০৬:০৪ পি.এম
যোগব্যায়াম প্রশিক্ষক (যোগা টিচার) হওয়ার প্রশিক্ষণের উদ্দেশ্যে গত সেপ্টেম্বরে জাপান থেকে ভারতের কেরালার ভারকালায় আসেন ৫৭ বছর বয়সী এক নারী। কিন্তু তাঁর শিক্ষাজীবনের অভিজ্ঞতা পরিণত হয় ভয়, হয়রানি এবং মানসিক যন্ত্রণার এক ভীতিকর দুঃস্বপ্নে।
অভিযোগ উঠেছে, ওই যোগব্যায়াম একাডেমির মালিক, যিনি অন্ধ্র প্রদেশের বাসিন্দা এবং ৩৯ বছর বয়সী, তাঁকে একাধিকবার যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে বুধবার ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৪(২)(এম) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারকালার ডিএসপি রমেশ কুমার পি ভি জানিয়েছেন, অভিযুক্তকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে (জেলহাজতে) পাঠানো হয়েছে এবং ঘটনার অধিকতর তদন্ত চলছে।
ভুক্তভোগী ওই জাপানি নারীর অভিযোগ অনুযায়ী, গত ২৮, ৩০ ও ৩১ অক্টোবর—মোট তিনবার তিনি যৌন নিপীড়নের শিকার হন। শুক্রবার টাইমস অব ইন্ডিয়াকে (টিওআই) তিনি জানান, “গত ২৮ অক্টোবর রাতের খাবারের পর একাডেমির মালিক আমাকে ম্যাসাজ দেওয়ার প্রস্তাব দেন। এরপর তিনি আমাকে যোগা হলে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন।”
আরও পড়ুন: রাশিয়ার নতুন ড্রোন ‘কেইউবি-১০এমই’ ইউক্রেনে আতঙ্ক সৃষ্টি করছে
তিনি আরও জানান, পরবর্তী দুটি ঘটনার মধ্যে একবার অভিযুক্ত ব্যক্তি তাঁর থাকার ঘরের দরজায় ক্রমাগত কড়া নেড়ে ভেতরে ঢুকে এবং অন্যবার নিজের কক্ষে ডেকে নিয়ে তাঁকে নিপীড়ন করেন। ওই নারী বলেন, “কোর্সের সনদ হারানো, প্রশিক্ষণের জন্য দেওয়া অর্থ এবং স্কুলের মাধ্যমে ব্যবস্থা করা আবাসন হারানোর ভয়ে আমি সে সময় তাঁর অনৈতিক আচরণের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে পারিনি।”
জানা গেছে, ওই নারী 'যোগা অ্যালায়েন্স' অনুমোদিত ৩০০ ঘণ্টার একটি যোগা টিচার ট্রেনিং (ওয়াইটিটি৩০০) কোর্সে ভর্তি হয়েছিলেন। তাঁর সঙ্গে আরও চারজন শিক্ষার্থী ওই কোর্সে অংশ নিয়েছিলেন।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি তাঁকে বারবার ফোন করতেন এবং তাঁর আবাসনে চলে আসতেন। ভারতে একা ভ্রমণরত একজন বিদেশি শিক্ষার্থী হওয়ায় সহায়তা ও থাকার জায়গা হারানোর ভয়ে তিনি আতঙ্কিত থাকতেন। তিনি বলেন, “যেদিন কোনো ক্লাস থাকত না, সেদিন নিজেকে অনিরাপদ মনে হওয়ায় আমি তিরুবনন্তপুরমের একটি শপিং মলে সারা দিন কাটিয়ে দিতাম।”
এই ভয়াবহ অভিজ্ঞতা তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলেছে বলে জানান তিনি। মনোযোগ ধরে রাখতে না পারা, হঠাৎ কান্নায় ভেঙে পড়া, মানসিক অস্থিরতা এবং তীব্র উদ্বেগে ভুগছেন তিনি। এ ছাড়া যৌনবাহিত রোগের (এসটিআই) পরীক্ষাসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবং পেশাদার মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নিচ্ছেন বলেও জানান।
আরও পড়ুন: জাপানে ভারী তুষারপাতে ১৫০০ মানুষ আটকা, ৭০০ পরিবার বিদ্যুৎহীন
পাশাপাশি তাঁর অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী তাঁর খাদ্যাভ্যাস উপযোগী খাবার সরবরাহ করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও একাডেমি কর্তৃপক্ষ তাঁকে প্রতিষ্ঠানটির পক্ষে ইতিবাচক রিভিউ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল।
ওই নারী বলেন, “আমি মনে করি সারা বিশ্বের মানুষের এই ঘটনাটি জানা উচিত। আমি আশা করি, এ নিয়ে কথা বলার মাধ্যমে আমি সচেতনতা তৈরি করতে পারব এবং অন্যদের সুরক্ষিত রাখতে পারব। যেসব বিদেশি শিক্ষার্থী ভারতে আসেন, তাঁরা বিশেষভাবে ঝুঁকির মধ্যে থাকেন; কারণ তাঁরা একা ভ্রমণ করেন, স্থানীয় আইন ও প্রক্রিয়া সম্পর্কে অপরিচিত থাকেন এবং আশপাশে তাঁদের পরিবার বা সহায়তার কোনো নেটওয়ার্ক থাকে না। এ ছাড়া ভাষার প্রতিবন্ধকতা তো আছেই; পাশাপাশি অসদাচরণের বিরুদ্ধে অভিযোগ করলে পড়াশোনা, সনদ, আবাসন বা আর্থিক বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে—এমন ভয়ও তাঁদের কাজ করে।”
এদিকে এই বিতর্কের পর কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই স্কুল কর্তৃপক্ষ ক্লাস স্থগিত করেছে এবং ওই নারীকে সেখানে থাকা বা চলে যাওয়ার বিকল্প প্রস্তাব দিয়েছে। সেই সঙ্গে তাঁকে কোর্সের সনদ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: বেইজিংয়ে সমাপ্ত হলো বিশ্ব চীনা ভাষা সম্মেলন-২০২৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন