০৫:৪৬ পি.এম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন যে, শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন একটি টার্নিং পয়েন্টে পৌঁছেছিল। তিনি উল্লেখ করেন, আবু সাঈদের সঙ্গে সারা দেশে প্রায় ১ হাজার ৪০০ তরুণ, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আত্মদান করেছেন। তাঁদের আত্মত্যাগের ফলস্বরূপ দীর্ঘ সময়ের স্বৈরশাসনের পতন ঘটেছে। রংপুরের সন্তান আবু সাঈদকে নিয়ে এ অঞ্চলের মানুষ গর্ববোধ করেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রবেশমুখে শহীদ আবু সাঈদ গেট নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ করতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে তাঁর নামে গেট নির্মাণের উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যতে এ পথে চলাচলকারী মানুষ গেটটি দেখে তাঁর আত্মত্যাগের কথা জানতে পারবেন। জুলাইয়ে আত্মদানকারীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে।
আরও পড়ুন: ভারতের চাপের কারণে দিল্লি সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
রংপুরের উন্নয়ন ও তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। রংপুরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণেও সরকার কাজ করছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। ২০২৭ সালে এ প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, রংপুর সিটি করপোরেশনের জন্য সরকার বড় ধরনের বরাদ্দ দিয়েছে। রংপুরে শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সরকার কোনো অঞ্চলকে বৈষম্যের মধ্যে রাখতে চায় না।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। সনদ বাস্তবায়নে সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, যেখানে বিরোধী পক্ষকেও রাখা হয়েছে। যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার। আর যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে।
মাদকবিরোধী সামাজিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, মাদকাসক্তি শুধু রংপুর নয়, গোটা বাংলাদেশের একটি সামাজিক সমস্যা। বিশেষ করে তরুণেরা এতে আক্রান্ত হচ্ছেন। এ সমস্যা মোকাবেলায় সামাজিক আন্দোলন গড়ে তোলা হচ্ছে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী লালমনিরহাটে এ আন্দোলনের কার্যক্রম দেখতে আসবেন বলে আশা করা হচ্ছে। পরবর্তী সময়ে এ উদ্যোগের মডেল সারা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা
মন্ত্রী বলেন, মাদক ও অন্যান্য অপরাধ মোকাবিলায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; এ জন্য সামাজিকভাবেও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন