দ্রতা ও পর্যাপ্ত বাতাস চলাচলের অভাবে নানা সমস্যা দেখা দেয়। বিশেষ করে গরমের সময় হিট স্ট্রেসের কারণে গরুর খাবার গ্রহণ ও স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। দুধ উৎপাদনেও এর প্রভাব পড়ে। এসব পরিস্থিতি সামাল দিতে খামারিদের নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ করতে হয়। কিন্তু শ্রমিক সংকট ও বাড়তি পরিচালন ব্যয়ের কারণে অনেক সময় তা কঠিন হয়ে পড়ে। খামারে স্থাপন করা আইওটি প্রযুক্তিতে তাপমাত্রা পরিমাপের জন্য রয়েছে বিশেষ সেন্সর। এসব সেন্সরের মাধ্যমে খামারের তাপমাত্রার তথ্য সংগ্রহ করা হয়। মোবাইল অ্যাপ বা মনিটরিং ড্যাশবোর্ডে দেখা যায় সেই তথ্য। তাপমাত্রা নির্দিষ্ট মাত্রার বেশি হলে মোবাইল ফোনের মাধ্যমে ফ্যান কিংবা স্প্রিংকলার চালু করা যায়। চাইলে স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায় ব্লোয়ার, লাইট ও এ•হাস্ট ফ্যান। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হয় এবং গবাদিপশুর পরিচর্যার মান উন্নত করা সম্ভব।

নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আইওটি প্রযুক্তির মাধ্যমে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরিকল্পিত ও বিজ্ঞানসম্মত ভাবে খামার পরিচালনা করা যায়। স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা খামারে এই প্রথম এমন প্রযুক্তি বাস্তবায়ন করছে। ভবিষ্যতে সরকারি-বেসরকারি উদ্যোগে মাঠপর্যায়ে এই ধরনের প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দেওয়া গেলে খামারীরা আরো অনেক উপকৃত হবেন। বিশেষ করে শ্রমিক সংকটের হাত থেকে অনেকটাই রেহাই পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%